রিসেট

মানিকগঞ্জে বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৫

প্রকাশিত: ১ নভেম্বর (বুধবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে

অবরোধের প্রথম দিনে মানিকগঞ্জে বিএনপি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠতে গেলে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গুলির  ঘটনা ঘটেছে। মিছিল থেকে পুলিশ বিএনপি’র ৫ নেতাকর্মীকে আটক করেছে। আহত হয়েছে বিএনপি’র কয়েক নেতাকর্মী।  গতকাল সকাল  সাতটার দিকে জেলা বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মী শহরের  সেওতা-মানরা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মানরা হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ মারমুখী অবস্থানে মিছিলটি গতিরোধ করে। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ৬ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ- সভাপতি এডভোকেট আজাদ হোসেন খান, মানিকগঞ্জ পৌর সভাপতি নাসির উদ্দীন আহমেদ যাদু, পৌর বিএনপি নেতা আরিফ হোসেনসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। 
এদিকে অবরোধের প্রথম দিনে গতকাল সকাল দশটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে টহলে দেখা গেছে বিজিবি সদস্যের গাড়ি। এ ছাড়া সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলের শোডাউন দিয়েছে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও তরা সেতুর পাশে ক্ষমতাসীন দল প্যান্ডেল করে পাহারা দিয়েছে।
আরিফ হোসেন লিটন বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে এবং গুলিবর্ষণ করেছে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। মিছিল থেকে অন্তত ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জ থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে মহাসড়কে উঠতে গেলে বাধা দেয়া হয়। এ সময় তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।