সরকার পতনের একদফা দাবিতে ঢাকায় জনসমাবেশসহ ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে ‘কুমিল্লা-চট্টগ্রাম বিভাগীয়’ রোডমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে ৬ দিনের কর্মসূচিগুলো হলো- ৭ই অক্টোবর ঢাকায় শিক্ষক সমাবেশ। ৯ই অক্টোবর বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঢাকাসহ সারা দেশে জেলা এবং মহানগরে সমাবেশ/ মিছিল। ১২ই অক্টোবর সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে ছাত্র কনভেনশন। ১৪ই অক্টোবর বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে অনশন। ১৬ই অক্টোবর সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে ঢাকায় যুব সমাবেশ এবং ১৮ই অক্টোবর সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে ঢাকায় জনসমাবেশ।
কুমিল্লা থেকে শুরু হওয়া রোডমার্চ রাতে চট্টগ্রামে গিয়ে পৌঁছে। বিকাল থেকেই সেখানে দলীয় নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন। দলীয় নেতাকর্মীদের জমায়েতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
