২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় একাধিক ভবিষ্যৎ তারকার। যাদের মধ্যে ছিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহীমও। বাচ্চা আর মিষ্টি চেহারার সেই মুশফিকের বিশ্বকাপ ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর মধ্যে কেটে গেছে ১৬ বছর ৭ মাস। এই সময়ের মধ্যে মুশফিক নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটারদের একজন হিসেবে। মুশফিকের বিশ্বকাপ অভিষেক ম্যাচে ভারতকে হারিয়ে শোরগোল ফেলে দেয় বাংলাদেশ। ওই ম্যাচে মুশফিকের ব্যাট থেকে আসে অপরাজিত ৫৬ রানের দুর্দান্ত ইনিংস। ওই ম্যাচে জয়সূচক শটটাও আসে তার ব্যাট থেকে। সবমিলিয়ে ওই আসরে মুশফিকের ব্যাট থেকে আসে ৯ ম্যাচে ১৩১ রান। পরের বিশ্বকাপ ঘরের মাঠে, মুশফিক ততদিনে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন। যদিও ঘরের মাঠে আসরটা ব্যাট হাতে খুব একটা ভালো কাটেনি তার। উদ্বোধনি ম্যাচে ভারতের বিপক্ষে মুশির ব্যাট থেকে আসে ২৫ রান। সবমিলিয়ে ৬ ম্যাচে মুশফিক করেন ৮১ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ৩৬ রান ওই আসরে তার সর্বোচ্চ রানের ইনিংস।
৪ বছরের ব্যবধানে মুশফিক দলের অন্যতম সেরা ব্যাটার। মিডল অর্ডারে হয়ে উঠেছেন ভরসার প্রতীক। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিনি খেলেন ৫৬ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংস। যেখানে ছিল ৬ চার ও ১ ছক্কা। এই ইনিংস খেলার পথে সাকিব আল হাসানের সঙ্গে মুশি গড়েন ১১৪ রানের জুটি। ওই আসরে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ। যেখানে মুশফিকেরও অনবদ্য ভূমিকা ছিলা। সবমিলিয়ে সেই আসরে ৭ ম্যাচে মুশফিকের ব্যাট থেকে আসে ২ ফিফটিতে ২৯৮ রান। ২০১৯ বিশ্বকাপটা মুশফিকের জন্য সবসময়ই বিশেষ হয়ে থাকবে। এই আসরেই তিনি প্রথম বিশ্বকাপ সেঞ্চুরির দেখা পান। সেবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। সেই ম্যাচে সাকিবের সঙ্গে ১৪২ রানে জুটি গড়েন মুশি। আর ব্যাট হাতে তিনি খেলেন ৮ চারে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস।
সবমিলিয়ে ২ ফিফটি ও ১ সেঞ্চুরিতে মুশফিক করেন ৩৬৭ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ব্যাট থেকে আসে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরি। চলতি বিশ্বকাপটা বাংলাদেশের জন্য খুব একটা ভালো কাটেনি। ৮ ম্যাচে জয় মাত্র দুটি। ব্যাটার হিসেবেও মুশফিক চেনা ছন্দে ছিলেন না। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তার ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি। সবমিলিয়ে এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে ৮ ম্যাচে দুই ফিফটিতে মুশফিকের সংগ্রহ ১৮১ রান। সবমিলিয়ে ৫ বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৯ ম্যাচে ২৮.৫৯ গড়ে মুশফিকের রহিমের ব্যাট থেকে এসেছে ১০৫৮ রান। যেখানে সেঞ্চুরি ১টি ও ফিফটি রয়েছে ৭টি। এছাড়া উইকেটের পিছনে ডিসমিসাল করেছেন ৩৩টি। যেখানে ২৫টি আর স্টাম্পিং ৮টি। বাংলাদেশের মধ্যে ওয়ানডে বিশ্বকাপে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আর সবমিলিয়ে ২১তম।
এখন পর্যন্ত মুশফিক বাংলাদেশের জার্সিতে ওয়ানডে খেলেছেন ২৬৪টি। এর মধ্যে ২৪৭ ইনিংস ব্যাটিং করে রান করেছেন ৭৫৮৭। ৪৮ টি ফিফটির সঙ্গে রয়েছে ৯টি সেঞ্চুরি। আন্তর্জাতিক ওয়ানডেতে ১৪৪* তার সর্বোচ্চ রানের ইনিংস।
যদিও আগামীকালই বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবেন, এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে সাম্প্রতিক পরিস্থিতি, বয়স বিবেচনায় এমনটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এদিকে টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে গতকাল সংবাদ সম্মেলনে বলেন, তিনি জানেন না এটাই মুশির শেষ বিশ্বকাপ কিনা। তবে মুশি এখনও ফিট ও দারুন খেলছে বলে মনে হয় তার।
