রিসেট

সাসপেন্স: বিদায়ের আগে ‘সুখকর’ রায় দিয়ে যেতে চান পাকিস্তানের প্রধান বিচারপতি

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর (বুধবার), ২০২৩ Archive 2022Source: মানবজমিন ডেস্ক

দিন ফুরিয়ে যাচ্ছে দ্রুতই। বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসছে। আগামী ১৬ই সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। তার পরিবর্তে প্রধান বিচারপতি হবেন কাজি ফয়েজ ইসা। এর আগে বান্দিয়াল সংক্ষিপ্ত ও সুখকর একটি রায় দিয়ে যেতে চান। এমন খায়েস প্রকাশ করেছেন নিজেই। এমন সাসপেন্স তৈরি করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ন্যাশনাল একাউন্টেবিলিটি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২২-এর অধীনে মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিন সদস্যের বেঞ্চে তিনি শুনানি করছিলেন।

এ মামলায় তিনি সংক্ষিপ্ত এবং সুখকর রায় খুব শিগগিরই দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও অন্য দু’জন বিচারক মানসুর ও ইজাজুল আহসানের সমন্বয়ে গঠিত হয়েছে তিন সদস্যের বেঞ্চ। সেখানেই ওই সংশোধিত আইনকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছেন ইমরান খান। মঙ্গলবার তা শুননি শেষে প্রধান বিচারপতি ওই মন্তব্য করেন। তিনি বলেন, রায় ঘোষণার দিন পরে জানানো হবে। প্রধান বিচারপতি বলেন- আমার অবসরে যাওয়ার সময় নিকটবর্তী। তাই অবসরে যাওয়ার আগে একটি রায় দিয়ে যেতে চাই। 

ওদিকে রাষ্ট্রপক্ষে  এটর্নি জেনারেল মানসুর উসমান আওয়ানের পক্ষে প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত এটর্নি জেনারেল। তিনি আদালতকে বলেন, জরুরিভিত্তিতে বিদেশ সফরে যাওয়ার কারণে এটর্নি জেনারেল উসমান আদালতে উপস্থিত হতে পারেননি। এদিন শুনানির শুরুতে পিটিআইয়ের আইনজীবী খাজা হ্যারিস আদালতের সামনে তার চূড়ান্ত যুক্তিতর্ক তুলে ধরেন। এদিন প্রধান বিচারপতি বলেন, জববিদিহিতা বিষয়ক ব্যুরো (এনএবি) যে কারণকে রেফারেন্স হিসেবে দেখিয়েছে তার আইন পক্ষপাতী। তিনি আরও বলেন, এনএবির আইনের ২৩ নম্বরের ধারা প্রথমে সংশোধন করা হয় মে মাসে। দ্বিতীয়বার জুনে। মে মাসের আগেই যে রেফারেন্স পাঠানো হয়েছে, তা এখনও এনএবিতে আছে। এনএবির পক্ষে এসব প্রশ্নের জবাব কে দেবেন। জবাবে আইনজীবী বলেন, আইন সংশোধন করার পরে অনেক মুলতবি মামলা ফিরিয়ে আনা হয়েছে।