ফাইনাল নিশ্চিতকরণের ম্যাচে সুবিধা করতে পারছে না পাকিস্তান। বৃষ্টি থামার পর ৫ উইকেটে ১৫০ রান তুলেছে রিজওয়ান-ইফতেখাররা। ৩২ ওভার শেষ হয়েছে। বাকি মাত্র ১০ ওভার। বৃষ্টির কারণে শুরুতে ৫০ ওভারের ম্যাচ ৪৫ ওভারে নামিয়ে আনা হয়। তবে দফায় দফায় বৃষ্টির কারণে ওভার আরো তিনটি কমানো হয়েছে।
আবারো বৃষ্টি, পাকিস্তানের সংগ্রহ ১৩০/৫
বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। ৫ ওভার কমিয়ে ৪৫ ওভারে করা হয় ম্যাচ। তবে ২৭.৪ ওভার পর ফের শুরু হলো বেরসিক বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে পাকিস্তান।
বৃষ্টি থামলো, টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
অবশেষে থামলো বেরসিক বৃষ্টি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ হারিস, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম এবং জামান খান।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশঙ্ক, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালেগে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান এবং মাথিশা পাথিরানা।
থামছেই না বৃষ্টি, ম্যাচ পরিত্যক্ত হলে কপাল পুড়বে পাকিস্তানের
এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি শ্রীলঙ্কা ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। এরপর জানা যায়, বিকাল ৩ টা ২০ মিনিটে টস হবে। আর নতুন করে বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে টসের ঠিক আধা ঘণ্টা পর অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় বল মাঠে গড়াবে। তবে নির্ধারিত সেই সময়ের আগেই আবারও বৃষ্টির হানা।
বৃষ্টি, এখনো হয়নি শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের টস
জিতলেই নিশ্চিত এশিয়া কাপের ফাইনাল। সুপার ফোরের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে হয়নি টস।
কলম্বোয় সুপার ফোরের ম্যাচে বড় বিপত্তি হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ভারী বর্ষণের কারণে রিজার্ভ ডে তে গড়ায় ভারত ও পাকিস্তানের ম্যাচটি। তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচে নেই কোনো রিজার্ভ ডে। যদি বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়, সেক্ষেত্রে একটি করে পয়েন্ট পাবে দুই দল। তবে রান রেটে পিছিয়ে থাকায় কপাল পুড়বে পাকিস্তানের। শ্রীলঙ্কা পৌঁছে যাবে এশিয়া কাপের ফাইনালে। ইতোমধ্যে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছেছে ভারত।
