রিসেট

‘অ্যারাবিক ড্যান্স’ দেখালেন রোনালদো

প্রকাশিত: ৩১ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

বছরের শুরুতে আল নাসর এফসিতে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লীগের দলটির সঙ্গে ৮ মাসের পথচলায় অনেক আরবীয় কৃষ্টি-কালচারের সঙ্গে পরিচিত হয়েছেন পর্তুগিজ মহাতারকা। গত ফেব্রুয়ারিতে সৌদি আরবের প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশটির ঐতিহ্যবাহী সাদা জুব্বা পরতে দেখা যায় রোনালদোকে। সবুজ পতাকা কাঁধে চাপিয়ে তলোয়ার হাতে ক্যামেরাবন্দি হন পাঁচটি ব্যালন ডি’অরের মালিক। ভাঙা ভাঙা শব্দে মুসলিমদের মতো সালাম দিতেও দেখা যায় রনকে। এবার ‘অ্যারাবিক ড্যান্স’ দেখালেন ক্রিস্টিয়ানো। মঙ্গলবার রাতে রিয়াদের কেএসইউ স্টেডিয়ামে প্রো লীগের ম্যাচে আল শাবাবকে ৪-০ গোলে হারায় স্বাগতিক আল নাসর। সেই ম্যাচে জোড়া গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। একটি গোলের উদ্‌যাপনের সময় আরবদের মতো নাচতে দেখা যায় তাকে। ম্যাচের ১৩তম মিনিটে সফল স্পটকিকে আল নাসরের গোলোৎসবের শুরুটা করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৯তম মিনিটে হেডে বল জারে পাঠিয়ে ব্যবধান বাড়িয়ে ছিলেন। তবে বলে মাথা ছোঁয়ানোর আগে প্রতিপক্ষকে ধাক্কা মেরে ফেলে দেয়ায় ভিএআরের সাহায্যে গোলটি বাতিল করা হয়। ৩৮তম মিনিটে আবার পেনাল্টি পায় আল নাসর। সফল স্পটকিকের পর কর্নার প্রান্তে ছুটে গিয়ে স্বভাবসুলভ সেলিব্রেশন করেন ক্রিস্টিয়ানো। 

শূন্যে লাফিয়ে দুই হাত ছুঁড়ে উচ্চারণ করেন ‘সুউউ’। এরপরই ডান হাত উপরে তুলে বিশেষ ভঙ্গিমায় নাচতে দেখা যায় রোনালদোকে। গোলডটকমের প্রতিবেদনে বলা হয়, পর্তুগিজ সুপারস্টারের এই নাচটি সৌদি অ্যারাবিয়ানদের ঐতিহ্যবাহী নাচ ‘সৌদি আরদাহ্‌’। এটি এমন ‘লোক নৃত্য’ যা আরবের পুরুষরা এক হাতে তরবারি নিয়ে নেচে থাকেন। রোনালদোর এই নাচের প্রশংসা করছেন নেটিজেনরা। ইএসপিএন ইউকের এক্স (টুইটারের নতুন নাম) পেজ থেকে প্রকাশিত ভিডিওতে একজন মন্তব্য করেন, ‘এই কারণেই তিনি সর্বকালের সেরা।’  একজন লিখেছেন, ‘এটা তার নতুন মৌসুমের সেলিব্রেশন হতে পারে।’ 

এক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘সে অ্যারাবিয়ানদের দৃষ্টি কাড়তে চাইছে।’ একজন লিখেছেন, ‘মার্ভেলের পেইড সেলিব্রেশনের চেয়ে অনেক ভালো এটি।’ আকিন নামের সেই রোনালদো ভক্ত ইঙ্গিত করেছেন লিওনেল মেসিকে। ইন্টার মায়ামির হয়ে কিছুদিন আগে মার্ভেলের বিভিন্ন সুপারহিরো চরিত্রদের অঙ্গভঙ্গি নকল করে গোল উদ্‌যাপন করতে দেখা যায় আর্জেন্টাইন সুপারস্টারকে। মূলত অ্যাডিডাসের ফুটবলের প্রচারণার জন্যই ওমন সেলিব্রেশন করেছিলেন তিনি। রোনালদোর জোড়া গোলের পর ৪১তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন বায়ার্ন মিউনিখ থেকে সদ্য আল নাসরে যোগ দেয়া সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে। আর ৮০তম মিনিটে ৪-০ গোলের জয় নিশ্চিত করেন অ্যারাবিয়ান ডিফেন্ডার সুলতান আল গানাম। ৪ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লীগ টেবিলের ছয়ে রোনালদো-মানেদের আল নাসর এফসি। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে করিম বেনজেমার দল আল ইত্তিহাদ।