শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। আজ বিকাল সাড়ে তিনটায় পাল্লাকেলেতে মুখোমুখি হবে দুই দল। তার আগে চলুন দেখে নেয়া যাক মহাদেশীয় টুর্নামেন্টে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে কারা।
১৯৮৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এশিয়া কাপের ১৪টি আসরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। এতে মাত্র ৩টিতে জিতেছে টাইগাররা। ১২ জয় শ্রীলঙ্কার।
২০১২ সালে এশিয়া কাপে প্রথমবারের মতো লঙ্কানদের হারায় বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ফরম্যাটের সেই ম্যাচে ডিএল মেথডে ৫ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা। আগে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রানের টার্গেট দিয়েছিল লঙ্কানরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৭.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১২ রান করে বাংলাদেশ।
২০১৬ সালে মিরপুরেই টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের ম্যাচে শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছিল টাইগাররা। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৪৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে সমর্থ্য হয় শ্রীলঙ্কা।
সবশেষ ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে সবচেয়ে বড় জয়টি পায় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে ২৬১ রান তোলে টাইগাররা। এরপর লঙ্কানদের মাত্র ১২৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ১৩৭ রানে ম্যাচটি জিতেছিল বাংলাদেশ।
ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপও ৫০ ওভারের করা হয়েছে। এই ফরম্যাটের ক্রিকেটে লঙ্কানদের মোকাবিলায় অতীত ইতিহাস জুতসই নয় টাইগারদের। ১৯৮৬ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মে পর্যন্ত মোট ৫১টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরমধ্যে মাত্র ৯ জয় টাইগারদের। ৪০ জয় লঙ্কানদের।
