আইসিসি ওয়ানডে বিশ্বকাপে শুভ সূচনা করে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায় ৬ উইকেটে। টাইগারদের দুর্দান্ত জয়ে মুখ্য ভূমিকায় ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। আলো ছড়ানো দুই টাইগার অলরাউন্ডারকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং পিসিবির প্রাক্তন চেয়ারম্যান রমিজ রাজা। শনিবার সাকিব-মিরাজের আগুনে বোলিংয়ে মাত্র ১৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান। দু’জনই তিনটি করে উইকেট নেন। ৮ ওভারে ৩০ রান খরচ করেন সাকিব। ৯ ওভারে ২৫ রান দেন মিরাজ। তার মধ্যে আবার ৩টি মেডেন ওভার করেন। এরপর ব্যাটিংয়ে নেমে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মিরাজ। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ রমিজ রাজা বলেন, ‘৩ উইকেট নেয়ার পাশাপাশি ৫০ রান (মূলত ৫৭ রান) করা মেহেদী হাসানের (মিরাজ) মধ্যে অনেক প্রতিভা আছে। ও যেভাবে খেলে, সেটা দারুণ। তার শরীরী ভাষাও দুর্দান্ত। এর মধ্যে সে নিজের উপস্থিতির জানান দেয়।’
রমিজ রাজা বলেন, ‘তার (মিরাজের) পারফরম্যান্স খুবই নিখুঁত। আত্মবিশ্বাসের সঙ্গে বোলিং করে। তার বোলিং অ্যাকশন খুব সুন্দর। এই ম্যাচে (আফগানিস্তানের বিপক্ষে) দারুণ অফ স্পিন করেছে সে। ৩ উইকেটের সঙ্গে ফিফটি- এর চেয়ে ভালো পারফরম্যান্স আসলে হতে পারত না। তার জন্য দলও বেশ আত্মবিশ্বাস পেয়েছে। বাংলাদেশের জন্য ও খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ তিন ব্যাটার- ইবরাহিম জাদরান, রহমত শাহ এবং নাজিবুল্লাহ জাদরানকে আউট করেন সাকিব আল হাসান। টাইগার অধিনায়কের প্রশংসা করে রমিজ রাজা বলেন, ‘সাকিব আল হাসান মানসম্পন্ন একজন ক্রিকেটার। তার অভিজ্ঞতা অনেক। সে এই ম্যাচে প্রথম সারির ব্যাটারদের আউট করেছে।’
রমিজ রাজা বলেন, ‘সাকিব এসে শুধু পরিস্থিতিই সামাল দেয় না; বরং কঠিন পরিস্থিতিতে সে বোলিং করে। সে অধিনায়কত্বও বেশ ভালো করেছে, এর ফলে আত্মবিশ্বাসও তার অনেক বাড়বে। দেখুন, সে নিজেও খুব ভালো পারফর্ম করেছে। আর অধিনায়ক সব সময়ই দলের জন্য অনুপ্রেরণা হতে চেষ্টা করে।’ আগামী ১০ই অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। রমিজ রাজা মনে করেন, আফগানিস্তানের বিপক্ষে জয় ইংল্যান্ড ম্যাচে আত্মবিশ্বাস জোগাবে টাইগারদের। তিনি বলেন, ‘এই জয় সামনের ম্যাচের জন্য বাংলাদেশকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। তারা এটাও অনুভব করবে যে, বিশ্বকাপে তারাও আছে। সব মিলিয়ে দৃঢ় পারফরম্যান্স। যে বড় ব্যবধানে আফগানিস্তানকে তারা হারালো, নেট রান রেটেও অনেক সুবিধা পাবে।’
