ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে ১৪৪তম খেলোয়াড় হিসেবে অভিষেক হলো শামীম হোসেন পাটোয়ারীর। টি-টোয়েন্টিতে তার অভিষেক হয় ২০১৯-এ। জাতীয় দলের জার্সি গায়ে এরই মধ্যে ১৭ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন শামীম। তবে ওয়ানডে একাদশে প্রথমবারের মতো জায়গা পেলেন এ লোয়ার অর্ডার ব্যাটসম্যান। ক্যারিয়ারে লিস্ট ‘এ’ ক্রিকেটে শামীম খেলেছেন ৪৮ ম্যাচ। যেখানে ব্যাট হাতে ৪৪ ইনিংসে করেছেন ১ হাজার ৯৩ রান। ছয় অর্ধশতক ছাড়াও আছে একটি সেঞ্চুরি। গড় ২৯ এর কিছুটা নিচে। স্ট্রাইক রেট ৮০ এর উপরে। গতকাল মুশফিকুর রহীম রান আউট হওয়ার পর ক্রিজে আসেন শামীম পাটোয়ারী। আর আন্তর্জাতিক ওয়ানডেতে মোকাবিলা করা প্রথম বলেই হাঁকান ছক্কা। এদিন শামীমের উইকেটও কাটা পড়ে রানআউটে। ৬ বলে ১১ রান করে আউট হন ২৩ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান।
