নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রাউন্ড রবিন লীগে আফগানিস্তান ম্যাচসহ ইংলিশদের বাকি ৭ ম্যাচ। এতে শতভাগ জয় পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইংলিশ পেসার রিস টপলি। এদিকে বিশ্বকাপে টানা দুই ম্যাচ হারা আফগানিস্তান ইংল্যান্ডের বিপক্ষে জয়ে ফিরতে চায়। আফগান কোচ জোনাথন ট্রট বলেন, ইংলিশদের মুখোমুখি হতে প্রস্তুত তারা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড। সেই ম্যাচে ৯ উইকেটে হারে জস বাটলাররা। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৩৭ রানে হারায় ইংল্যান্ড। রাউন্ড রবিন লীগে ইংলিশদের বাকি ৭ ম্যাচ। হার দিয়ে বিশ্বকাপ শুরু করা ইংলিশরা ‘দশে নয় পাওয়া’র প্রত্যয় নিয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে। দুপুর আড়াইটায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে ইংলিশ পেসার রিস টপলি বলেন, ‘মেধাবী সব খেলোয়াড়দের নিয়ে তৈরি আমাদের দল। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, (লীগ পর্ব শেষে) শেষ পর্যন্ত আমাদের ফল হবে নাইন আউট অব টেন ।
(বাংলাদেশের বিপক্ষে ম্যাচে) আমরা সবাই শান্ত ছিলাম এবং নিজেদের কাজটা করেছি।’ আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচটা খেলেছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই। সেই ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হারে হাশমতউল্লাহ শহীদীরা। আফগান কোচ জোনাথন ট্রট বলেন,‘দিল্লিতে কীভাবে ক্রিকেট খেলতে হয়, সেটা ছেলেরা শিখেছে। এখন আমরা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মনোযোগ দিয়েছি।’ ট্রট বলেন, ‘(ভারতের বিপক্ষে) আমাদের কিছু সিদ্ধান্ত সঠিক ছিল। কিছু ভুল সিদ্ধান্তও ছিল। আমরা বুঝতে পেরেছি ভারত-ইংল্যান্ডের মতো বড় দলের মোকাবিলায় কী করতে হবে। এই ভুলগুলো শুধরে আমরা ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিয়েছি।’ ফেভারিট কোন দল? আফগানিস্তানের মোকাবিলায় নিশ্চিত ফেভারিট হিসেবে খেলতে নামবে ইংল্যান্ড। ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৫ম দল ইংল্যান্ড। ৪ ধাপ পিছিয়ে নবম আফগানিস্তান। বিশ্বকাপে দুই ম্যাচ খেলে একটি জিতেছে ইংলিশরা। আর নিজেদের প্রথম দুই ম্যাচে পরাস্ত হয়েছে আফগানরা।
ওয়ানডে ফরম্যাটে নিজেদের শেষ ৫ ম্যাচে ২ জয় পেয়েছে ইংল্যান্ড। হেরেছে একটি। বাকি দুটি পরিত্যক্ত। বিপরীতে ৫ ম্যাচের তিনটিই হারে আফগানিস্তান। জয় পেয়েছে এক ম্যাচে। অন্যটি পরিত্যক্ত হয়। হেড টু হেড পরিসংখ্যান ওয়ানডে ফরম্যাটে মোট দু’বার দেখা হয়েছে ইংল্যান্ড এবং আফগানিস্তানের। বিশ্বকাপের সেই দুই ম্যাচেই জয় পেয়েছে ইংলিশরা। সবশেষ ২০১৯ বিশ্বকাপে আফগানদের ১৫০ রানে হারায় সেই আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিশ্বকাপ রেকর্ড বিশ্বকাপের সবকটি আসর খেলা ইংল্যান্ড সবশেষ ২০১৯ সালে নিজেদের প্রথম শিরোপার স্বাদ পায়। তার আগে আরো তিনবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি লায়নরা। বিশ্বকাপে মোট দু’বার সেমিফাইনাল খেলেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে দু’বার। ২০১৫ আসরে বিশ্বকাপ অভিষেক হয় আফগানিস্তানের। সেবার গ্রুপপর্ব থেকে বিদায় নেয় দলটি। সবশেষ ২০১৯ বিশ্বকাপেও গ্রুপপর্বের বাধা টপকাতে পারেনি তারা।
