হাইব্রিড মডেলে আয়োজিত এবারে এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কা। বৃষ্টির মৌসুম না চললেও শেষ কিছুদিন দেশটিতে অতি বৃষ্টিপাত হচ্ছে। গ্রুপ পর্বে ইতিমধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। এ কারণে সুপার ফোরের শ্রীলঙ্কা পর্বের আগে বৃষ্টি বাধা এড়াতে ভেন্যু পরিবর্তনের পরিকল্পনা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কায় গ্রুপপর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ক্যান্ডির পাল্লেকেল্লে স্টেডিয়ামে। ফাইনালসহ সুপার ফোরের ৫টি ম্যাচ হওয়ার কথা কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। কিন্তু কলম্বো শহরের উত্তরাঞ্চলে গত কিছুদিন ধরে ভারী বৃষ্টির কারণে বন্যা হয়েছে। প্রেমাদাসা স্টেডিয়াম থেকে বন্যার অঞ্চলটা খুব বেশি দূরে নয়। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও দুই সপ্তাহ টানা বৃষ্টি হবে কলম্বোয়।
সেটা হলে, ভারত-পাকিস্তান তো বটেই সুপার ফোরের ম্যাচগুলোও ভেসে যাবে। এতে এসিসি ও প্রধান সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে । এ কারণেই জরুরি ভিত্তিতে ভেন্যু পরিবর্তনের জন্য এসিসির সঙ্গে আলোচনায় বসে এশিয়া কাপের সম্প্রচারকারী সংস্থা ডিজনি স্টার। ইতিমধ্যে স্বাগতিক দুই দেশের ক্রিকেট বোর্ডও (এসএলসি ও পিসিবি) ভেন্যু পরিবর্তনে সম্মতি দিয়েছে।
যদিও কলম্বোয় বৃষ্টির মৌসুম শুরু হয় অক্টোবর থেকে। গত ৯ বছরে সেপ্টেম্বর মাসে প্রেমাদাসা স্টেডিয়ামে এখন পর্যন্ত ৯ টি ম্যাচ আয়োজিত হয়। যেখানে মাত্র দুটি ম্যাচই বৃষ্টি বাধায় পড়েছিল। যদিও ফল হয়েছে সব ম্যাচের।
তবে এবার আবহাওয়া সম্পূর্ণ বিরুপ আচরণ করছে। এমনকি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর মতে, সুপার ফোরে নির্ধারিত সূচির দিন কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হলে আবার বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিকল্প ভেন্যু হিসেবে ক্যান্ডি থেকে ৭০ কিলোমিটার দূরের শহর ডাম্বুলার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। এই মাঠেই ২০১০ সালের এশিয়া কাপের ফাইনাল মাঠে গড়িয়েছিল। তবে এতো দ্রুত সময়ের মধ্যে এশিয়া কাপের ম্যাচ আয়োজনে মাঠটি প্রস্তুত নয়। এছাড়া সেখানে ফ্লাডলাইট ঠিক করার কাজও চলছে এখন। আর সেখানকার আবাসন ব্যবস্থা নিয়ে ভারতের অসন্তুষ্টি তো রয়েছেই।
ডাম্বুলা না হলে ‘শেষ বিকল্প’ হতে পারতো হাম্বানটোটা। কিন্তু শ্রীলঙ্কার দক্ষিণের এই বন্দর নগরীতে অবস্থিত এই স্টেডিয়ামটির কাছাকাছি কোনো হোটেল নেই। জঙ্গল ঘেঁষা এই মাঠের আবাসন ব্যবস্থাও সন্তোষজনক নয়।
হাম্বানটোটা নিয়ে আপত্তি রয়েছে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসেরও। বাকি ম্যাচগুলো দুটি শহরে আয়োজনে আগ্রহী নয় তারা। কারণ হিসেবে সম্প্রচারের সরঞ্জাম আনা-নেওয়ার ক্ষেত্রে বাড়তি ঝামেলার কথা জানায় তারা। এছাড়া সড়ক পথে তাদের অতিরিক্ত একটি ভেন্যুতে সম্প্রচার সংশ্লিষ্ট সরঞ্জাম, ক্যামেরাপার্সন ও অন্যান্য লোকবল পাঠানোর ঝামেলা নিতে চায় না ভারতীয় এই চ্যানেলটি।
সবমিলিয়ে শেষ পর্যন্ত কলম্বোর আরেক স্টেডিয়াম পিসারা ওভালের কপাল খুলে যেতে পারে। এই মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে হয়েছে ২০০৭ সালে। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ওভাল না হলে বাকি থাকে সিংহলিজ স্টেডিয়াম। যে মাঠে সর্বশেষ ওয়ানডে হয়েছে ৩ বছর আগে। আগামী বুধবার থেকে শুরু সুপার ফোর পর্ব। প্রথম ম্যাচ পাকিস্তানে হলেও বৃহস্পতিবার থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ শ্রীলঙ্কায়। ফলে ভেন্যু পরিবর্তনে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এসিসি ও দুই আয়োজক দেশকে।
