অস্ট্রেলিয়াকে হারালে কোনো বাধা ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ হবে বাংলাদেশের। আর না জিততে পারলেও সুযোগ শেষ হবে না। যদি অজিরা আগে ব্যাট করে ৩শ’র বেশি রান করে তবে বাংলাদেশকে ২২০ করলেই হবে। আবার যদি টাইগাররা আগে ব্যাট করে তাহলে ২শ’র বেশি রান করতে হবে। আর জবাব দিতে নামা অজিদের আটকে রাখতে হবে ২১ ওভার পর্যন্ত। ব্যাস এতেই নিশ্চিত হবে ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। শুরুটা পড়ে যে কেউ ভাবতে পারেন এ বুঝি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কোয়ালিফাইং রাউন্ড! না, ভারতে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সামনে এই একটি সান্ত্বনা নিয়ে শেষ করার সুযোগ। আসরে আফগানদের হারিয়ে দারুণ শুরু করেছিলো টাইগাররা। এরপর হেরেছে টানা ৬ ম্যাচ। এতেই শেষ হয়ে গেছে বিশ্বকাপে বাংলাদেশের জমিয়ে রাখা রঙিন স্বপ্ন। সেমিফাইনাল তো দূরে থাক একটা সময় মানসম্মান রক্ষা করাই কঠিন মনে করা হচ্ছিলো। অবশেষে ৮ম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। ততক্ষণে অবশ্য সব শেষ। এখন শুধু লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এই সব নিয়ে ভাবছেন না। তার সামনে আজ শুধু অস্ট্রেলিয়াকে হারানোর ভাবনা। তিনি বলেন, ‘আমাদের আসলে আগামীকালের (আজ) ম্যাচটি খেলতে হবে, এটাই মাথায় কাজ করছে। আমাদের আসলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে অস্ট্রেলিয়াকে হারাতে হলে। অবশ্যই শ্রীলঙ্কার সেই হারে কিছু প্রভাব পড়তে পারে, তবে নির্ভর করছে আমাদের নিজেদের ম্যাচের ওপর। এই মুহূর্তে আমি মনে করি এই ম্যাচটি নিয়ে ভাবা উচিত।’
পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে নিজেদের নবম এবং শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। ভারতের ওয়ানডে বিশ্বকাপে এ নিয়ে তৃতীয় ম্যাচ টাইগারদের খেলা হবে দিনের আলোতে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে শিশিরের সুবিধা নিয়ে খেলা বা তার উল্টোটা হওয়ার সুযোগ কম। এ নিয়ে হাথুরু বলেন, ‘দিনের আলোয় এর আগে আমরা দুটি ম্যাচ খেলেছি। আমরাই মনে হয় একমাত্র দল যারা তিনটি ম্যাচ দিনের আলোয় খেলতে যাচ্ছি। সকালে শুরু হওয়া ম্যাচের সঙ্গে রাতের ম্যাচের পার্থক্য আছে। এখানে শিশিরের বিষয়টি বড় হয়ে দেখা দেয় না। উইকেট সত্যি ভালো। আমরা এখানে আগেও একটা ম্যাচ খেলেছি। আউট ফিল্ডও অনেক ফাস্ট।’ তার মানে পুনের উইকেটের সুবিধা তুলে নিবে ব্যাটসম্যানরাই। এখানে সব শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ২৫৬ রান তুলেছিল টাইগাররা। সেই ম্যাচে ছিলেন না অধিনায়ক সাকিব। এই ম্যাচেও নেই। বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো নেতৃত্ব দিচ্ছেন সহ- অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের ওপর আস্থা থাকলেও সাকিবের অভাবটা যে কতো বড় তা বলতে ভুল করেননি কোচ। তিনি বলেন, ‘সাকিবের মতো ক্রিকেটারকে হারানো সত্যি বড় দুশ্চিন্তার। সে সেরা অলরাউন্ডার। একজনের মধ্যে দু’জনকে পাওয়া যায়। সাকিবের মতো ক্রিকেটারকে ছাড়া দলের কম্বিনেশন করা সত্যি কঠিন। দীর্ঘদিন ধরেই আমাদের সেরা পারফর্মার। আমরা অবশ্যই তার স্পিন বোলিংটা মিস করবো। একই সঙ্গে তার ব্যাটিং ও তার নেতৃত্বও আমরা মিস করবো। সুতরাং আসলেই কাজটা কঠিন।’
অন্যদিকে মুশফিক ও মাহমুদউল্লাহ বিশ্বকাপে তাদের শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন, সাকিবও খেলে ফেলেছেন। তারা একেকজন পাঁচ-ছয়টা করে বিশ্বকাপ খেলেছে। তাদের জার্নিটা অসাধারণ মনে করেন হাথুরু। তিনি বলেন, ‘অবশ্যই তাদের জার্নিটা ছিল অসাধারণ। যে ধরনের ক্রিকেট তারা বিশ্বকাপে খেলেছে, সেগুলোকে অবশ্যই আলাদা করে রাখতে হবে। তারা তাদের শেষ বিশ্বকাপ খেলছে কিনা যদিও আমি জানি না, কারণ তারা এখনো যথেষ্ট ফিট আছেন, এখনো পারফর্ম করছেন। এটা তাদের ব্যক্তিগত (অবসর) সিদ্ধান্ত। এ নিয়ে আমার কোনো কথা বলা ঠিক হবে না।’
অন্যদিকে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে নিয়ে খুব বেশি কথা বলার প্রয়োজন নেই। তাইতো ম্যাচের আগে দুই দলের মধ্যে নিজেদের পার্থক্যটা পরিষ্কার জানিয়ে দিলেন হাথুরু। তিনি বলেন, ‘বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ার সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। তারা খুবই শক্তিশালী দল। তারা দারুণ পেশাদারি সবকিছুর ব্যাপারে। তারা ধীরে শুরু করলেও এর মধ্যেই সেমিফাইনালে নাম লিখিয়েছে।’ সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের দারুণ ইনিংসের সুবাদে ৩ উইকেটের দুর্দান্ত জয়ে সেমির টিকিট পায় অজিরা। ২৯২ রান তাড়া করতে নেমে ৯১ রানে ৭ উইকেট হারিয়েছিল। এরপর এক পায়ের ইনজুরি সত্ত্বেও ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ১২৮ বলে ২০১ রানের অসাধারণ ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। যদিও তার আজ না খেলার সম্ভাবনা রয়েছে। সেমি নিশ্চিত হওয়াতে দলের সেরা ক্রিকেটারদের হয়তো বিশ্রামেই রাখা হতে পারে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব বেশি ভালো নয়। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে ২১ ম্যাচে ১৯ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সেখানে বাংলাদেশ জিতেছে একবার। আর ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। এ ছাড়াও বিশ্বকাপে চারবারের দেখায় টাইগারদের বিপক্ষে তিনবার জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২০১৫ সালের বিশ্বকাপে পরিত্যক্ত হওয়া ম্যাচটি বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলো। ওই বিশ্বকাপের ফলাফল এখনো বাংলাদেশের জন্য সেরা আসর হয়ে আছে।
