রিসেট

শেষটাও ভালো হলো না

প্রকাশিত: ১২ নভেম্বর (রবিবার), ২০২৩ Archive 2022Source: ইশতিয়াক পারভেজ, পুনে (ভারত) থেকে

পুনে স্টেডিয়ামের  পেছনেই বিশাল এক পাথুরে ধূসর পাহাড়। তার উপরে আকাশ কালো করে জমে আছে মেঘ। সেখানেই সূর্য তেজ হারিয়ে কমলা রঙ ধারণ করে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। তখন অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ২৩ রান তাও ৪৮ বল ও ৮ উইকেট হাতে রেখে। অবশেষে তারা ৩২ বল বাকি থাকতেই পৌঁছে গেল বাংলাদেশের ছুড়ে দেয়া ৩০৭ রানের লক্ষ্য। গতকাল সন্ধ্যায় পুনের সেই আকাশ যেন বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার গল্পই বলছিল। হ্যাঁ, এমনই হতাশা ও হৃদয় ভাঙার গল্প নিয়ে আজই  দেশে ফিরছে টাইগাররা। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয়েছে ভারতে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ মিশন। দলীয় কোন্দল, বিতর্ক, আলোচনা-সমালোচনা নিয়ে বিশ্বকাপের শেষ মোড়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ। গতকাল অজিদের বিপক্ষে ম্যাচে টসে হেরে ৮ উইকেট ৩০৬ রান করে কিছুটা হলেও দিয়েছে স্বস্তি উপহার। 

যদিও শেষ পর্যন্ত জিততে পারেনি। হেরে গেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। তবে ২০২৫ এর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রেখেছে তারা। ব্যাট হাতে ৩শ’র বেশি রান করেছে আর অজিদের আটকে রেখেছে ৪৪.৪ ওভার পর্যন্ত। যদি এই রান তারা ২৩ ওভারে করে ফেলতো তাহলে হয়তো শেষ সান্ত¡নাটুকু খুঁজে পাওয়ার সুযোগ হারাতো বাংলাদেশ। অবশ্য এখনো নিক্তির সুতায় ঝুলে আছে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ভাগ্য। তাকিয়ে থাকতে হচ্ছে  নেদারল্যান্ডস-ভারত ম্যাচের দিকে। ভারত জিতলে শেষ পর্যন্ত সমীকরণ মিলে যাবে তবে বাংলাদেশ দলের ব্যর্থতার বিপক্ষে কোনো অজুহাত হতে পারে না। কারণটা স্পষ্ট, যে বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল খেলার স্বপ্ন দেখেছিল সেখানে এমন ব্যর্থতার কোনো জবাবও হতে পারে না। ৯ ম্যাচে মাত্র দুই জয়- যাকে বলা হচ্ছে স্মরণকালের সবচেয়ে বাজে পারফরম্যান্স। হয়তো সে কারণেই গতকাল রাতের আঁধারেই দেশের পথে ভারত ছাড়ে দল। ঠিক তখনই ভারতজুড়ে শুরু হয়ে গেছে দিওয়ালির আকাশ রঙিন করার উৎসব। 

আসরের প্রথম ম্যাচটা জিতেই শুরু করেছিল বাংলাদেশ। যতই সময় গড়িয়েছে ততই ব্যর্থতার অন্ধকারে ডুবেছে সেমির সেই আশা। টানা ৬ হারে প্রদীপের আলোটা হয় এসেছিল নিভু নিভু। সেখান থেকে শ্রীলঙ্কার বিপক্ষে একটা জয় কিছুটা আনন্দের পাশাপাশি ঢাল হয়েছে নিদারুণ ব্যর্থতার। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩০৬ রানের ইনিংসটাও সেই প্রদীপের হঠাৎ উত্তাপ বাড়িয়ে ধপ করে নিভে যাওয়ার মতোই। ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তা স্বীকার করে নিয়েছেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ‘আমরা সবাই জয়ের চিন্তা করেই শুরু করেছিলাম। প্রথম থেকেই খেলোয়াড়দের মধ্যে ওই মানসিকতা ছিল যে, এই খেলাটা আমরা জিতবো এবং যেভাবে আমরা শুরু করেছিলাম এখান থেকে জেতা উচিত ছিল। তবে ব্যাটিংয়ে দুইটা রানআউট, বোলিংয়ে মিডল ওভারে ভালো করতে পারিনি। দল হিসেবে আমরা পুরো ম্যাচে কিছু কিছু গুরুত্বপূর্ণ সময়ে ভালো করতে পারিনি।’ 
পুরো বিশ্বকাপজুড়ে বাংলাদেশ দলের হারের অন্যতম কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। যার জন্য দায়ী করা হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের ব্যাটিং অর্ডার নিয়ে ছেলেখেলার কারণকেই। অথচ শেষ দুই ম্যাচে পুরনো সেই ব্যাটিং অর্ডারে দল ফিরে আসে। শ্রীলঙ্কার বিপক্ষে ২৮২ রান করে জয় পায় আর শেষ ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩শ’ ছাড়ানো ইনিংস। তাই প্রশ্নটা আসতেই পারে ভরাডুবির কি এটাই অন্যতম কারণ? ইনিয়ে- বিনিয়ে হলেও শান্ত তা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, প্রথমেই বলতে চাই ব্যাটিং অর্ডার নিয়ে কোনো ব্যাটসম্যানের কোনো অভিযোগ ছিল না। যে যেখানে ব্যাটিং করেছে সবাই হ্যাপি ছিল। এর সঙ্গে বলতে চাই, আমরা যেভাবে এসেছিলাম (বিশ্বকাপে খেলতে), সেটা একই রকম থাকলে হয়তো আলাদা কিছু হলেও হতে পারতো। আমার কাছে মনে হয় না, ওটা করলে আমরা অনেক সফল হয়ে যেতাম, এটাও যেমন ঠিক না। আসলে এটা নিয়ে খুব বেশি কথা বলার মানেই হয় না।’ 

৩০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল অজিদের মনে হয়নি কঠিন কোনো লক্ষ্য। যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা বড় ইনিংস গড়তে পারতো সেখানে উইকেট বিলিয়ে, অহেতুক রানআউট হয়ে সম্ভাবনার আশায় দিয়েছেন গুড়েবালি। আর বোলাররা বড় পুঁজি পেয়েও অজিদের রুখে দিতে হয়েছেন ব্যর্থ। যদিও রান তাড়ায় অস্ট্রেলিয়াকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন তাসকিন আহমেদ। দলীয় ১২ রানের মাথায় ট্রাভিস হেডকে ১০ রানে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। তবে দ্বিতীয় উইকেটে মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার গড়েন সেঞ্চুরি জুটি। ১১৬ বলে গড়া তাদের ১২০ রানের জুটিটি অবশেষে ভাঙেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের বলে মিডঅনে নাজমুল শান্তর হাতে সহজ ক্যাচ তুলে দেন ওয়ার্নার। ৬১ বলে ৬ বাউন্ডারিতে অসি ওপেনার করেন ৫৩ রান। হ্যাঁ, এই পর্যন্তই। তৃতীয় উইকেটে ১৩৫ বলে ১৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছাড়েন মিচেল মার্শ আর স্টিভেন স্মিথ। ১৩২ বলে ১৭ চার আর ৯ ছক্কায় ১৭৭ রানে অপরাজিত থাকেন মার্শ। এটি তার ক্যারিয়ারসেরা ইনিংস। ৬৪ বলে অপরাজিত ৬৩ রান করেন স্টিভেন স্মিথ।