রিসেট

পদার্থবিদের ছেলে শহীদি ক্রিকেটার হলেন যেভাবে

প্রকাশিত: ৩ নভেম্বর (শুক্রবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

বাবা হাশিম শহীদি ছিলেন পদার্থবিদ। ফিজিক্সের অধ্যাপক হওয়ায় নিজের ছেলে হাশমতউল্লাহ শহীদিকেও বিজ্ঞানমুখী পড়াশোনা করতে তাগিদ দিতেন তিনি। বাবার মন রক্ষা করতে শহীদি বসেছিলেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও। তবে পড়াশোনা টানেনি তাকে। হয়ে যান ক্রিকেটার, যার নেতৃত্বেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আলো ছড়াচ্ছে আফগানিস্তান। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে হাশমতউল্লাহ শহীদি জানিয়েছেন নিজের ক্রিকেটার বনে যাওয়ার গল্প।   শহীদির জন্ম আফগানিস্তানের লোগার প্রদেশে। রাজধানী কাবুল থেকে লোগারের দূরত্ব ৮৭ কিলোমিটার। আফগান অধিনায়ক বলেন, ‘আমি শিক্ষিত পরিবারে জন্মেছি। (আফগানিস্তানের পাঠ্যক্রমে) নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পদার্থবিজ্ঞানের সব পাঠ্যপুস্তক আমার বাবা লিখেছেন। বিজ্ঞান বিষয়ে তার লেখা বইয়ের সংখ্যা ৪৪টি। তিনি চেয়েছিলেন আমি যেন পড়াশোনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আর ক্রিকেট খেলি শখের বশে। কিন্তু আমি পড়াশোনায় কখনোই ভালো ছিলাম না। পদার্থবিজ্ঞান নিয়েও কোনো আগ্রহ ছিল না।’ শহীদি বলেন, ‘বাবা চেয়েছিলেন আমার পূর্ণ মনোযোগ যেন শুধু লেখাপড়াতেই থাকে।

 আমিও বলেছিলাম ঠিক আছে। তাকে খুশি রাখতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও বসেছিলাম। কিন্তু আমার নেশা ছিল ক্রিকেট। যখন আমি অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেলাম, সবে স্কুলজীবন শেষ করেছি। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না।’ ২০১৮ সালে হাশমতউল্লাহ শহীদির বাবা হাশিম শহীদি মৃত্যুবরণ করেন। ছেলেকে প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে দেখে যেতে পারেননি তিনি। শহীদি বলেন ‘মনে আছে, দিনের খেলা শেষে আমি ১২০ রানে অপরাজিত ছিলাম। সঙ্গে সঙ্গে আমি বাবাকে ফোন করলাম। বললাম, আমার জন্য দোয়া করতে যাতে (পরের দিন) ডাবল সেঞ্চুরি করতে পারি। সেদিন আমাদের বাড়িতে ক’জন মেহমান এসেছিলেন। বাবা ফোন ধরেই বললেন, ‘‘আমি ব্যস্ত আছি। কাল ডাবল সেঞ্চুরি মারো। তারপর কথা হবে।’’ এরপরই বাবা ফোন কেটে দিলেন। তার সঙ্গে ওটাই ছিল আমার শেষ কথা। এরপর বাবা ঘুমিয়ে পড়লেন। আর কখনো জাগেননি। আমি তখন বাড়ি থেকে ছয় ঘণ্টার দূরত্বে ছিলাম।’ ২০২১ সালে মৃত্যু হয় হাশমতউল্লাহ শহীদির মায়েরও। তার কিছুদিন আগে আফগানিস্তান জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হন তিনি। শহীদি বলেন, ‘যখন আমি নেতৃত্ব পেলাম, দায়িত্ব সামলানো সহজ ছিল না। তবে বোর্ড যেহেতু চেয়েছে, আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। দেশের জন্য কিছু করতে চেয়েছি। আমার একমাত্র উদ্দেশ্য ছিল স্বার্থপর না হওয়া, শুধু দেশের জন্য খেলা।’