রিসেট

নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটারদের বিশ্রামের সিদ্ধান্ত হয়নি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর (সোমবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

এশিয়া কাপে তিন ম্যাচের ২টিতে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার সঙ্গে হেরে সুপার ফোরে ওঠা ছিল অনিশ্চিত। কিন্তু আফগানদের হারিয়ে সেই বাধা টপকায় টাইগাররা। কিন্তু দ্বিতীয় পর্বে পাকিস্তান ও লঙ্কানদের বিপক্ষে হেরে এখন ফাইনালে আশা একেবারেই ক্ষীণ। এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে তিনবার ফাইনাল খেলা বাংলাদেশের এবার সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জিতে গেলেও সামনে আসবে অনেক হিসাবনিকাশ। বলার অপেক্ষা রাখে না বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হয়নি টাইগারদের। 

যদিও দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচে নিজেদের গুছিয়ে নেয়ার সুযোগ আছে। কিন্তু অধিনায়ক সাকিব আল হাসানের পরামর্শ দলের সেরা ক্রিকেটারদের বিশ্বকাপের জন্য ফিট রাখতে এই সিরিজে বিশ্রামে রাখা উচিত। এরপর থেকেই গুঞ্জন হয়তো অধিনায়ক সাকিব, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের মতো বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখা হবে একাদশের বাইরে। যদিও জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন ভিন্ন কথা। 

দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘সাকিব বলেছে বিশ্রামের প্রয়োজন। তবে এখনো এই বিষয়ে কোনো ধরনের নীতিগত সিদ্ধান্ত হয়নি। আমরা যদি প্রয়োজন মনে করি হয়তো কাউকে কাউকে বিশ্রাম দিতে পারি। তবে যে কথা হচ্ছে সাকিব-মুশফিকদের বিশ্রামের বিষয়ে তা সত্যি নয়। বিষয়টি জটিল না করে সহজেই বলা যায় এখনো এমন কোনো সিদ্ধান্তই হয়নি।’ 

অন্যদিকে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর অধিনায়ক সাকিব জানিয়েছেন নিউজিল্যান্ড সফরে বিশ্রামের বিষয়টি। বিশ্বকাপের আগে দেশের মাটিতে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে দলে পরীক্ষা-নিরীক্ষা হবে কিনা সেই প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজে তিনটি ম্যাচ আছে। সেখানে আমরা কিছু জিনিস দেখবো। সবারই সুযোগ আছে খেলার। তবে এশিয়া কাপে যারা খেলেছে, তাদের মধ্যে যারা বিশ্বকাপে নিশ্চিত যাবে, তাদের বিশ্রামে থাকতে হবে বলে আমি মনে করি। 

প্র্যাকটিস ম্যাচ, ট্রাভেলিং মিলিয়ে অনেক বড় সফর বিশ্বকাপে। কারও ইনজুরি হলে সমস্যা হবে। আমাদের হাতে ভালো বিকল্প নেই। সবার ফিট থাকাটা খুব জরুরি। ইবাদত নেই, আমি আশা করবো চার পেসারই যেন ফিট থাকে।’ 

তবে সাকিব বিশ্রামের কথা বললেও ক্রিকেট বোদ্ধারা মনে করেন না বিশ্বকাপের আগে এমনটা ঠিক হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি’র একটি সূত্র জানায়- ‘দেখেন এশিয়া কাপের আগে সাকিব দলের সঙ্গে তেমন কোনো অনুশীলনই করেনি। যে কারণে আসর চলার সময় মনে হয়নি অধিনায়ক তার নিজ দলটিকে ভালো ভাবে চেনে। একটি ছন্নছাড়া ভাব ছিল। হ্যাঁ, এটাও সত্যি যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইনজুরিতে আছে। তাই বলে এমন পারফরম্যান্সও আশা করা যায় না। এখন যদি বিশ্বকাপে আগে বিশ্রাম দেয়া হয় দলের সিনিয়রদের তাহলে সেটি উচিত হবে বলে মনে হয় না। অন্যদের বিশ্রাম দিলেও সাকিবের খেলা উচিত হবে বলেই মনে করি। কারণ তিনি দলটিকে ভালোভাবে সাজিয়ে নিতে পারবেন।’  

অন্যদিকে বিশ্বকাপের আগে অধিনায়ক সাকিবকেও বেশ হতাশ মনে হচ্ছে। তার বক্তব্যেও যেন নেই তেমন আত্মবিশ্বাস। দ্বিপক্ষীয় সিরিজগুলোতে টাইগাররা ভালো করলেও ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের অতীত সুখকর নয়। এ উদাহরণ টেনে সাকিব বলেন, ‘আমাদের বড় টুর্নামেন্টগুলোতে, যেখানে আমরা কখনোই আহামরি কিছু করি না। 

খেয়াল করলে দেখবেন, ২০০৭ বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছি, ২০১১ এর বিশ্বকাপে তিনটি জিতেছি, ২০১৫ বিশ্বকাপে তিনটি জিতেছি, ২০১৯ বিশ্বকাপেও তিনটি ম্যাচই জিতেছি। আমাদের ইতিহাস নেই বড় টুর্নামেন্টে ভালো করার। যদিও এশিয়া কাপে দু’তিনবার ফাইনাল খেলেছি, তবে জিতলে আরও ভালো হতো। 

গত ছয় মাসে আমাদের ব্যাটিং খারাপ হচ্ছে। ধারাবাহিকভাবেই নিচের দিকে যাচ্ছে। এটা নিয়ে কাজ করতে হবে। আসলে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু যখনই রিয়েলিটি চেকটা হয়, তখন কিন্তু আমরা ব্যর্থই হয়েছি। এটা ভালো যে বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটা হয়েছে। সবাই অবশ্যই চিন্তা করবে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়।’ 

এ ছাড়াও সম্প্রতি দলের ফল খারাপ হওয়ার পেছনে ব্যাটিং ব্যর্থতাকেই বড় করে দেখেন সাকিব। তিনি বলেছেন, ‘গত ছয় মাসে আমাদের ব্যাটিং খারাপ হচ্ছে। ধারাবাহিকভাবেই নিচের দিকে যাচ্ছে। এটা নিয়ে কাজ করতে হবে। আসলে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু যখনই রিয়েলিটি চেকটা হয়, তখন কিন্তু আমরা ব্যর্থই হয়েছি। এটা ভালো যে বিশ্বকাপের আগে  এই টুর্নামেন্টটা হয়েছে। ব্যাটিং নিয়ে অবশ্যই আমরা চিন্তিত। বেশ কিছুদিন ধরেই আমরা ভালো ব্যাটিং করছি না। সে জায়গাগুলো দেখার এবং চিন্তা করার আছে। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট খুবই কাজে দিয়েছে। রিয়েলিটি চেকটা দরকার ছিল আমাদের। দ্বিপক্ষীয় সিরিজে আমরা সব সময়ই ভালো খেলি। বলতে পারবেন না এসব সিরিজে আমরা কখনো খারাপ দল ছিলাম।’