রিসেট

২০২৪ সালে বাংলাদেশ থেকে কতজন হজ করতে পারবেন জানা গেল

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৩ Archive 2022Source: অনলাইন ডেস্ক

আগামী বছর বাংলাদেশ থেকে কতজন মুসল্লী হজে যেতে পারবেন, তা জানিয়েছে সরকার। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারিভাবে ৯ হাজার ৯৬৮ জন এবং বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে এক লাখ ১৩ হাজার ৪০০ জন হজ করতে পারবেন বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে হিজরি ১৪৪৫ সনের হজ আগামী বছরের ১৭ জুন অনুষ্ঠিত হবে। এ বছর রাজকীয় সৌদি সরকার কর্তৃক বাংলাদেশকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা বরাদ্দ করা হয়েছে। 

সরকারি ও বেসরকারি মাধ্যমে বরাদ্দ করা হজযাত্রীর কোটা বিভাজন জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৯৬৮ জন হজযাত্রী ও গাইড থাকবেন ২৩০ জন। তাই সরকারি ব্যবস্থাপনায় মোট হজে যাবেন ১০ হাজার ১৯৮ জন। 

অন্যদিকে বেসরকারিভাবে হজযাত্রী এক লাখ ১৩ হাজার ৪০০ জন এবং গাইড ও মোনাজ্জেম থাকবেন ৩ হাজার ৬০০ জন। তাই বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে মোট এক লাখ ১৭ হাজার জন হজ করতে সৌদি আরব যেতে পারবেন।