ফুটবলে একটা কথা আছে, ‘আক্রমণ ভাগ আপনাকে ম্যাচ জেতাবে আর রক্ষণ শিরোপা।’ ক্রিকেটেও বোলারদের নিয়ে এই ধরনের কথা প্রচলিত আছে। গতকাল যেন সেটাই দেখালেন ভারতের বোলাররা। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৯ রানেই গুটিয়ে দেয় তারা। ৩ উইকেট নিয়ে অজি ব্যাটিং লাইনআপে ধস নামানোর মূল নায়ক স্পিনার রবীন্দ্র জাদেজা। ম্যাচ শেষে তিনি বলেন, উইকেট দেখেই তার মনে হয়েছে এখানে অন্তত ২-৩ উইকেট পাওয়া উচিত। গতকাল টসের সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও ভারতের অধিনায়ক রোহিত শর্মার মুখে শোনা যায় বিপরীত মন্তব্য। চেন্নাইয়ে গতকাল টস জিতে ব্যাটিং নেওয়ার পর কামিন্স বলেন, ব্যাটিংয়ের জন্য দারুণ উইকেট। আর রোহিত বলেন কন্ডিশনটা বোলারদের জন্য সহায়ক। টসের আগে অবশ্য ভারতীয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও রোহিতের কথাই বলেন টস রিপোর্টে।
তিনি নির্দিষ্ট করে স্পিনারদের দাপটের কথাও বলেন। আর ম্যাচেও দেখা গেলো সেটিই! ভারতের ধারাভাষ্যকার ও অধিনায়কের কথা যেন অক্ষরে অক্ষরে মিলিয়ে দিলেন স্পিনাররা। ভারতের স্পিনাররা নিয়েছেন ৬ উইকেট। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে স্পিনারের বিপক্ষে এই সংখ্যক উইকেট হারালো স্পিনাররা। বাকি ৩টির ২টি জসপ্রিত বুমরাহ ও একটি করে গেছে মোহাম্মদ সিরাজে ও হার্দিক পান্ডিয়ার পকেটে। অস্ট্রেলিয়ার খেলা ৪৯.৩ ওভারে তিন স্পিনার- রবীচন্দ্রন অশ্বীন, জাদেজা ও কুলদ্বীপ যাদব মিলে করেছেন ৩০ ওভার। যেখানে তারা ওভারপ্রতি রান দিয়েছেন ৩.৪৬ করে। আর পেসারদের করা ১৯.৩ ওভারে রান এসেছে ৮৯। অর্থাৎ পেসাররা ওভারপ্রতি রান দিয়েছেন ৪.৬১ করে। গতকাল ভারতের উইকেট আনন্দে মাতার উল্লাসটা শুরু করেন জাসপ্রিত বুমরাহ। দলীয় ৫ রানে দুর্দান্ত এক ডেলিভারিতে মিচেল মার্শকে ফেরান। তবে এতে স্লিপে বিরাট কোহলির ধরা আরও দুর্দান্ত ক্যাচের বড় অবদান রয়েছে। এরপর ডেভিড ওয়ার্নার আর স্মিথ মিলে ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন অজিদের। দলীয় ৭৪ রানে তাদের প্রতিরোধ ভাঙেন কুলদীপ। এরপরও ভালো অবস্থানেই ছিল অজিরা।
তবে এরপরই জাদেজা ঝরে মুহূর্তেই ধ্বংসস্তুপে পরিণত হয় দলটি। দলীয় ১০২ রানে এই বাঁহাতি স্পিনারের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন স্মিথ। আউট হওয়ার পর তার মুখায়ব দেখেই বোঝা যাচ্ছিল বলের আগামাথা কিছুই বোঝেননি তিনি। এরপর ৭ রানের ব্যবধানে মার্নাস লাবুশানে ও অ্যালেক্স ক্যারিও জাদেজার শিকার হয়ে ফেরেন। ১০২ রানে ২ উইকেট থেকে ১১৯ রানে অস্ট্রেলিয়ার স্কোরকার্ড হয়ে যায় ১১৯ রানে ৫ উইকেট। এরপর বাকিদের আর কেউ রানের গতি বাড়াতে পারেননি। ২৮ রানের ইনিংস খেলা মিচেল স্টার্ক চেষ্টা করেছিলেন তবে কেউ সমর্থন দিতে পারেননি। শেষ ৫ উইকেটের একটি করে নেন কুলদীপ ও অশ্বিন। এছাড়া সিরাজ, হার্দিক ও বুমরাহ নেন শেষের একটি করে উইকেট।
বিশ্বকাপে জাদেজা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় স্পিনার। গতকাল তার বোলিং ফিগার ছিল ১০ ওভারে ২৮ রানে ৩ উইকেট। এর আগে ১৯৮৭ সালে দিল্লিতে অজিদের বিপক্ষে ৩৪ রান খরচায় ৩ উইকেট নেন মহিন্দর সিং। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন জাদেজা। আর গতকালকের মাঠ চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাইয়ের ঘরের মাঠ। ফলে এই মাঠ জাদেজার কাছে হাতের তালুর মতো চেনা। ম্যাচ শেষে তিনি বলেন, উইকেট দেখেই তার মনে হয়েছে এখানে অন্তত ২-৩ উইকেট পাওয়া উচিত। জাদেজা বলেন, ‘আমি চেন্নাইয়ের হয়ে খেলি, ফলে আমি এখানকার কন্ডিশন সম্পর্কে জানি। যখনই আমি উইকেট দেখেছি মনে হয়েছে আমার অন্তত ২-৩ উইকেট পাওয়া উচিত। ভাগ্যক্রমে ৩ উইকেট পেয়েছি এবং আমি খুব খুশি। শুধু স্টাম্পে বল করতে চেয়েছি সেখানে টার্ন ছিল। আর এখানে আপনি বুঝবেন না কোনটা টার্ন করবে আর কোনটা করবে না।’
