এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। এবার শিরোপার স্বপ্ন ধারণ করেই দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ৫ উইকেটে। তাও ৬৬ বল বাকি থাকতে। হবে না কেন! টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা। স্বাভাবিকভাবেই এমন শুরু নিশ্চিয়ই দেশের ক্রিকেটপ্রেমীরা আশা করেনি। তবে বাস্তবতা রুঢ়, ভাবনার উল্টোটা হতেই পারে। লঙ্কায় হার নিয়ে বাংলাদেশ দল উড়ে গেছে পাকিস্তানে। সেখানে আফগানিস্তানের সঙ্গে দ্বিতীয় ম্যাচে বাঁচা-মরার লড়াই। জিতলে টিকে থাকবে দ্বিতীয় রাউন্ডের সুযোগ। হারলে একরাশ হতাশা নিয়ে ফিরতে হবে দেশে। আফগানদের বিপক্ষে দলে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নামেন ওপেনার নাঈম শেখ ও সঙ্গী মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ, চমকটা এখানেই। সব শেষ তিনি প্রথমবার এশিয়া কাপেই ওপেনিং করেছিলেন ২০১৮ এর ফাইনালে। শুরুটাও দারুণ ছিল, তবে নাঈম আউট হওয়াতে ধাক্কা খায় দল।
আরো বড় ধাক্কা, ওয়ান ডাউনে হঠাৎ তাওহীদ হৃদয়! অথচ এই পজিশনে আগের ম্যাচে ৮৯ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এক কথায় এশিয়া কাপে টাইগারদের সবকিছু যেন এলোমেলো। কি কারণে এমন কঠিন পরিস্থিতিতে দল? এ নিয়ে দৈনিক মানবজমিনকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘দেখেন প্রথমত এশিয়া কাপে যাওয়ার আগে দেড় মাস ওয়ানডে খেলেনি বাংলাদেশ। এরপর যখন অনুশীলনটা শুরু হলো সেখানে বৃষ্টি। আর দল ঘোষণার আগে তামিম ইকবাল ইস্যুতে যা হয়েছে তারও একটি প্রভাব আছে। এসব কারণে ক্রিকেটারদের মনোযোগটা ক্রিকেটে ছিল না। অন্যদেশগুলো খেলায় ছিল, তাদের মাঠের বাইরে এমন কোনও ঘটনাও ছিল না। আমি বলবো এখানে বড় পার্থক্যটা তৈরি হয়েছে। তবে ধিরে ধিরে সব ঠিক হয়ে যাবে।’ বাংলাদেশ দলের মাঠের বাইরে একের পর এক বিতর্কিত ঘটনা প্রভাব ফেলবে এমনটাই শঙ্কা ছিল, হয়েছেও তাই। এশিয়া কাপে দলকে দেখে মনে হয়েছে আত্মবিশ্বাস তলানিতে। আবার কখনো মনে হয়েছে অতী আত্মবিশ্বাস! এ নিয়ে নাজমুল আবেদিন বলেন, ‘না, এমনটাও না, প্রথমে বললাম যে আমরা ভালো প্রস্তুতি নিয়ে সেখানে যাইনি। এছাড়াও দল নির্বাচনে এ থাকবে কি ও থাকবে না, অধিনায়ক কে হবেন না হবেন না।
এছাড়াও ইনজুরির কারণে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারও নেই। বলতে পারেন একটা অনাদর্শ পরিবেশ তৈরি হয়েছিল তাতে প্রস্তুতি মোটেও ভালো হয়নি। এমন হলে ক্রিকেটার মানসিকতাও বিভিন্ন দিকে ছুটছে। এ সব নিয়ে আমরা প্রথম ম্যাচে ঠুকেছি, যার ফলাটাও বড় ক্ষতির মধ্যে দিয়ে দিতে হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে হারতে হয়েছে বড় ব্যবধানে। কারণ আমরা ছাড়া বাকি সব দলই খেলার মধ্যে ছিল।’ আগেই ধারণা করা হচ্ছিল এশিয়া কাপে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে ওপেনিং। দেশসেরা ওপেনার তামিম নেই, শেষ মুহূর্তে দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারেননি আরেক সেরা ওপেনার লিটন কুমার দাস। তাই দলের ওপেনিংয়ে ভরসা ছিলো অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ তানজিদ হাসানের তামিমের ওপর। হলোও তাই, নিজের প্রথম ম্যাচে ফিরেছেন ০ রানে। সঙ্গে আরেক ওপেনার নাঈম শেখও ব্যর্থ। আর সেই কারণেই দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে মিরাজের সঙ্গে নাঈম! শুধু তাই নয় ওয়ান ডাউনে হঠাৎ তাওহীদ হৃদয়কে নামানো হলো।
যে কিনা ফিরে গেছেন শুন্যতেই। আর এক ম্যাচ খেলিয়ে তামিমকে বাদ দেয়ার কারণটাও জানা জায়নি! তাই দ্বিতীয় ম্যাচেও পরিকল্পনা দেখে দলকে বেশ এলোমেলোও মনে হয়েছে। দেশের অন্যতম সেরা কোচ ও সাকিব আল হাসানের গুরু নাজমুল আবেদিন অবশ্য এ ভাবে ভাবছেন না। তিনি বলেন, ‘দেখেন তানজিদ তামিমকে দলে নেয়া হয়েছে একটি বিশেষ পরিস্থিতিতে। তামিম ইকবাল ছিল না, তার বিকল্প ভাবতে হয়েছে। আর যদি লিটন দাসও একাদশে থাকতো তখনো হয়তো জুনিয়র তামিমকে খেলানো হতো না। আর শুরুটা ভালো হয়নি তার। তাই আজকের ম্যাচে (গতকাল) যখন আমাদের জিততেই হবে সে কারণেই হয়তো দলের যাদের ওপর সবচেয়ে বেশি আস্থা তাদের নিয়ে পরিকল্পনা হয়েছে। ব্যাটিং নিয়ে যে আমাদের সবার মধ্যে আস্থার অভাব ছিল সেটি থেকে বের হতেই হয়তো এই পরিকল্পনা।’
