চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সরকারের ওপর চাপ বৃদ্ধি করেছেন বৃটেনে রক্ষণশীল দলের সিনিয়র এমপিরা। তারা চীনকে হুমকি হিসেবে একটি শ্রেণিতে রাখার আহ্বান জানিয়েছেন। এই পদক্ষেপে সমর্থন দিয়েছেন মন্ত্রিপরিষদের কিছু সদস্য। সম্প্রতি পার্লামেন্টারি একজন গবেষককে গ্রেপ্তার করা হয়েছে বৃটেনে। অভিযোগ আছে, তিনি চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি করছিলেন। এরপরই এমপিরা এভাবে সোচ্চার হয়ে উঠেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ভারতের রাজধানী নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের কাছে বেইজিংয়ের এই হস্তক্ষেপ সম্পর্কে উদ্বেগ জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেছেন, চীনের সঙ্গে একটি উন্মুক্ত সংলাপ প্রয়োজন।
ওদিকে শনিবার পুলিশ নিশ্চিত করেছে যে, মার্চে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে দু’ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছে। তাদের একজনের বয়স ২০ উত্তীর্ণ এবং অন্যজন ৩০ উত্তীর্ণ। বিভিন্ন সূত্র বলেছেন, এদের একজন হলেন বৃটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পার্লামেন্টারি গবেষক।
এ নিয়ে প্রথম রিপোর্ট প্রকাশ করে সানডে টাইমস। এতে বলা হয়, কনজার্ভেটিভ বা রক্ষণশীল দলের বেশ কিছু এমপির সঙ্গে যোগাযোগ ছিল ওই গবেষকের। ওই ব্যক্তির নাম জানার জন্য বিবিসি যোগাযোগ করলেও তথ্য দেয়া হয়নি। তবে গ্রেপ্তার করা দু’ব্যক্তিকেই জামিনে মুক্তি দেয়া হয়েছে। বিদেশে গুপ্তচরবৃদ্ধি বিষয়ক অপরাধ তদন্তকারী সংস্থা মেট্রোপলিটনের কাউন্টার টেরোরিজম কমান্ড এখন এ বিষয়ে তদন্ত করছে।
সানডে টাইমস রিপোর্টে বলেছে, নিরাপত্তা বিষয়ক মন্ত্রী টম তুগেনধাত, পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারওম্যান অ্যালিসিয়া কেয়ার্নস সহ অনেকের নাগালে ছিলেন ওই গবেষক। তাদের গ্রেপ্তারের ফলে নিরাপত্তা নিয়ে বিতর্ক নতুন করে সৃষ্টি হয়েছে।
এমন বিতর্ক রক্ষণশীল দলে কয়েক মাস ধরেই চলছে। তারা জানতে চাইছেন- চীন ইস্যুতে সরকারের কি কঠোর কোনো অবস্থান নেয়া উচিত? এরই মধ্যে অনেক মন্ত্রীও বেইজিংকে একটি হুমকি হিসেবে নিয়েছেন। আগস্টে বেইজিং সফর করেছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। ৫ বছরের মধ্যে এটাই ছিল প্রথম এমন সফর। তিনি এ সম্পর্কে বলেছেন, দেশটিকে ত্যাগ করা বিশ্বাসযোগ্য হবে না।
তবে এ নিয়ে চিন্তা করার জন্য আরও চাপ আসছে। সরকারকে আরও কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন টরি দলের সিনিয়র ব্যাকবেঞ্চাররা। এর মধ্যে আছেন সাবেক নেতা ইয়ান ডানকান স্মিথ, এমপি টিম লাফটন। ডানকান স্মিথ বলেছেন, এখনই আমাদের স্বীকার করার সময় এসেছে যে, হুমকি গভীর হচ্ছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে থাকা চাইনিজ কমিউনিস্ট পার্টি এখন হুমকি হিসেবে দেখা দিয়েছে। আরও একবার পার্লামেন্টের নিরাপত্তা নিয়ে আপোষ করা হচ্ছে। পর্যালোচনা করে দেখা হচ্ছে না চীনকে নিয়ে এবং বিদেশি হুমকি নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানসহ মন্ত্রীপরিষদের কিছু সদস্য আইন কঠোর করায় সমর্থন দিয়েছেন।
জবাবে রোববার প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, বৃটেনের গণতন্ত্রে যেকোনো হস্তক্ষেপের বিষয়ে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের কাছে কড়া উদ্বেগ জানিয়েছেন।
