জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন পেট্রোল পাম্প মালিকদের একাংশ। এর ফলে গতকাল থেকে খুলনার রাষ্ট্রায়ত্ত ৩ ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং খুলনা বিভাগের ১০টি জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন তেল নিতে আসা গ্রাহকরা।
এদিকে সোমবার সকালের আগে নারায়ণগঞ্জ ডিপো থেকে তেল পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া। তিনি বলেছেন, হয়তো সোমবার সকালের আগে নারায়ণগঞ্জ ডিপো থেকে তেল উত্তোলন সম্ভব হবে না। গতকাল রাজধানীর কাওরান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে এ কথা বলেন তিনি। অনুপম বড়ুয়া বলেন, সারা দেশে পেট্রোল পাম্পগুলো খোলা আছে। পেট্রোল পাম্পগুলোতে তেলও রয়েছে।
অন্যদিকে, খুলনা থেকে স্টাফ রিপোর্টার জানান, জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। এর ফলে গতকাল থেকে খুলনার রাষ্ট্রায়ত্ত ৩ ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং খুলনা বিভাগের ১০টি জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। জ্বালানি তেল ব্যবসায়ীদের ৩ দফা দাবিগুলো হলো- জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংক-লরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।
বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা মেঘনা ও যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি এই ধর্মঘটের ডাক দিয়েছেন। বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, বর্তমানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়াতে হবে। তা না হলে আমরা টিকে থাকতে পারবো না। এই ধর্মঘটের ফলে খুলনার রাষ্ট্রায়ত্ত ৩ ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং খুলনা বিভাগের ১০টি জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বৃদ্ধিসহ ৩ দফা দাবি পূরণে ৩১শে আগস্ট পর্যন্ত বেঁধে দেয়া সময়সীমার মধ্যে সরকার দাবি পূরণ না করায় রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখা হয়েছে।
তেল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত অপরিবর্তিত থাকায় গতকাল রাত থেকেই খুলনার পাম্পগুলোতে ভিড় বাড়তে থাকে। সরজমিন কয়েকটি পাম্প ঘুরে দেখা যায়, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল নিয়ে তেলের জন্য দাঁড়িয়ে আছেন অনেকেই। খুলনার নতুন রাস্তার মোড়ের এলেনা পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। খুলনা নগরীর পাওয়ার হাউস মোড় এলাকায় সিটি করপোরেশনের পেট্রোল পাম্পেও দীর্ঘ লাইন ছিল মধ্যরাত পর্যন্ত। গতকাল সকালে খালিশপুর, দৌলতপুর, বয়রা, ফুলবাড়ী গেটের কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, সেখানে তেল সরবরাহ করা হচ্ছে না। খালিশপুরের ৩টি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা থেকে তেল সরবরাহ করা হচ্ছে না। সেখানে কয়েকশ’ ট্যাংক-লরি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গত ২৩শে আগস্ট খুলনার নিউমার্কেট এলাকায় আয়োজিত প্রস্তুতি সভায় জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ ৩ দফা দাবি পূরণে ৩১শে আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন জ্বালানি তেল ব্যবসায়ীরা।
এ বিষয়ে সমিতির সভাপতি আলহাজ আবদুল গফফার বিশ্বাস বলেন, ইতিপূর্বে সরকার আমাদের সঙ্গে সমঝোতার নামে প্রহসন করেছে। এবার দাবি না মানা পর্যন্ত কোনো জ্বালানি তেল সরবরাহকারী ডিপো থেকে তেল উত্তোলন করবে না। কর্তৃপক্ষের উচিত হবে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে দাবি মেনে নেয়া।
সোমবার সকালের আগে নারায়ণগঞ্জ ডিপো থেকে তেল পাওয়া নিয়ে সংশয়: সোমবার সকালের আগে নারায়ণগঞ্জ ডিপো থেকে তেল পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া। তিনি বলেছেন, হয়তো সোমবার সকালের আগে নারায়ণগঞ্জ ডিপো থেকে তেল উত্তোলন সম্ভব হবে না। গতকাল রাজধানীর কাওরান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে এ কথা বলেন তিনি। অনুপম বড়ুয়া বলেন, সারা দেশে পেট্রোল পাম্পগুলো খোলা আছে। পেট্রোল পাম্পগুলোতে তেলও রয়েছে। কোনো কোনো ডিপোতে সাপ্লাই লাইনের তেল উত্তোলন বাধাগ্রস্ত হচ্ছে, এতে করে একটু তেল সংকট হতে পারে। আমরা একটু আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। যারা তেল উত্তোলনের সিরিয়ালে আছেন তারা যেন উত্তোলন করতে পারে, সে বিষয়ে যেন পদক্ষেপ নেন তা বলা হয়েছে।
তিনি বলেন, আপনারা দেখেছেন সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ অঞ্চলে কোনো ধর্মঘট নেই। সেখানে সবকিছু স্বাভাবিক চলছে। আমরা আশা করছি, আজকের মধ্যে যারা ধর্মঘট ডেকেছেন তারা একটা সিদ্ধান্ত নেবেন। ?না হলে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো। বিপিসি’র এই পরিচালক বলেন, নারায়ণগঞ্জ থেকে প্রথমে জেট ফুয়েলের যে গাড়িগুলো অপেক্ষায় আছে, সেই গাড়িগুলোর তেল উত্তোলন করা হবে। এবং নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছে যাবে। এরপরে অন্য গাড়িগুলোর তেল উত্তোলনের ব্যবস্থা করতে বলা হয়েছে জেলা প্রশাসককে।
পরে আবার বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, বিমান চলাচল বন্ধ হয়ে যাবে বলে জেট ফুয়েলের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু একটু পরে ঢাকা শহরের গাড়িগুলোর চলাচল যে বন্ধ হয়ে যাবে, সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না কেন?
ঢাকা শহরের পেট্রোল পাম্পগুলোতে তেল না থাকায় একটা সংকট তৈরি হয়েছে। এই সংকটের দায় বিপিসি কীভাবে এড়ায় জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনুপম বড়ুয়া বলেন, প্রতিমন্ত্রীর অফিস থেকে তারা যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন তাতে আমরা ধারণা করিনি তারা এই ধরনের স্ট্রাইকে যাবে। তাদের স্ট্রাইকে আমরা বিস্মিত হয়েছি। তেল সরবরাহ ঠিক রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা ডিপোগুলোর অংশে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিচ্ছি।
পেট্রোল পাম্প মালিকদের দাবি, ডিজেলের ২ ভাগ, পেট্রোলের ৩ ভাগ এবং অকটেনের ৪ ভাগ কমিশন বাড়িয়ে সাড়ে ৭ ভাগ করতে হবে। একইসঙ্গে তাদের শিল্প থেকে বাদ দিয়ে কমিশন এজেন্ট ঘোষণা করে গেজেট আকারে প্রকাশ করতে হবে। এ ছাড়া পুরাতন ট্যাংকলরি অবসরের সময় ২৫ বছর থেকে বাড়াতে হবে। এরমধ্যে জ্বালানি মন্ত্রণালয় তাদের কমিশন এজেন্ট হিসেবে প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু বাকি দুই দাবি পূরণ না হওয়ায় তারা ধর্মঘট অব্যাহত রেখেছেন। ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ রেখেছেন তারা। এতে অনেক পাম্পে সকাল থেকে বিক্রি হলেও দুপুর গড়াতে না গড়াতেই তেল শেষ হয়ে যায়। ফলে বন্ধ আছে বিক্রি।
বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি (ঢাকা) রেজাউল করিম রেজা বলেন, রোববার তারা কোনো তেল উত্তোলন করেননি। তাদের সঙ্গে কেউ মিটিংও করেনি। পেট্রোল পাম্প মালিক সমিতির একাংশের মহাসচিব মো. মিজানুর রহমান রতন বলেন, একপক্ষ দালালি করছে। কিন্তু তাদের সংখ্যা হাতেগোনা। তারা পাম্প খোলা রাখলেও লাভ নাই। তেল উত্তোলন তো বন্ধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।
