রিসেট

তলে তলে কিছুই হয়নি

প্রকাশিত: ১৫ অক্টোবর (রবিবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঢাকায় ৩ ঘণ্টা অনশন করেছে দলটি। নয়াপল্টনে বিএনপি’র অনশন কর্মসূচিতে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জোটের নেতারা। এ ছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাবেক  নির্বাচন কমিশন কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তা এবং চিকিৎসকরা সংহতি প্রকাশ করেন। একই দাবিতে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অনশন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এদিকে ১২ দলীয় জোট, সমমনা জোটের নেতারাও রাজধানীতে পৃথকভাবে অনশন কর্মসূচি পালন করেছে।  
নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র অনশন শুরু হয় সকাল ১১টায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্যদিয়ে ৩ ঘণ্টার অনশন শেষ হয়। কর্মসূচিতে সিনিয়র নেতারা মঞ্চে চেয়ারে বসে অনশন করেন। অন্য নেতাকর্মীরা মঞ্চ এবং রাস্তায় ত্রিপল বিছিয়ে অবস্থান নেন। বিএনপি মহাসচিবের বক্তব্যের পর দুপুর ২টার দিকে স্থায়ী কমিটির সদস্যদের জুস ও পানি পান করিয়ে অনশন ভাঙান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, বীরবিক্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী এবং প্রফেসর ড. মাহবুব উল্লাহ।
অনশনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে না। শুক্রবার নরসিংদীতে দুই ছাত্র নেতাকে কমান্ডো স্টাইলে, সম্পূর্ণ আইন-কানুনকে ভঙ্গ করে গ্রেপ্তার করেছে। তারা বারবার বলে তলে তলে সব হয়ে গেছে। কেন বলেন? আসলে কিছুই হয় নাই। গণতান্ত্রিক গোটা বিশ্ব আজকে তাদের ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য পরিষ্কার করে বলছে। আর সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতেও বলছে।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অনশনে সংহতি প্রকাশ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সকল নেতারা শুধু সংহতি প্রকাশ করেননি। তারা প্রতিজ্ঞা করেছেন যে, বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে এবং এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকারকে বিদায় না করে কেউ বিশ্রাম করবেন না। কারণ এই সরকার অনির্বাচিত সরকার। এটাকে সরকার বলা যায় না। এরা শাসক। তারা ঘোষণা দেয় বিএনপি আমাদের শত্রু। অর্থাৎ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রে বিশ্বাস করলে কোনো রাজনৈতিক দলকে তারা শত্রু বলতে পারে না। 
বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাথা মন্তব্য করে তিনি বলেন, এজন্য সামনের দিনগুলোতে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সামনে পূজা আছে। এই পূজার মধ্যে আমরা সব সময়ই বলেছি, আমরা শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক ব্যবস্থায় বিশ্বাস করি। আমরা চাই না, সেই আন্দোলনের সুযোগ নিয়ে তারা (আওয়ামী লীগ) আবার সেই সমস্যা তৈরি করবে। ইতিমধ্যে করেছে। শুক্রবার কুমিল্লাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। তারপরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাধা দিয়েছে। অনেকে আহত হয়েছেন।  

নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, আমরা অনেক চড়াই-উৎরাই পার হয়েছি। এখন আমাদের সামনে লক্ষ্য একটাই- আজকে আমাদের দেশ, অর্থনীতি ও মানুষ বাঁচাতে হলে এবং বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক কর্মীদের বাঁচাতে হলে আন্দোলনের মাধ্যমে এদের (সরকার)কে পরাজিত করা ছাড়া কোনো বিকল্প নাই। আসুন সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই। 
এলডিপি’র প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বেগম জিয়ার চিকিৎসার জন্য করুণা ভিক্ষা করতে হচ্ছে কেন? একটা মিথ্যা মামলা দিয়ে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দি করেছেন। কারণ তাকে প্রধানমন্ত্রী ভয় পান। তারমধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। কারণ তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তাই এই সরকারকে ফেলে দিয়ে বেগম জিয়াকে মুক্ত করবো। 
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, হত্যার উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। কারণ যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেটা ১০০ ভাগ ভুয়া মামলা। তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। উদ্দেশ্যে একটাই, হত্যা করা। কিন্তু সময় বেশি নাই। কারও জন্যই সময় বেশি নাই। তাই তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠান। তাহলেই আমরা আপনাদের ক্ষমা করতে পারি।  

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটাবো। কারণ বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতে দিবেন না। তাকে কারাগারে যা করেছে তা হত্যা করার জন্য। তাই এই ফ্যাসিবাদ সরকারের মোকাবিলা করতে যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে মোকাবিলা করতে হবে। কারণ রাজপথে আঘাত আসলে পাল্টা আঘাত করতে না পারলে এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে না।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, এই সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রেখেছে। এটা হতে পারে না। দেশের মানুষ এটা মেনে নিতে পারে না। আমরা আন্দোলন করে বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করবো। 
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়াকে তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কারণ এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এদেশে ন্যায্য কিছু হবে না। 

স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার হত্যা প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য জনগণ আজ ঐক্যবদ্ধ। এই সরকারের পতন অনিবার্য। সময় আর নেই। 
অনশনে সংহতি প্রকাশ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার দেশে কোনো চিকিৎসা নাই। যারা মনে করছেন এভাবে বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে মেরে ফেলবেন। আর তার উপরে যে অন্যায় করছেন, সেজন্য দেশেও জায়গা হবে না এবং বিদেশেও জায়গা হবে না। তাই এখনো সময় আছে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন এবং বিদেশে চিকিৎসার জন্য যেতে দিন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, কোনো আইন দেখাবেন না। মানুষ সব বোঝে। প্রতিহিংসার কারণে বিনা চিকিৎসায় তার যদি মৃত্যু ঘটে তাহলে সম্পূর্ণ দায়-দায়িত্ব এই সরকারকে নিতে হবে। 
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র একই সূত্রে গাথা। কারণ বেগম জিয়া মুক্ত না হলে গণতন্ত্র হবে না। আর গণতন্ত্র মুক্ত না হলে বেগম জিয়া মুক্ত হবেন না। তাই প্রতিরোধই হবে খালেদা জিয়ার মুক্তির হাতিয়ার। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় অনশনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আতাউর রহমান ঢালী, ডা. ফরহাদ হালিম ডোনার, জয়নুল আবেদীন ফারুক, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার কায়সার কামাল, মীর সরাফত আলী সপু প্রমুখ।
অনশনে কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপি’র ড. ফরিদুজ্জামান ফরহাদ, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা’র খন্দকার লুৎফর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।