এশিয়া কাপ, বিশ্বকাপ পরিকল্পনায় এনামুল হক বিজয়কে রাখাই হয়নি! ক্যাম্পে ডাক পড়েনি। এমনকি এশিয়া কাপের স্ট্যান্ডবাই ও বিকল্প ক্রিকেটারদের তালিকাতেও তার নাম ছিল না। তবে নির্বাচকদের সারপ্রাইজ! সেই বিজয় গতকাল দেশ ছেড়েছেন লিটন কুমার দাসের বিকল্প হিসেবে এশিয়া কাপ খেলতে। অন্যদিকে নানা অনুসন্ধানে জানা গেছে তিনটি কারণে বিজয় ভাবনাতেই ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অন্যতম কারণ ছিল সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে না পারা আর দলীয় শৃঙ্খলা ভঙ্গ। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যেন নাটকীতার শেষ নেই। এশিয়া কাপের আগে থেকে একের পর এক নাটক। জ্বরে ভুগছিলেন ওপেনার লিটন দাস, প্রথম ম্যাচে খেলতে পারবেন না আগেই জানা গিয়েছিল। কিন্তু তার বিকল্প হিসেবে কাকে নেয়া হবে তা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিজেই ছিলেন ধোঁয়াশাতে। মঙ্গলবার পর্যন্ত তারা লিটনকেই ফিরে পাবার আশায় ছিলেন। কিন্তু হঠাৎ করেই ঘোষণা হলো বিজয়ের নাম! কেন হঠাৎ এমন অবাক করা সিদ্ধান্ত! এ নিয়ে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন একজন কিপার ওপেনারকে বিকল্প হিসেবে বেছে নিয়েছেন তারা। তিনি বলেন, ‘দেখেন লিটন দাস একজন উইকেট কিপার ও ওপেনার। আমরা যদি জাকিরকে নিতাম সে মিডল অর্ডার ব্যাটার। আর সাইফ হাসানকে নেয়া যেত কিন্তু ও ডেঙ্গু আক্রান্ত। যে কারণে আমরা বিজয়কেই দলে এনেছি।
এছাড়াও ডানহাতি ও বাহাতি একটা কম্বিনেশনের বিষয় ছিল।’ যদি তাই হয় তাহলে এশিয়া কাপ ও বিশ্বকাপ ভাবনাতে কেন বিজয়কে রাখা হয়নি! ইনজুরির কারণে তামিম ইকবাল ছিটকে গেছেন। ক্রিকেট অনিশ্চিয়তার খেলা এখানে লিটনও যে ছিটকে যাবেন না এমনটাতো ভাবনার কারণ ছিল না। তাহলে বিজয় কিপার ওপেনার হিসেবে দলের সঙ্গে অনুশীলন করে আগে থেকেই মানসিক ভাবে প্রস্তুত থাকতে পারতো। এ নিয়ে বাশার বলেন, ‘বিষয়টা এমন নয়। আমরাতো অনেক বেশি ওপেনার রাখতে পারবো না। দলে তো লিটন ছিলই তার যে জ্বর হবে সেটি তো আর আমরা ভাবকে পারিনি।’ সম্ভবত ভুলটা এখানেই করেছেন নির্বাচকরা। আবার এও গুঞ্জন রয়েছে বিজয়কে দলে নেয়ার সিদ্ধান্তটা এসেছে অধিনায়ক সাকিব আল হাসানের কাছ থেকে। তিনি হয়তো কোচকে রাজি করিয়েছেন। যা জানতেনই না নির্বাচকরা। তবে এমন কথাও উড়িয়ে দিয়েছেন বাশার। তার মতে এটা সবার সম্মিলিত সিদ্ধান্ত।
অবাক হননি ইমরুল কায়েস
হঠাৎ করেই এশিয়া কাপ দলে বিজয়কে নির্বাচকদের সারপ্রাইজ বলা হচ্ছে । তবে জাতীয় দল থেকে বাদ পড়া ওপেনার ইমরুল কায়েস এমন কাণ্ডে মোটেও সারপ্রাইজ হননি।
তিনি মনে করেন বাংলাদেশের ক্রিকেটে এমন ঘটনা নিয়মিতই হয়। তিনি বলেন, ‘একটু অবাক হয়েছি বিজয়কে এই ভাবে হঠাৎ করে দলে ডাকায়। তবে সারপ্রাইজ বলবো না। কারণ বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা নতুন নয়। আমার সঙ্গেও এমন হয়েছে। আমাকে নির্বাচকদের একজন বলেই দিয়েছিলেন ওয়ানডেতে আমাকে ভাবা হচ্ছে না। কিন্তু বিপদে পড়ে আমাকেই ডেকে নিয়েছিলেন এশিয়া কাপে।’ ইমরুলের মতে আগে থেকে প্রস্তুত থাকলে বিজয়ের জন্য এশিয়া কাপের চ্যালেঞ্জ নেয়া সহজ হতো। তিনি বলেন, ‘অবশ্য সে ভালো পছন্দ। আরো আগে সুযোগ পেলে দেশকে অনেক কিছু দিতে পারতো। আমার কথা হচ্ছে এই ভাবে যে দল নিলো তার প্রক্রিয়া নিয়ে। যদি ওকে আগে থেকেই দলে রাখা হতো তাহলে সে নিজেকে তৈরি রাখতে পারতো। স্কোয়াডে রাখতে হবে এমন তো নয়। তামিম নেই, লিটন যে ইনজুরিতে পড়বে না তার নিশ্চয়তা কী! যদি উইকেটকিপার ওপেনারই ভাবনায় থাকতো তাহলে বিজয়কে বিকল্প হিসেবে দলের সঙ্গে অনুশীলন করানো যেত। অন্তত দলের সঙ্গে একটা ছন্দ থাকতো। আমি বলবো এই গুলো দলে প্রভাব ফেলবে।’ তিনটি এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ।
এরমধ্যে দুটিতে ছিলেন ইমরুল কায়েস। সামনে থেকেই দেখেছেন দলের শিরোপা স্বপ্ন ভঙ্গের গল্প। এবারও কি বাংলাদেশ পারবে ফাইনাল খেলতে! আর তাহলে কি শিরোপা আক্ষেপটা মিটবে? ইমরুল মনে করেন, দলের যে অবস্থা সাকিব ও মুশফিক ছাড়া বাকিদের এখনো আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করার শতভাগ সক্ষমতা হয়নি। মিরাজ, তাসকিন ও মোস্তাফিজরা খানিকটা অভিজ্ঞ হলেও বাকিরা সবাই তরুণ। এ দল নিয়ে কতটা আশা করা যায়! এ নিয়ে ইমরুল বলেন, ‘আশাতো করতেই পারি আমরা। আমি এই দেশের একজন ক্রিকেটার হিসেবে সবময় প্রার্থনা করবো দল সেরা ফলটাই নিয়ে আসবে। তবে বাস্তবতাও মানতে হবে। দলে সাকিব ও মুশফিক ছাড়া বাকিদের এশিয়া কাপের আসরে একক ভাবে চ্যালেঞ্জ নেয়ার সক্ষমতা হয়নি। তার ওপর বেশির ভাগ তরুণদের ওপর নির্ভর করতে হবে। তারা হয় দলকে দারুণ কিছু দিবে নয়তো ব্যর্থ হবে। তাদের কাছে ধারাবাহিক কিছু আশা করা কঠিন। তাই বেশি তরুণদের নিয়ে একাদশ করে কঠিন চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাও তো চাইবে ফাইনাল খেলতে। তাই এবার আমাদের কঠিন চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে! স্বপ্ন দেখলেও তা বাস্তব রূপ দেয়া সহজ হবে না!’
