রিসেট

অনেক ঘাম ঝরাতে হবে বাবরদের

প্রকাশিত: ১৬ অক্টোবর (সোমবার), ২০২৩ Archive 2022Source:

৩৬ রানে ৮ উইকেট হারানোর যৌক্তিক ব্যাখ্যা আর কী হতে পারে। ওই যে বলে না ‘আনপ্রেডিক্টেবল’ দল। পাকিস্তানের দ্বারা সবই সম্ভব। কোনো দিন ভালো খেলবে কোনো দিন খারাপ খেলবে, কোনো দিন ৩৪৫ রান চেজ করবে আবার কোনো দিন ২০০ রানের আগেই অলআউট হয়ে যাবে, কেউ বলতে পারবে না। শুরুটা যদিও ভালো করছিল, তবে আমার কাছে মনে হয় মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক ও বাবর আজমের ব্যাটিংয়ের ওপর নির্ভর দল তারা। এরা যদি ভালো খেলে তাহলে ভালো স্কোর হবে না হলে যে ব্যাটিং লাইনআপ দেখলাম তাতে  ভালো কিছু সম্ভব নয়।  শুধু বিশ্বকাপ নয়, যে কোনো জায়গাতেই পাকিস্তান ভারতের চেয়ে পিছিয়ে আছে বলে মনে হয় আমার। তবে বিশ্বকাপ একটা মর্যাদার জায়গা, সেখানে এ নিয়ে ৮ বার টানা হারলো পাকিস্তান। পাকিস্তান আসলে ১৯৯৬ সালের পর আর ঐ ধরনের দলই না। এখন ভারতের সঙ্গে সিরিজ খেললেও কোনো সন্দেহ ছাড়াই ৩-০ ব্যবধানে হারবে পাকিস্তান। আর বড় মঞ্চে তো পাত্তাই পায় না। ভারত একটা কমপ্যাক্ট দল। ভারতের সবাই পারফর্মার আর পাকিস্তান দলে ৪-৫ ম্যাচ পর একজন পারফর্ম করে। 

 ঘরের মাঠে ব্যাটিং উইকেট মনে করলে সেটা দুই দলেরই। তবে আমার মনে হয় ভারতের বোলিং আক্রমণ বেশি শক্তিশালী। স্পিনার, পেস সবক্ষেত্রেই পাকিস্তানের চেয়ে এগিয়ে ওরা, সবাই ব্রেক থ্রু দেয়। পাকিস্তানের শুধু শাহীন আফ্রিদি ও হারিস রউফ। এরা ফেইল করলে পাকিস্তান শক্তিতে পিছিয়ে পড়ে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় খেলা হলে পাকিস্তানের পেসাররা কিছুটা ভালো করতে পারে। তবে ব্যাটিং সহায়ক উইকেটে তারা কিছুই করতে পারে না। তুলনা করতে গেলে ভারতের বোলিং লাইনআপ অনেক এগিয়ে। তবে সেটা বিশ্বসেরা নয় অবশ্য, অস্ট্রেলিয়ার বেটার পেস বোলার আছে। তবে ভারতের স্পিন ও পেসাররা মিলে দারুণ কমপ্যাক্ট দল। আর বিশ্বসেরা হতে গেলে চ্যাম্পিয়ন হতে হবে। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, আর স্পিনে সাকলাইন মুশতাক, এদের পরে শোয়েব আক্তার, মোহাম্মদ আসিফদের পর আমার মনে হয় পাকিস্তান আহামরী কোনো পেস আক্রমণ পায়নি। এক্ষেত্রে খুব পিছিয়ে আছে পাকিস্তান। যদি কেউ শুধু এক ধরনের উইকেটে ভালো বোলিং করে তাহলে তাকে তো পাশ মার্ক দেওয়া যায় না। এদিন যেমন ভারতের ৬ বোলারের ৫ জনই ২ উইকেট করে নিয়েছে। 

এটা কিন্তু বোলিং উইকেট ছিল না তাও ভালো করেছে, পাকিস্তান এখানেই পিছিয়ে আছে।  সেমিফাইনালে উঠতে গেলে অনেক বেশি ঘাম ঝড়াতে হবে পাকিস্তানকে। ভারতের বিপক্ষে জিততে পারলে সুযোগ ছিল। কিন্তু আমার এখন মনে হয় পাকিস্তান সেমিতে ওঠার মতো দল নয়। ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডই বরং এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে আছে। তারপরও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারাতে পারলে পাকিস্তানের সুযোগ থাকবে। তবে আমার মনে হয় সেটা খুবই কঠিন হবে। মনে হয় না পাকিস্তানের জন্য দর্শক চাপ হয়েছে। দর্শক নিয়েই তো খেলতে হয়। এখানে পাকিস্তানের চেয়ে অনেক বেশি কোয়ালিটি দল ভারত। তারা জানে কখন পারফর্ম করতে হবে। ২ উইকেট পড়লো, বাবর-রিজওয়ানের জুটি জমে গেছে, ওরা জানতো কোয়ালিটি আছে একটি উইকেট পড়লে ম্যাচ হাতে চলে আসবে। এরপর কিন্তু ৩৬  রানে ৮ উইকেট গেছে। হেরে গেলে অনেকে অনেক কথা বলে। পাকিস্তানের ক্রিকেট ডিরেক্টর মিকি আর্থার যেমন বিশ্বকাপের আয়োজক নিয়ে কথা বলেছে (আয়োজক আইসিসি না ভারত)। এটা কোনো কথাই হতে পারে না।  ম্যাচ ভারতের মাটিতে, এজন্য হয়তো বাড়তি আয়োজন ছিল, এর বেশি কিছু দেখি না আমি।