
‘আগামীর হৃদয় থেকে হৃদয়ে’ (হার্ট টু হার্ট অ্যাট ফিউচার) স্লোগানে ২৩ সেপ্টেম্বর ৪৫ দেশের প্রায় সাড়ে ১২ হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণে চীনের হাংজুতে যে গেমস শুরু হয়েছিল, গতকাল চীনের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে যবনিকাপাত ঘটলো। ২০১টি স্বর্ণ, ১১১ রুপা ও ৭১টি ব্রোঞ্জসহ ৩৮৩টি পদক জিতে সেরা হয়েছে স্বাগতিক চীন। ৫২টি স্বর্ণ, ৬৭টি রুপা ও ৬৯টি ব্রোঞ্জসহ ১৮৮টি পদক জিতে দ্বিতীয় আগামী এশিয়ান গেমসের স্বাগতিক দেশ জাপান। ২৮টি স্বর্ণ ৩৭ রৌপ্য ৪১ ব্রোঞ্জ নিয়ে এবারের আসরে চতুর্থ হয়ে চমক দেখিয়েছে ভারত। এশিয়াডের আয়োজক হিসাবে বিদায় নিল চীনের হাংজু। গেমসের ব্যাটন তুলে দেওয়া হলো ২০২৬ সালের আয়োজক জাপানের হাতে (আইচি ও নাগোয়া শহর)। চীনারা সবকিছুতেই নতুনত্ব দেখাতে চায়। হাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টারে বর্ণিল অনুষ্ঠানের উদ্বোধনী নিয়ে লুকোচুরি ছিল আয়োজকদের। সমাপনীর ছোট্ট একটি ড্রাফট হাতে ধরিয়ে দিলেও তার সারমর্ম পড়ে বুঝা যায়নি এতটা রঙ্গিন আয়োজন হবে। এশিয়ান গেমস নিয়ে যে উচ্ছ্বাস আর উদ্বীপনা ছিল; কয়েক মিনিটে তা তুলে ধরা হয়। আনন্দঘন সমাগমের মুহূর্তগুলোর সঙ্গে গেমসের পুরো হাইলাইটস দেখে সবাই মুগ্ধ। যেখানে হাসি-কান্না আর একে অপরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখার চেষ্টার ছবিগুলো ফুটে ওঠে।
চোখ ধাঁধানো সব আয়োজনের পর অ্যাথলেটদের মার্চ পাস্ট। তবে উদ্বোধনীর মতো আলাদা আলাদা করে নয়, একসঙ্গে দেশগুলোর ক্রীড়াবিদ এবং কমকর্তা পতাকা হাতে মাঠে নামেন। এদিন বাংলাদেশের পতাকা বহন করেন ক্রিকেট দলের অধিনায়ক সাইফ হাসান। তার নেতৃত্বে এবার গেমসে বাংলাদেশ দ্বিতীয় ব্রোঞ্জ জেতে। অন্য দেশের অ্যাথলেটদের সঙ্গে কিছুটা সময় কথা আদান-প্রদানের সুন্দর মুহূর্তগুলো হয়তো আজীবন মনে থাকবে তার। আর এবারের গেমসে অ্যাথলেটদের সঙ্গে সবচেয়ে বেশি আলোচিত থাকা ভলান্টিয়ারদের সম্মান দিতে ভুলেননি আয়োজকরা। কথায় এবং কাজে কতটা নিখুঁতভাবে সমস্যার সমাধান করেছিলেন তারা, সেই দৃশ্যগুলো যখন ভেসে ওঠে, ৮০ হাজার দর্শকের করতালিতে মুখরিত হয়ে ওঠে অলিম্পিক স্পোর্টস সেন্টার। উচ্ছ্বাস আর উদ্দীপনার মুহূর্তগুলো স্বরণ করে সমাপনী অনুষ্ঠানের অতিথিদের বক্তব্যগুলো আরো প্রাণবন্ত করে তোলে গেমসের শেষ ৬০ মিনিটকে। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার ভারপ্রাপ্ত সভাপতি রাজা রণধীর সিং যখন তার বক্তব্যে গেমসের ‘সমাপনী’ কথাটি উল্লেখ করেন, তখনই গ্যালারিতে নীরবতা নেমে আসে।
বেজে ওঠে বিদায়ের রাগিনী। হাংজুর সমাপ্তির সঙ্গে আগামী গেমসের আয়োজক জাপানের পতাকা উত্তোলিত হওয়ার সময় বেজে ওঠে দেশটির জাতীয় সঙ্গীত। একটু পর নিভে যায় পুরো স্টেডিয়ামের আলো। গ্যালারিতে থাকা দর্শকদের মোবাইলের আলোগুলো ‘জোনাকির’ মতো জ্বলে ওঠে। এরমধ্যে একদল শিল্পী মাঠে প্রবেশ করেন! জাপানের কাছে গেমসের পতাকা হস্তান্তরের পর যে শহরে পরবর্তী আসর হবে সেই শহরের ইতিহাস আর ঐতিহ্যগুলো নাচে-গানে তুলে ধরা হয়। হাংঝুর ঐতিহাসিক দর্শনার্থী ডিজিটালের মাধ্যমে উপস্থাপন করার পর শিশুদের কন্ঠে বেজে ওঠে ‘হার্ট টু হার্ট’ সঙ্গীতটি। এশিয়ান দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যকে চিহ্নিত করেই এই স্লোগানটির মধ্য দিয়ে শেষ হয়ে যায় এশিয়ান গেমসের ১৯তম আসর। আর আয়োজনের মতো মাঠের পারফরম্যান্সেও সবাইকে ছাপিয়ে যায় চীন। শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে গেমসের সমাপনী ঘোষণা করেন চীনের স্টেট কাউন্সিল প্রিমিয়ার (প্রধানমন্ত্রী) লি কিয়াং।
