রিসেট

আরো এক বছর থাকতে চেয়েছিলেন ডোনাল্ড কিন্তু...

প্রকাশিত: ১১ নভেম্বর (শনিবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে আরো এক বছর থাকতে চেয়েছিলেন অ্যালান ডোনাল্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এক বছরের নতুন চুক্তি করতে রাজি ছিলেন এই প্রোটিয়া পেস বোলিং কোচ। তবে পরিবারের কথা ভেবে সেই চিন্তা বাদ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এ সাবেক পেস তারকা। পরিবারকে আরও সময় দিতে বিশ্বকাপের পরপরই বাংলাদেশ দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ম্যাচ শেষে ভারত থেকেই তিনি নিজ দেশে ফিরে যাবেন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অ্যালান ডোনাল্ড। তিনি এমন সময়ে এই সিদ্ধান্ত জানালেন যখন সাকিব আল হাসান কর্তৃক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ নিয়ে এক সংবাদমাধ্যমকে দেয়া সমালোচনামূলক সাক্ষাৎকারের কারণে তার কাছে কৈফিয়ত চাইলো বিসিবি। আ্যালান ডোনাল্ড বলেন, বিশ্বকাপ চলাকালে প্রথম ব্যক্তি হিসেবে আমিই মৌখিকভাবে চুক্তি গ্রহণ করেছিলাম। চুক্তিপত্রে স্বাক্ষর সম্পন্ন না হলেও আমি ঢাকায় ফিরে এক বছরের  বাড়তি  চুক্তি করতে প্রস্তুত ছিলাম। আমি এ জন্য রোমাঞ্চিত ছিলাম এবং ভাবছিলাম কিভাবে পেস-বোলিং দলটাকে এগিয়ে নিতে পারি।

‘বিশ্বকাপে এটা নিয়ে চিন্তা করার জন্য আমার কাছে সময় ছিল। আমার তাৎক্ষণিক চিন্তা ছিল যে ১২ মাস দীর্ঘ সময়ই। খুব ব্যস্ত সূচি। আমি আমার পরিবার নিয়ে ভাবতে শুরু করি। আমার দুই বছর বয়সী নাতি আছে যাকে আমি খুব মিস করি। এ দফায় টানা ৮২ পরিবার থেকে দূরে আছি । আমার মনে হয় এটি আমার কাছে একটা বড় বিষয়।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেন অ্যালান ডোনাল্ড। তার পরিচর্যায় তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, ইবাদত হোসেনরা আরো ক্ষুরধার হয়ে ওঠেন। নজর কাড়েন উঠতি তারকা তানজিম হাসান সাকিবের মতো পেসাররা। যদিও এবারের বিশ্বকাপে বাংলাদেশের পেস বিভাগকে তেমন জ্বলে উঠতে দেখা যায়নি। 
ডোনাল্ড বলেন, ‘এই ফাস্ট বোলিং গ্রুপটি জনপ্রিয় হয়ে উঠেছে তাতে আমি অভিভূত। আমি বাংলাদেশের মঙ্গল কামনা করছি। আমি আগামী মাসগুলোতে তাদের অগ্রগতি অনুসরণ করব, দেখেন তারা কেমন ভালো করে। আমি এই ফাস্ট বোলিং গ্রুপের ভালো বন্ধু হয়েছি, এবং শুধু তরুণদেরই নয়, যারা ছিটকে গেছে তাদেরও। তারা যেভাবে উন্নতি করছে, সব ফরম্যাটে এমন মানসিকতা দেখাচ্ছে, তাতে আমি সত্যিই আশ্চর্য হয়েছি।’

বাংলাদেশে কীভাবে কাজ করেছেন, তার কাজের ধরনটা কেমন ছিল, সেটি নিয়ে ডোনাল্ড বলেন, ‘আমি পুরো কাজটিই সহজ-সরল উপায়ে করেছি। কখনো একসঙ্গে আড্ডা মেরেছি, একসঙ্গে কফি খেয়েছি, লাঞ্চ করেছি। পেসাররা মানসিকভাবে কতটা এগোচ্ছে, সেটি দেখাটাই গুরুত্বপূর্ণ ছিল।’

ডোনাল্ড বলেন, ‘আমি যখন তাদের সঙ্গে ২০২২ সালে প্রিটোরিয়াতে প্রথম কথা বলি, তখনই আমার মনে হয়েছে, তারা সবাই খুবই প্রতিভাবান। তাদের শুধু একটু যত্ন, দিকনির্দেশনা ও ধৈর্য প্রয়োজন। টেস্ট ক্রিকেটের জন্য পেসারদের মধ্যে ফিটনেস ও অন্যান্য বিষয়ে ব্যবস্থাপনা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করে দেওয়াটাই আমার কাজের মূল অগ্রগতি বলে আমি মনে করি।’

বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করার জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করেছিলেন, সেটি (ডিলিট) মুছে ফেলতে চান না ডোনাল্ড। খেলোয়াড়ি ক্যারিয়ারে ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত ফাস্ট বোলার বলেন,  ‘আমি কালই ওদের বলেছি, আমি এর আগে বহু হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম। পেশাদার জীবনে যে মুহূর্তে কেউ কোনো কাজ ছাড়ে, সেটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সে নিজেকে সরিয়ে নেয়। আমি ওদের বলেছি, আমি বাংলাদেশের পেসারদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফোন থেকে ডিলিট করবো না। আমরা গ্রুপে একসঙ্গে আড্ডা মারতে পারি ভবিষ্যতে। খেলোয়াড়েরা যখনই চাইবে, তখনই আমাকে বার্তা পাঠাতে পারে। আমি হোয়াটসঅ্যাপে ওদের সঙ্গে যেকোনো বিষয় কিংবা ক্রিকেট নিয়ে আড্ডা চালিয়ে যাবো।’

ডোনাল্ড বলেন ‘আমি সত্যিই তাদের জন্য গর্বিত। এখন থেকে যারাই তাদের যত্ন নেবে, আমি শুধু জানি যে আমি তাদের কাজ করার জন্য একটি ভালো প্ল্যাটফর্ম, একটি ভালো জায়গায় রেখেছি। এখন আমার বাড়িতে ফিরে বাবা, স্বামী এবং দাদা হওয়ার সময়।’