রিসেট

কিশোরগঞ্জে কঠিন চ্যালেঞ্জে তিন এমপি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর (রবিবার), ২০২৩ Archive 2022Source: আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে

গোপালগঞ্জের পর আওয়ামী লীগের ‘দ্বিতীয় দুর্গ’ বলা হয়ে থাকে কিশোরগঞ্জ জেলাকে। এ জেলায় বর্তমানে ৬টি সংসদীয় আসন রয়েছে। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচন থেকে বিগত ৩টি নির্বাচনে ৬টি আসনের মধ্যে ৫টি আসন আওয়ামী লীগের এবং একটি আসন মহাজোটের শরিক জাতীয় পার্টির দখলে রয়েছে। আওয়ামী লীগের ৫টি আসনের মধ্যে ৩টি আসনে আবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ৩ জন সাবেক প্রেসিডেন্টের সন্তান। তারা হলেন- কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে প্রয়াত প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানের পুত্র বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আওয়ামী লীগের অন্য ২ জন সংসদ সদস্য হলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে শিল্পপতি আলহাজ মো. আফজাল হোসেন। অন্যদিকে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু। জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী সমঝোতা হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও হয়তো এই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হবে। সেক্ষেত্রে পুরনো ছকেই ৫টি আসনে লড়বেন আওয়ামী লীগ প্রার্থীরা। জেলায় আওয়ামী লীগের ৫টি আসনের মধ্যে ২ প্রেসিডেন্ট পুত্রের আসনে দৃশ্যত দলীয় মনোনয়ন নিয়ে কোনো টানাপড়েন নেই। ফলে কিশোরগঞ্জ-৬ আসনে নাজমুল হাসান পাপন এবং কিশোরগঞ্জ-৪ আসনে রেজওয়ান আহাম্মদ তৌফিক দলটির প্রার্থী হচ্ছেন- এমনটাই নিশ্চিত। তবে বাকি ৩টি আসনেই দলীয় মনোনয়ন ঘিরে উত্তাপ বাড়ছে আওয়ামী লীগে। দলীয় মনোনয়ন নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছেন ৩ এমপি মো. আফজাল হোসেন, নূর মোহাম্মদ ও ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। দলীয় মনোনয়নের শক্ত বাধা পেরিয়ে তারা মূল নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হতে পারেন কিনা, সে নিয়ে আলোচনা ও গুঞ্জনের শেষ নেই।

বাজিতপুর এবং নিকলী উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৫ নির্বাচনী এলাকা। এ আসনের টানা ৩ বারের সংসদ সদস্য মো. আফজাল হোসেন। আগামী নির্বাচনেও মো. আফজাল হোসেন আওয়ামী লীগের মনোনয়নে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আওয়ামী লীগের ভেতরে-বাইরে তাকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা রয়েছে। স্থানীয়ভাবে আলোচনা রয়েছে, দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে গত এপ্রিলে অবসরে যাওয়া মো. আবদুল হামিদের একজন একনিষ্ঠ অনুসারী সংসদ সদস্য আফজাল হোসেন। মো. আবদুল হামিদ প্রেসিডেন্ট থাকাকালে তার আশির্বাদের কারণে আফজাল হোসেন এমপি হিসেবে খুবই ক্ষমতাধর ছিলেন। এ সুযোগে তিনি স্থানীয় রাজনীতিতে আত্মীয়করণের বীজ বপন করেছেন। এমপি আফজাল তার ছোট ভাই আনোয়ার হোসেন আশরাফকে বাজিতপুর পৌরসভার মেয়র বানানোসহ তার বেশ কয়েকজন আত্মীয়-স্বজনকে ইউপি চেয়ারম্যান বানিয়েছেন। 

ওদিকে তার দলীয় মনোনয়ন ঠেকাতে একাট্টা হয়ে মাঠে রয়েছে আওয়ামী লীগের একটি অংশ। এমপি আফজাল হোসেনের বিরুদ্ধে ওঠা অসংখ্য অভিযোগের নালিশ গেছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের টেবিলেও। গত ১৩ই মে ওবায়দুল কাদের এর সঙ্গে বাজিতপুর-নিকলী উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ দেখা করে এসব নালিশ করেন। বাজিতপুরের সন্তান ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে আরও ছিলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আলাউল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শেখ নূরুন্নবী বাদল, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রহমান বোরহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মাস্টার, সাংবাদিক ও কৃষক নেতা ফারুক আহম্মেদ, বাজিতপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গোলাম রসুল দৌলতসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ। এ ছাড়া এমপি আফজালের মনোনয়ন ঠেকাতে বর্তমান সময়ে এ আসনের আওয়ামী লীগের অন্য মনোনয়ন প্রত্যাশী সবাই এক মঞ্চে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তারা এক মঞ্চে সভা-সমাবেশের মাধ্যমে প্রার্থী বদলের ডাক দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শেখ নূরুন্নবী বাদল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল সিআইপি, জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি সাংবাদিক ফারুক আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মো. রফিকুল ইসলাম মিল্টন প্রমুখ। গত আগস্ট মাসজুড়ে সেখানে একই চিত্র দেখা গেছে। ফলে স্থানীয় আওয়ামী লীগে এখন একটি যুদ্ধংদেহী অবস্থা চলছে। ঘটছে হামলা-মারপিটের ঘটনাও। 

কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-২ আসন। এ আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি, সচিব ও রাষ্ট্রদূত নূর মোহাম্মদ। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন কেন্দ্রিক কোন্দল নজিরবিহীন পর্যায়ে ঠেকেছে। দাঙ্গা-হাঙ্গামা, হামলা-মামলা যেন নৈমত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এ আসনের পাকুন্দিয়া উপজেলায় বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ এবং সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিনের অনুসারীদের মধ্যে সব সময়েই একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান রয়েছে। এই ২ জন ছাড়াও এ আসনে আওয়ামী লীগের অন্য মনোনয়ন প্রত্যাশীরা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজল, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এডভোকেট মোখলেসুর রহমান বাদল, বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ, স্বাস্থ্য বিভাগের সাবেক মহাপরিচালক চক্ষু বিশেষজ্ঞ ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ প্রমুখ। মনোনয়ন প্রত্যাশীদের ঘিরে দল-উপদলে বিভক্ত হয়ে পড়ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর প্রভাব পড়ছে তৃণমূলেও।

এদিকে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর এই ২ উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-১ আসন। বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট শহীদ সৈয়দ নজরুল ইসলাম এবং তার সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের পরিচ্ছন্ন ভাবমূর্তি এখানে আওয়ামী লীগের মূল প্রাণশক্তি। বর্তমানে এ আসনের সংসদ সদস্য সৈয়দ নজরুল কন্যা ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। আগামী নির্বাচনে তিনি ছাড়াও সৈয়দ পরিবারের আরও ২ সদস্য আওয়ামী লীগের মনোনয়নে লড়তে চান। তারা হলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম এবং তার চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। অন্যদিকে সৈয়দ পরিবারের বাইরে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আরও বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন এবং সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন। তবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও সৈয়দ আশরাফুল ইসলাম এ আসনের প্রতিনিধিত্ব করায় আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রেও তাদের উত্তরসূরিরাই প্রাধান্য পাবেন বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে সৈয়দ পরিবারকে ঘিরেই মূলত আওয়ামী লীগে হিসাব-নিকাশ চলছে। তবে আগামী নির্বাচনে দলীয় মনোনয়নকে টার্গেট করে এ আসনে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন। এ রকম পরিস্থিতিতে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি এবং কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের নেতৃত্বাধীন গ্রুপের দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ লাভ করেছে। এ ছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে মেজর জেনারেল (অব.) সাফায়েতুল ইসলামকে সামনে রেখেও একটি গ্রুপ নির্বাচনী রাজনীতিতে সক্রিয়। এ ছাড়া নির্বাচনকে সামনে রেখে তৃণমূল আওয়ামী লীগকে চাঙ্গা করার মিশন নিয়ে পুরো আগস্ট মাসজুড়ে সমাবেশ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। এর আগে গত ৩০শে মে তার সমর্থনে সদরের ১১টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগ যৌথ সভা করেছে। এ রকম পরিস্থিতিতে মনোনয়ন ঘিরে উত্তাপ বাড়ছে দলটিতে।