রিসেট

তবুও অধিনায়কত্ব চালিয়ে যেতে চান বাটলার

প্রকাশিত: ৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

২০১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০২৩ আসর শুরুর আগেও ইংলিশদের শিরোপা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বেশ। তবে ওয়ার্ল্ডকাপ শুরুর পর দেখা গেলো ভিন্ন দৃশ্যপট। রাউন্ড রবিন লীগ থেকেই বিদায় নিলো থ্রি লায়নরা। দলের দুর্দশায় নেতৃত্ব হারানোর শঙ্কায় রয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে এই উইকেটরক্ষক-ব্যাটার নেতৃত্ব চালিয়ে যেতে চান।

নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ছন্দে ফেরার আভাস দেয় ইংলিশরা। তবে এরপর টানা পাঁচ হারে বিশ্বকাপ শেষ হয় ইংল্যান্ডের। নিজেদের অষ্টম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করার লড়াইয়ে রয়েছে দলটি। ডাচ্দের হারিয়ে নিজের অধিনায়কত্ব নিয়ে কথা বলেন জস বাটলার। তিনি বলেন, ‘আমি (ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও) অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই। আমি জানি রব কি (ইংল্যান্ড পুরুষ দলের পরিচালক) আজ (বুধবার) ভারতে পৌঁছেছেন। তার সঙ্গে পরবর্তী পরিকল্পনা নিয়ে আমরা কথা বলব। আর অবশ্যই আমি অধিনায়কত্ব করতে চাই।’ ভারত বিশ্বকাপ শেষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা।

দলের মতো অনুজ্জ্বল জস বাটলারের ব্যক্তিগত পারফরম্যান্স। বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে মাত্র ১১১ রান করতে সক্ষম হয়েছেন তিনি। পাঁচ ম্যাচে পেরোতে পারেননি দশের কোঠা। নিজের পারফরম্যান্স নিয়ে হতাশার কথা জানিয়ে বাটলার বলেন, ‘আপনি দলকে নেতৃত্ব দিতে চান, অথচ নিজের পারফরম্যান্স ভালো না, এটা গ্রহণযোগ্য নয়। আশা করি, শিগগিরই ছন্দে ফিরব আমি।’