রিসেট

যে শট খেললে ফিল্ডারের হাতে যায় সেটা এড়িয়ে গেলেই হয়

প্রকাশিত: ২ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৩ Archive 2022Source:

মূলত ব্যাটিংটাই পাকিস্তানের বিপক্ষে খারাপ হয়েছে। বড় একটি পুঁজি সংগ্রহ করতে পারলে দলের চেহারাই পালটে যেতো। প্রত্যেক ম্যাচেই আমরা এটাতেই পিছিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হয় দায়টা ব্যাটারদেরই নিতে হবে।  চ্যাম্পিয়নস ট্রফি খেলা অনিশ্চিত হয়ে গেল। চ্যাম্পিয়নস ট্রফি নিঃসন্দেহে বড় টুর্নামেন্ট। তবে আমার মনে হয় এখন এসব চিন্তা না করে যে টুর্নামেন্ট খেলতে গেছি সেখানে ভালো পারফর্মেন্স করা যায় কিনা সেটা দেখতে হবে। একে তো ছয়-সাতেও থাকতে পারছি না তার উপর বাজে ক্রিকেট খেলছি। এটা নিয়েই এখন চিন্তা করা উচিত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘ভাগ্য খারাপ, আমরা শট খেললেই ফিল্ডারের কাছে ক্যাচ যায়।’ আমার কথা হলো, যে শট খেললে ফিল্ডারের হাতে যায় সেটা এড়িয়ে গেলেই হয়। প্রতিপক্ষ দল আমাদেরকে নিয়ে যেভাবে পরিকল্পনা করছে আমরা প্রতিদিন সেই ফাঁদেই পা দিচ্ছি। ওরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করছে কিন্তু আমরা কেন পারছি না, এই প্রশ্ন থেকেই যায়। 

 এই ব্যর্থতার পর বড় চেঞ্জ করতে হলে কোচটাই চেঞ্জ করা যেতে পারে। সেটাও সম্ভব কিনা জানি না, দীর্ঘমেয়াদি চুক্তি তো করাই আছে। কিছু সিনিয়র ক্রিকেটার হয়তো অবসর নিতে পারে। যারা পারফর্ম করেনি তাদের তো আর রেগুলার সুযোগ দেওয়া যায় না। কারণ দলে থাকলে অবশ্যই পারফর্ম করতে হবে। দেশে আসার পর কোচ বলেন বা কিছু ক্রিকেটার নিজেই অবসরে গেলেন নতুনদের নিয়ে শুরু করা যেতে পারে। নির্বাচকদের নিয়ে আসলে কী করা হবে সেটা বোর্ডই ভেবে দেখবে। অন্য কাউকে সুযোগ দেওয়া যায় কিনা বিবেচনা করা যেতে পারে। তবে আমার কাছে মনে হয় নির্বাচক প্যানেলে যারা আছে এই মুহূর্তে তাদের রিপ্লেসমেন্ট  দেশে কমই আছে। সেটা ক্রিকেট বোর্ড বিবেচনা করতে পারে যে চেঞ্জ করতে হবে কিনা।

 এই ব্যর্থতার দায় হাথুরুসিংহেকে ডেফিনেটলি নিতে হবে। তবে সে একটা অজুহাত দিতে পারে যে, এশিয়া কাপে আমি যাদের নিয়ে গেছি বিশ্বকাপে তাদের সবাইকে পাইনি। আফিফ, নাঈম শেখ, শামীমদের কথা বলতে পারে। তাদের নিয়ে আলাদা পরিকল্পনা ছিল এই দাবিও করতে পারে। আর দায়ভার শুধু সাকিবের না সবাইকে নিতে হবে। তবে সাকিব নিজের মতো খেলতে পারলে দল ভালো খেলতো আরও সাফল্য আসতো। ২০১৯ সালে মাশরাফি আর ২০২৩ সালে সাকিব, দুজন অধিনায়কই কিন্তু পারফর্ম করতে পারেনি। ক্যাপ্টেন যারা হয় তারা সামনে থেকে নেতৃত্ব দেয়। আর এটা হলে দল সাফল্য পায়। তবে হয়নি এটা নিয়ে আর কী বলা যায়! ভারত তো এক নম্বরে আছেই আর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সেমিতে ওঠার সম্ভাবনা বেশি। তবে আফ্রিকা চোক করবে কিনা সেটা সেমিতেই বোঝা যাবে। তবে ফাইনালে উঠলে শিরোপা জেতার বড় সম্ভাবনা থাকবে। আমার কাছে কেন যেন মনে হয় ভারত এতো ভালো স্টার্ট করেছে দেখা গেলো সেমিতে গিয়ে হেরে গেলো। ওটাই দেখার অপেক্ষায় আছি সেমিতে কেমন করে। একটি ম্যাচ তো হারবে, এখন সেটা গ্রুপ পর্বে হারে নাকি সেমিতে সেটাই দেখার ব্যাপার।