সিলেট-২ আসন। এ আসনে এক সময় মুখোমুখি ছিলেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। মূলত: নৌকার মনোনয়ন নিয়ে একবছর আগেও তারা ছিলেন একে অপরের তীব্র প্রতিদ্বন্দ্বী। এমনকি দু’জনের বলয় ছিল আলাদা। নানা ঘটনার ঘনঘটা ছিল তখন। কেউ কাউকে ছাড় দিচ্ছিলেন না। এতে কিছুটা হতাশ ছিলেন শফিকুর রহমান চৌধুরী। আনোয়ারকে নিয়ে তার ভয়ও ছিল। এই দ্বন্দ্বের কারণে সিলেটের গুরুত্বপূর্ণ এ আসনটির পরপর দু’বার শরিক দলের ঘরেই যায় মনোনয়ন। এর মধ্যে ২০১৪ সালে এ আসনে মনোনয়ন পেয়ে এমপি হন জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া। ২০১৮ সালে ফের এহিয়া মনোনয়ন পেলেও ঐক্যফ্রন্টের মোকাব্বির খানের কাছে পরাজিত হন। সিলেট-২ আসনে বর্তমান সরকারের দু’টার্মের নির্বাচনে নৌকা কিংবা ধানের শীষ প্রতীক নিয়ে কেউ নির্বাচনে দাঁড়াননি। ফলে এ দুটি মার্কা নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আফসোস। গত বছরের মাঝামাঝি সময়ে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার ডাক পান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপর বদলে যায় দৃশ্যপট। তিনি মেয়র পদে প্রার্থী হয়ে জয়লাভ করেন। হাফ ছেড়ে বাঁচলেন শফিকুর রহমান চৌধুরী। শুধু স্বস্তি নয়, নগরে আনোয়ারকে জয়ী করতে মুখ্য ভূমিকা পালন করেন তিনি। এতে করে আনোয়ারের সঙ্গে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটির সমাপ্তি ঘটে। সিলেটের আওয়ামী রাজনীতিতে এখন আনোয়ার ও শফিক এক মেরুর বাসিন্দা।
এমনকি দু’জনের মধ্যে বোঝাপড়াও চমৎকার। এখন একে অপরের সহযোগী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শফিকুর রহমান চৌধুরীর গলার কাটা শরিক দল জাতীয় পার্টি। আসন ভাগাভাগিতে ভবিষ্যৎ নিয়ে নানা সংশয় শফিকুর রহমান চৌধুরীর মনে। তবে, তার পক্ষে এবার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। জেলা ও মহানগর আওয়ামী লীগের বেশির ভাগ নেতা তাকে এবার এমপি চাইছেন। সঙ্গে আছেন সিলেট-৫ আসনের সম্ভাব্য প্রার্থী নগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদও। ব্যালটে নৌকার প্রার্থী ফেরাতে এবার ওই এলাকার সাধারণ মানুষ আওয়ামী লীগ থেকে দলীয় প্রার্থীর দাবি তুলেছে। ইতিমধ্যে এ নিয়ে সভা করে দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদও। গত বৃহস্পতিবার রাতে সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে বিশ্বনাথ ও ওসমানীনগরবাসী সভা করেছে। সভায় দুই উপজেলার কয়েকশ’ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও। বক্তৃতাকালে তিনি শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে দীর্ঘদিনের প্রতিযোগিতার বিষয়টি তোলেন।
এখন সেই প্রতিযোগিতার বদলে আন্তরিকতার সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। মেয়র আনোয়ার বলেন, সিলেট-২ আসনে নৌকার মনোনয়ন নিয়ে শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে আমার প্রতিযোগিতা ছিল। সেটি থাকাটাই স্বাভাবিক। আমি যেহেতু সিলেটের মেয়র হয়েছি ফলে এ আসনে শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে আমার সেই প্রতিযোগিতা কিংবা দূরত্ব নেই। এখন আমরা সবাই ঐক্যবদ্ধ। তিনি বলেন, শফিকুর রহমান চৌধুরী নির্বাচিত এমপি হয়েও দলের স্বার্থে বিগত দুই টার্ম শরিক দলকে ছাড় দিয়েছেন। জীবনের শেষ বয়সে এখন তার প্রাপ্তির পালা। এ ছাড়া দুই টার্ম নৌকার প্রার্থী না থাকায় নেতাকর্মী এবং সাধারণ মানুষও হতাশ। সুতরাং আওয়ামী লীগসহ সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে দাবি তুললে অবশ্যই প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় নিতে পারেন। আমরা সে ব্যাপারে উদ্যোগ নেবো। শফিক চৌধুরীকে এ আসনে মনোনয়ন দিলে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তার পক্ষে মাঠে থাকবে বলে জানান তিনি। এদিকে, শফিকুর রহমান চৌধুরী সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
বলেছেন, সত্যিকার অর্থে সিলেট-২ আসনটি উন্নয়নে পিছিয়ে যাচ্ছে। জনগণ এতে বঞ্চিত হচ্ছে। আশা করি এবার এ আসনের জনগণের প্রতি প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর সুনজর থাকবে। মতবিনিময় সভা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর সমর্থনে মতবিনিময় করেছেন সিলেটস্থ বিশ্বনাথ ও ওসমানীনগরবাসী। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, শফিকুর রহমান চৌধুরী আপাদমস্তক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে অন্তঃপ্রাণ। প্রধানমন্ত্রী তাকে অত্যন্ত স্নেহ করেন। বঙ্গবন্ধুকন্যার আস্থার প্রতিদান দিয়ে তিনি সিলেট-২ আসন পুনরুদ্ধার করেছিলেন।
পরবর্তীতে তিনি এই আসনে বিপুল উন্নয়ন কর্মযজ্ঞ করেন। গেল দুইবার তিনি নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না পেলেও কখনো এই আসনের জনগণকে ভুলে যাননি। সুখে-দুঃখে সবসময় বিশ্বনাথ ও ওসমানীনগরবাসীর পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি একেএম সামিউল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট শাহ মশাহিদ আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী পিপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাছ উদ্দিন, লন্ডন আওয়ামী লীগের সহ-সভাপতি আনহার মিয়া।
