এবারের এশিয়া কাপে বড় লক্ষ্য নিয়েই খেলতে গেছে বাংলাদেশ। কিন্তু শুরুতেই বড় ধাক্কা খেয়েছে তারা। নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৪ রানে অলআউট হয়ে যাওয়া ম্যাচে ৫ উইকেটে হার দেখেছে। এখন আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ টাইগারদের জন্য বাঁচা-মরার লড়াই। যদিও এই ম্যাচে জিতলেও সুপার ফোর নিশ্চিত হবে না সাকিব আল হাসানের দলের। তবে এখনই সুপার ফোরের আশা ছাড়ছেন না নাজমুল হোসেন শান্ত। বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন সুপার ফোরের আশা এখনও টিকে আছে। তবে আপাতত সুপার ফোর নিয়ে চিন্তা না করে পূর্ণ মনোযোগ দিতে চান আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের দিকে। শান্ত বলেন, ‘অবশ্যই সম্ভব (সুপার ফোরে খেলা)। তবে এত দূর চিন্তা না করে আমাদের এখন পরের ম্যাচটা কীভাবে জিততে পারি, সেটা নিয়েই পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমরা ওই ম্যাচটা জেতার জন্যই খেলব। ম্যাচটা যদি জিতি, তাহলে কি পরিস্থিতি দাঁড়ায়, সেটা তখনই দেখা যাবে।’ আফগানিস্তানের বিপক্ষে গত জুলাইয়ে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ।
তবে তার পরই টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল টাইগাররা। এ বিষয়ে শান্ত বলেন, ‘পরের ম্যাচ জেতার জন্যই খেলব। এরপর আসলে কী পরিস্থিতি দাঁড়াবে সেটা বোঝা যাবে। আমরা শেষ দুটি টি-টোয়েন্টি ভালো খেলেছিলাম (আফগানিস্তানের বিপক্ষে)। ওয়ানডে সিরিজটি ভালো যায়নি। আমরা অতীতে কী হয়েছে এটা নিয়ে চিন্তিত না। আমাদের দল খুবই ভালো। আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি তাহলে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে ভালো করা সম্ভব।’ শ্রীলঙ্কার বিপক্ষে এদিন শান্ত ছাড়া আর কোনো ব্যাটার উইকেটে থিতু হতে পারেননি। একপ্রান্ত আগলে রাখা এই ব্যাটার ইনিংসের ৪২তম ওভারে মহেশ থিকসেনার বলে বোল্ড হওয়ার আগে ৭ চারে ৮৯ রান করেন। সেঞ্চুরি হাতছাড়া নয়, পুরো ইনিংস ব্যাটিং না করতে পারার আক্ষেপ রয়েছে তার। তিনি বলেন, ‘না আক্ষেপ নাই, আক্ষেপ একটাই- যদি আমি পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারতাম। এটা যদি করতে পারতাম ভালো লাগত।’ শ্রীলঙ্কার মূল বোলিং আক্রমণের অনেকেই ছিলেন না এই ম্যাচে।
তবুও ভুগতে হয়েছে বাংলাদেশকে। তবে শান্ত অবশ্য আশা হারাচ্ছেন না। আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা সবাই মিলে নিয়েছিলেন বলেও জানান এই বাঁহাতি। শান্ত বলেন, ‘আমরা এমন বোলিংয়ের বিপক্ষেও ভালো করে এসেছি। আজকে হয় নাই, আশা করি সামনের ম্যাচে ভালো হবে। উইকেট দেখে মনে হয়েছে আমাদের ব্যাটিং করা উচিত। আমরা সবাই ক্যাপ্টেন, কোচ একমত ছিলাম সিদ্ধান্তের ব্যাপারে। আমরা ভালো ব্যাটিং করিনি। আমি বলবো না উইকেট সহজ ছিল। কিন্তু আমরা আরও ভালো ব্যাটিং করতে পারতাম।’ নিজেদের ব্যাটিং নিয়ে আক্ষেপ থাকলেও এরকম টুর্নামেন্টে স্পোর্টিং উইকেট আশা করেন শান্ত। তিনি বলেন, ‘আসলে এখানে উইকেট সব সময় ভালোই থাকে। আজকে তেমনটা ছিল না। তবে এগুলো আমাদের হাতে ছিল না। আমাদেরকে আমাদের খেলাটা ভালোভাবে খেলতে হবে। তাই আমরা উইকেট নিয়ে খুব বেশি চিন্তা করি না। তবে এমন বড় টুর্নামেন্টে আমরা স্পোর্টিং উইকেট আশা করি।’
