রিসেট

দিল্লিতে আজই অনুশীলনে যোগ দিচ্ছেন লিটন

প্রকাশিত: ৩ নভেম্বর (শুক্রবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন লিটন কুমার দাস বিশেষ কারণে ঢাকা ফিরে এসেছিলেন। গত বুধবার কলকাতা থেকে ঢাকায় ফেরেন বাংলাদেশ দলের এই শীর্ষ ব্যাটার।  তবে আজই ভারতে ফিরে যাচ্ছেন লিটন। দিল্লিতে আজই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র । লিটন দাসের স্ত্রী সন্তানসম্ভবা। মূলত স্ত্রীকে সময় দিতেই দেশে ফিরেছিলেন তিনি। পারিবারিক কারণ হওয়ায় বিসিবি তার দু’দিনের ছুটি মঞ্জুর করে। সর্বশেষ ম্যাচে পাকিস্তানের কাছে হার শেষে কলকাতা থেকে দিল্লি চলে যায় বাংলাদেশ দল। এখানেই পরের ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ৬ই নভেম্বর দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের লড়াই সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে। বিশ্বকাপে এরই মাঝে সাতটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর টানা ছয় ম্যাচ হেরে সবার আগে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে লাল-সবুজের দল। অনিশ্চয়তায় পড়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সামনে রেখে দিল্লির লা মেরিডিয়ান হোটেলে উঠেছে বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে আজই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন লিটন দাস। বাংলাদেশের শীর্ষ ব্যাটার লিটন দাস এবারের বিশ্বকাপে দলের প্রত্যাশা মেটাতে পারেননি।

 আসরে সাত ম্যাচ খেলে দুটি হাফ সেঞ্চুরিতে তার সংগ্রহ ২২৫ রান। বিশ্বকাপের আগেও অবশ্য সেভাবে ছন্দে ছিলেন না লিটন। ১০ ইনিংসে কেবল একটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। কলকাতায় পরপর দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কলকাতা পর্ব শেষ করে বুধবার বাংলাদেশ দল দিল্লিতে গেলেও লিটন কুমার দাস ফিরে আসেন দেশে।  কলকাতায় বাংলাদেশের দুই ম্যাচের আগে এরকম ছোট্ট বিরতি নিয়ে দেশে ফিরেছিলেন সাকিব আল হাসানও। বাংলাদেশ অধিনায়কের ফেরার কারণ ছিল শৈশবের কোচের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করা। আর লিটনের ছুটির কারণ নিয়ে ভারতে অবস্থানরত টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘বিশেষ পারিবারিক প্রয়োজনে দেশে গেছে লিটন। খুব জরুরি একটি মেডিকেল ইমার্জেন্সির কারণে গিয়েছে। আজকে তো আমরা দিল্লি এলাম, কালকে এমনিতেও দলের প্র্যাকটিস নেই। বিশ্রামের দিন। 

পরশু সন্ধ্যায় আমাদের প্র্যাকটিস। সব ঠিকঠাক থাকলে প্র্যাকটিসের আগেই লিটন আবার দলের সঙ্গে যোগ দেবে।’ এবারের বিশ্বকাপে ৭ ম্যাচের ছয়টিতেই ২৫০ রানের আগে ইনিংস থামে বাংলাদেশের। কেবল ভারতের বিপক্ষে ম্যাচে ২৫৬ রান করে সাকিব আল হাসানের দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৫৬ রানে আটকে ফেলে ছয় উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। বাকি পাঁচ ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২২৭ (প্রতিপক্ষ ইংল্যান্ড), ২৪৫ (নিউজিল্যান্ড), ২৩৩ (দক্ষিণ আফ্রিকা, ১৪২ (নেদারল্যান্ডস), ২০৪ (পাকিস্তান)। লিটন দাস কিছু রান পেলেও টপঅর্ডারের অবস্থা যাচ্ছে তাই। ওপেনার তানিজদ হাসান তামিমের সংগ্রহ ৭ ম্যাচে ১০০ রান। একটি ফিফটিও আছে। বিশ্বকাপের আগের রানের ফুলঝুড়ি ফুটছিল নাজমুল হোসেন শান্তর ব্যাটে। কিন্তু বিশ্বকাপে ৭ ইনিংসে এই  ওয়ানডাউন  ব্যাটসম্যানের সাকুল্যে সংগ্রহ ৮৭ রান। চারটি এক অঙ্কের রানের সঙ্গে তার দুটি ‘গোল্ডেন ডাক’। সুবিধা করতে পারছেন না উইকেটরক্ষ-ব্যাটার মুশফিকুর রহীমও। ৭ ম্যাচে মুশফিকের সাকুল্যে সংগ্রহ ১৭১ রান। বিশ্বকাপের আগে ব্যাটে খুব প্রতিশ্রুতি দেখাচ্ছিলেন তাওহীদ হৃদয়। 

কিন্তু বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ। ৪ ইনিংস সুযোগ পেয়ে তাওহীদ করেছেন মোটে ৭৫ রান। ২০১৯ বিশ্বকাপে আসরের তৃতীয় সর্বাধিক ৬০৬ রান এসেছিল সাকিব আল হাসানের ব্যাট থেকে। এবার যেন তার ছায়া হয়ে আছেন সাকিব। এবার ৬ ইনিংসে সাকিব করেছেন সাকুল্যে ১০৪ রান। আসরে ৭ ইনিংসে সাকুল্যে ১৬৯ রান করেছেন ব্যাটিং অর্ডারে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার ‘শিকার’ মেহেদী হাসান মিরাজ। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের হতশ্রী ব্যাটিংয়ের ছবিটা আরো বিবর্ণ হতে পারতো। নানা নাটকীয়তার পর দলে সুযোগ পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ আসরে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রানের মালিক। ৭ ইনিংসে রিয়াদের সংগ্রহ ২৭৪ রান। এবারের বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কাও রিয়াদের। 

আসরে ১০টি ছক্কা হাঁকিয়েছেন রিয়াদ। দলে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার সংখ্যাটা খুব ছোট। তিনটি করে ছক্কা হাঁকিয়েছেন লিটন দাস, মুশফিকুর রহীম, তানজিদ হাসান তামিম ও তাসকিন আহমেদ। এ তো গেল ব্যাটসম্যানদের কথা। বোলারদের কী অবস্থা? ভারতের মাটিতে মোস্তাফিজুর রহমান ভালো করবেন, এ প্রত্যাশা ছিল বোদ্ধা বিশ্লেষকদেরও। গত আট বছরে নিয়মিত ভারতীয় ঘরোয়া টুর্নামেন্টে খেলা মোস্তাফিজ এবারের বিশ্বকাপের অন্যতম ব্যর্থ বোলার। আসরে ৭ ইনিংসে তার সাকুল্যে শিকার ৪ উইকেট। আরেক শীর্ষ পেসার তাসকিন আহমেদও ব্যর্থ। চোটের কারণে দুই ম্যাচ বাইরে থাকা তাসকিনও পেয়েছেন মোটে ৪ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে জয় চাইলে ব্যাটে-বলে, ফিল্ডিংয়ে সাকিবের দলকে একসঙ্গে জ্বলে উঠতে হবে সে কথা না বললেও চলে।