বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল তার ‘মারদানি’ সিনেমা। ছবিটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি রানী মুখার্জিরও ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হয়ে ওঠে এটি। এরপর ২০১৯ সালে ‘মারদানি-২’ নিয়ে দর্শকদের সামনে আসেন তিনি। নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো সিক্যুয়েলে কাজ করেন অভিনেত্রী। এতে ইন্সপেক্টর শিবানী শিবাজি রায়ের চরিত্রে রানী মুখার্জিকে পুনরায় দেখা যায়। সে ছবিটিতেও রানীর অভিনয় মুগ্ধ করে দর্শকদের। এরপর থেকেই সিনেমাটির তৃতীয় কিস্তির অপেক্ষায় রয়েছে রানীর ভক্তরা।
অপেক্ষার পালা এবার শেষ। ছবিটির তিন নম্বর কিস্তি নিয়ে দ্রুতই হাজির হবেন তিনি। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে রানী মুখার্জি বলেন, আমি শিবানীর চরিত্রে অভিনয় করতে চাই। আমি যখন ‘মারদানি-২’ করি, তখন আমি বেশ নার্ভাস ছিলাম কারণ আমি এর আগে কখনো সিক্যুয়েল করিনি। কারণ যখনই একটি চলচ্চিত্র শেষ হয় তখন আমি আমার চরিত্রগুলোকে পেছনে ফেলে দেই এবং তারপরে আমি জানি না যে আমি আবার সেই অংশটি পুনরায় প্রকাশ করতে পারবো কিনা! ‘মারদানি-২’ করে আমি অবাক হয়েছিলাম যে, আমি অংশটি পুনরায় প্রকাশ করতে পেরেছি। তাই এখন আমি এটিকে আবার ‘মারদানি-৩’ রূপে পুনরায় প্রকাশ করতে চাই। রানীকে সর্বশেষ দেখা গেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ চলচ্চিত্রে। সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও বরাবরের মতো রানীর অভিনয় প্রশংসা কুড়িয়েছে।
