রিসেট

রাগে-ক্ষোভে রিয়াজের স্ত্রী বললেন মরলে বাঁচি

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর (বুধবার), ২০২৩ Archive 2022Source: ইমরান আলী

মাথার উপর ফ্যান ঘুরছে। সেদিকে অপলক তাকিয়ে  ফজিলা বেগম। চোখের কোণে পানি ।  পাশে  তার মেয়ে খাদিজা অনুরোধ করছেন, মা আর কতো রাগ করে থাকবা! খাও একটু। ফজিলা বেগমের একরাশ অভিমান। কিছুই মুখে তুলছেন না। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কয়েকটা বিস্কুট। ফজিলা এসেছেন বরিশালের মুলাদী থেকে। পেটের টিউমারের অপারেশন করাতে। উঠেছিলেন রাজধানীর আমিনবাজারে থাকা মেয়ে খাদিজার বাসায়। অভাবের সংসার খাদিজার। তবু মাকে নিয়ে এসেছেন নিজ দায়িত্বে ঢাকায় অপারেশন করাতে। বললেন, আজ আটদিন  হাসপাতালে ভর্তি। বাসায় বাচ্চাদের রেখে মায়ের কাছে আছি। টিউমারের অপারেশন শেষে ভাবলাম- ভালোভাবে বাসায় যাবো। কিন্তু এরপরেই মায়ের জ্বর এলো।  হাসপাতাল থেকে রিলিজ নেয়া হলো না আর।ডাক্তার পরীক্ষা দিলেন। ধরা পড়লো ডেঙ্গু। এক অসুখ থেকে মা আমার পড়লো আরেক অসুখে। সোহরাওয়ার্দী  মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের বেডে অভিমান নিয়ে শুয়ে থাকা ফজিলা এতক্ষণ চুপ করেই ছিলেন।  মেয়ের কথা শুনে প্রতিবেদককে  প্রশ্ন করলেন, কী হইলো এইটা? আমি তো এইখানেই ছিলাম। আমার ক্যামনে ডেঙ্গু হইলো? ব্যকুল হয়ে আছেন ফজিলা গ্রামে ফিরে যেতে।  বললেন, হাসপাতাল থেকে ডেঙ্গু হলে বাড়ি ক্যামনে যাবো? মায়ের কথা শুনে মেয়ে খাদিজা কেঁদে ফেললো। 
খাদিজা বা ফজিলার মতো আরও অনেকেই সে ওয়ার্ডে রয়েছেন। মঙ্গলবার বিকেলের দৃশ্য এটা। রোগী- স্বজনদের চোখে মুখে হতাশার ছাপ।

সেখান থেকে বের হয়ে ৫২৮ নং ওয়ার্ডে গেলে ছোট একটি কাগজের ব্যানার চোখে পড়লো। মোটা কালীতে লেখা "ডেঙ্গু ওয়ার্ডের শুভ উদ্বোধন"। হয়তো ওয়ার্ডটি সম্প্রতি খোলা হয়েছে ডেঙ্গু রোগীদের জন্য। ভেতরে যেতেই দরজার সামনে বসে ছিলেন করুণমুখে এক ভদ্রলোক। পাশের বেডে শুয়ে  বৃদ্ধ। নাকে স্যালাইনের নল লাগানো। তারা  চারদিন হলো এখানে ভর্তি আছেন। বসে থাকা ভদ্রলোক জানালেন, রোগী তার শ্বশুর। তিনি শ্বশুর হারুনুর রশিদকে নিয়ে এসেছেন  স্বরূপকাঠি-নেছারাবাদ থেকে। বললেন, আমার শ্বশুরের শুরুতে জ্বর হলো। স্থানীয়  ক্লিনিকে ভর্তি করালাম। দু’দিন পর অবস্থার উন্নতি না হলে নিলাম বরিশাল মেডিকেলে। সেখানেও ভালো হচ্ছিল না।  শেষে ঢাকায় সোহরাওয়ার্দীতে নিয়ে এলাম। কী এক মুসিবতে আছি বলেন! এই বয়সে লোকটার ওপর কী পরিমাণ ধকলই না যাচ্ছে! কথা শেষে
প্রশ্ন করলেন,  ডেঙ্গু কি কমবে না মানুষের, আর কতো ভুগবো? 

তাদের পাশের আরেক বেডে গতকালই ভর্তি হয়েছেন চল্লিশোর্ধ্ব আরেকজন।  সঙ্গে স্ত্রী আছেন। তারা থাকেন  রাজধানীর আদাবর। স্ত্রী বললেন, মনসুরাবাদে এক প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করাচ্ছিলাম। অনেক খরচ। বাধ্য হয়ে নিয়ে এলাম এখানে। 
এতটুকু বলেই চুপ করে রইলেন। পরিবারের কী অবস্থা জানতে চাইলে বিছানায় শুয়ে থাকা রোগী বললেন, আমার নাম রিয়াজ। আদাবর ভাড়া বাসায় থাকি। কিছুই বুঝতেছি না। বাসায় ছোট বাচ্চাদের রেখে আসছি। রিয়াজের কথা শেষ না হতেই তার স্ত্রী চিৎকার করে উঠলেন। এসব প্রশ্ন করছেন কেন? কী দরকার আপনাদের? আর কতো প্রশ্ন? রিকশা চালায় আমার স্বামী।  আটটাদিন ধরে জ্বরে পড়ছে। কাল নিয়ে এসে ভর্তি করেছি এইখানে। কী খাই না খাই তার হিসাব আছে? একদিন রিকশা না চালালে ঘরে চাল থাকে না। তার উপর হইলো ডেঙ্গু। এই দোষ কি আমাদের? হাতে কিসের সব কাগজ ধরায় দেয় সিটি করপোরেশনের লোকজন।  সচেতন হইতে কয়। ভাইরে নিজের ঘর পরিস্কার রাখছি। আশে পাশে কে পরিষ্কার রাখবো? আজকে হাসপাতালে পইড়া আছি। অন্য অসুখ বিসুখ হইলে কথা ছিল। মশার কামড়ে এই হাল। যান তাদের গিয়া প্রশ্ন করেন যারা মশা মারতে পারে না… ডেঙ্গু কমাইতে পারে না।  মরলে বাঁচি…

রিয়াজের চোখে তখন পানি… আস্তে করে বললেন, ভাই থাক, আর কিছু জিজ্ঞাসা কইরেন না। কপালের লেখা ছিল বোধহয়…
প্রতিবেদকের চলে আসার পথে হাসপাতালের নীচতলায় দেখা গেল এক নারী বারান্দায় পড়ে থাকা বেডে শোয়া তার স্বামীর মাথায় পানি ঢালছেন আর কাঁদছেন । জ্বর কমছে না কোনোভাবেই। বললেন, সেই নেত্রকোনা থেকে আসছি… একটু দোয়া কইরেন। বাসায় নিয়া যাই, যা আছে কপালে। আর কতো জায়গায় ঘুরবো এইভাবে!