আফ্রিকার দেশ সিয়েরা লিওনে ২০২৩ সালের নির্বাচনসহ গণতন্ত্র অক্ষুণ্ন রাখতে নতুন ভিসানীতি ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সিয়েরা লিওন এবং সারাবিশ্বে গণতন্ত্রকে অক্ষুণ্ন রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, আজ আমি ২০২৩ সালের জুন মাসে সিয়েরা লিওনে হয়ে যাওয়া নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করাদের বিরুদ্ধে একটি বিশেষ ভিসা নীতি ঘোষণা করছি। সংবিধানের অভিবাসন এবং জাতীয়তা আইনের ধারা ২১২(এ)(৩)সি-এর অধীনে এই নীতি ঘোষণা করেন ব্লিঙ্কেন।
এই নীতির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপিসহ সিয়েরা লিওনে গণতন্ত্রকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করবে। হুমকি বা শারীরিক সহিংসতার মাধ্যমে ভোটার, নির্বাচন পর্যবেক্ষক বা সুশীল সমাজের সংগঠনকে ভয় দেখানো, নির্বাচনে কোনো ধরণে কারচুপি কিংবা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্তদের এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হবে বলে জানান ব্লিঙ্কেন। এ ধরনের ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই বিধিনিষেধের অধীনে পড়তে পারে। নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন।
ব্লিঙ্কেন আরও বলেন, আজ যে ভিসানীতি আরোপ করা হয়েছে তা শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তিকে টার্গেট করবে, সিয়েরা লিওনের জনগণের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি। এই সিদ্ধান্ত প্রমাণ করে যে, সিয়েরা লিওনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। অবাধ ও সুষ্ঠু নির্বাচন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায় এবং আইনের শাসন ও গণতন্ত্রকে শক্তিশালী করে।
