রিসেট

আমাদের সবাই কোয়ালিটি ব্যাটার তবে শট সিলেকশন বাজে

প্রকাশিত: ১৫ অক্টোবর (রবিবার), ২০২৩ Archive 2022Source:

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের অন্যতম কারণ ওপেনিংয়ে শুরু না পাওয়া বলে মনে হয় আমার। এছাড়া ২৪৫ রানও ওই উইকেটে নিরাপদ ছিল না। অন্তত ২৮০-৯০ করতে হতো লড়াই করার জন্য । এক্ষেত্রে যারা উইকেটে সেট হয়েছিল তাদের মূল দায়িত্ব ছিল ইনিংস টেনে নিয়ে যাওয়ার। সেটা হলে ২৮০ রান হতো। এখানেই আমরা প্রতিদিন পিছিয়ে পড়ি। অন্য দলগুলোতে টপ অর্ডার রান করলে মিডল অর্ডার হাল ধরে, আমাদেরও ধরে কিন্তু ইনিংস বড় করতে পারে না। নিউজিল্যান্ডের বিপক্ষে আমার মতে টিম কম্বিনেশনও খুব ভালো ছিল না। ৮ ব্যাটার খেলাচ্ছি মানেই আমার দুর্বলতা আছে। কারণ আমাদের টপ অর্ডার, মিডল অর্ডার কেউই ধারাবাহিক নয়। কারও পজিশনই ফিক্সড না, এ কারণে সবাই দ্বিধায় থাকে ব্যাটিংয়ে নামা নিয়ে। একমাত্র ওপেনাররাই ফিক্সড! আসলে কোনো বড় দলেরই এমন হওয়ার কথা না।  

যারা দলের হাল ধরবে, ইনিংসটা বিল্ডআপ করবে তাদের যদি এত দেরি করে নামানো হয় তাহলে দলের জন্য ভালো কিছু হয় না বলে আমি মনে করি। তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে গেলে আগে নামাতে হবে। আমার কাছে মনে হয় মাহমুদউল্লাহ রিয়াদকে ৭ নম্বরে ফিক্সড করা উচিত। আর ৮ নম্বরে ব্যাটার খেলাতে তাওহীদ হৃদয়কে খেলানো যায়। কারণ টেকনিক, হৃদয়ের কাছ থেকে দ্রুত রান চাইলে তাকে ৮ নম্বরে খেলাতে হবে। কারণ, কম বলে বেশি রান করতে পারবে হৃদয়। ইনিংস বিল্ডআপে রিয়াদ অনেক এগিয়ে। আমি তানজিদ তামিমকে দোষ দিবো না। সুযোগ পাচ্ছে ঠিকই তবে এত বড় মঞ্চে একটা বড় ইনিংস খেলতে পারলে ছন্দে ফিরতে পারতো। রান করার সামর্থ্য আছে কিন্তু এত বড় মঞ্চে হয়তো নার্ভাস হয়ে যাচ্ছে। 

আগামী ম্যাচে ওপেনিংয়ে পরিবর্তন আনা জরুরী, যাতে শুরুতে বড় একটা জুটি হয়। সেক্ষত্রে মেহেদী হাসান মিরাজকে ওপেন করানো যেতে পারে। সেক্ষেত্রে নাসুম ও শেখ মেহেদীর মধ্যে একজনকে নেওয়া যেতে পারে। ৮ ব্যাটার নিয়ে খেলা আমি সমর্থন করি না। আর লিটনকে আমি আনলাকি বলবো। সেদিন বলটা কিন্তু স্লটেই ছিল, শটটাও সে ভালো খেলেছিল। এখন যেহেতু প্রথম বল সেক্ষেত্রে আনলাকিই বলবো। তবে দায়িত্ব নিতে হবে, ওপেনিংয়ে সে-ই সিনিয়র। তামিম ইকবাল থাকলে ভিন্ন ইস্যু হতো হয়তো। তবে আমার মনে হয় ও যেদিন খেলবে বড় খেলবে আমরা ভালো শুরুও পাবো। তবে ইংল্যান্ডের বিপক্ষে ওর কমপক্ষে ১৩০ রান করা উচিত ছিল, ইনিংস বড় করতে উন্নতি করতে হবে ওকে।  দায়িত্ব সবাই নিতে চায়, কেউ খারাপ খেলতে চায় না। তবে আমার কাছে মনে হয় শট সিলেকশন খুবই বাজে। কোন বলটা মারবো, ছাড়বো বা ডিফেন্স করবো এটা সঠিকভাবে নির্বাচন করতে পারা কিন্তু পার্থক্য গড়ে দেয়। একজন কোয়ালিটি ব্যাটারের এই জিনিসগুলো থাকা উচিত। আমাদের সবাই কোয়ালিটি ব্যাটার হলেও শট সিলেকশন খুবই বাজে। উদাহরণ হিসেবে কেন উইলিয়ামসনকে দেখা যায়, এদিন প্রথমে সেট হয়ে এরপর ইনিংস বড় করার চেষ্টা করেছে। এটাই আমাদের মধ্যে অভাব রয়েছে। 

এই বিশ্বকাপে আমাদের আসলে চাওয়াটা কি ছিল? আমি যেটা মনে করি, আমরা আগে ৩টি ম্যাচ জিতেছি এবার ৪-৫টি জিতবো, লক্ষ্য এটাই হওয়া উচিত। এর মধ্যে কেউ যদি সেমিফাইনালে ওঠার চিন্তা করে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে।  যদি ৪-৫টি ম্যাচ জিততে পারি তাহলে বুঝবো আমাদের উন্নতি হয়েছে। সেখান থেকে আসলে আমরা লক্ষ্য বড় করে ফেলছি, যে সেমিফাইনাল খেলবো। আশা অনেক বেশি হয়ে গেছে, এটা উচিত নয়। আর চান্ডিকা হাথুরুসিংহে একটু বেশি কাটাছেড়া করেছে। সাকিব না থাকাতেও কিন্তু সে এটা করেছে। এটা বিশ্বকাপে বা তার আগ মুহূর্তে কখনোই হওয়া উচিত ছিল না। করে ফেলেছে বলে দলের অবস্থা এরকম বলে মনে হয় আমার। উইকেটটাই আসলে ব্যাটিং সহায়ক। 

যেদিন বোলিং উইকেট হবে সেদিন তাসকিন অবশ্যই উইকেট পাবে। এরপরও তাকে দায়িত্ব নিতে হবে। এসব উইকেটে শুধু জোরে বোলিং করলে সেটা ঠিক হবে বলে মনে হয় না আমার। উইকেট অনুযায়ী তাকে হার্ড লেন্থে বোলিং করতে হবে। দক্ষিণ আফ্রিকার বোলারদের দেখেন তারা কিন্তু বেশি জোরে বোলিং করেনি। ১৩৫ থেকে ১৪০ এর মধ্যে রাখছে, কিন্তু সুইং ছিল। তাসকিনের এটাই অভাব। শেষ তিন ম্যাচে এটা দেখিনি। সে সুইং করাতে পারলে ব্যাটাররা ভুল করতে বাধ্য।  ভারতের বিপক্ষে আমাদের ম্যাচ ১৯শে অক্টোবর। ওরা এবারের আসরের এক নম্বর দল। তাদের সঙ্গে জিততে হলে এক্ট্রা অর্ডিনারি ক্রিকেট খেলতে হবে। সেক্ষেত্রে ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে। জিততে চাই মনে রেখে মাঠে নামতে হবে। ব্যাটারদের অবশ্যই রান করতে হবে, এর বিকল্প নেই। কারণ, ভারতের বিপক্ষ্যে ৩৫০ রানও নিরাপদ নয়।  এরপর বোলারদেরও সমানতালে ভালো খেলতে হবে।