কয়েক মাস আগেও মেজর লীগ সকার (এমএলএস) নিয়ে ছিল না কোনো মাতামাতি। ইন্টার মায়ামির চর্চাও হতো কালে-ভদ্রে। বিশ্ব ফুটবলে আগ্রহের তলানিতে থাকা সেই এমএলএস আর মায়ামি এখন ‘হট টপিক’। আর সেটি শুধুমাত্র লিওনেল মেসির জন্য। আর্জেন্টাইন সুপারস্টারের আগমনে পাল্টে গেছে যুক্তরাষ্ট্রের ফুটবল। মেসির তারকা খ্যাতির ব্যবহার করে জমজমাট ব্যবসা করছে ইন্টার মায়ামি।
গত ১৫ই জুলাই ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। ২১শে জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে লীগস কাপের ম্যাচ দিয়ে দলটির হয়ে প্রথম ম্যাচ খেলেন আর্জেন্টাইন সুপারস্টার। যুক্তরাষ্ট্রের ক্রীড়া, সংগীত ও বিনোদনভিত্তিক প্রতিষ্ঠান বোর্ডরুম জানিয়েছে, মেসির অভিষেকের পর থেকে ইন্টার মায়ামির ম্যাচের ২৬ কোটি ৫০ লাখ ডলার টিকিট বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা। বলা যায়, টিকিট বিক্রি করেই প্রায় ৩ হাজার কোটি টাকা আয় করেছে ইন্টার মায়ামি।
মেজর লীগ সকার (এমএলএস) সম্প্রচারের স্বত্বাধিকারী অ্যাপল টিভি। মেসি ইন্টার মায়ামিতে যোগ দেয়ার সময় ‘টেক জায়ান্ট’ অ্যাপল তার সঙ্গে একটি চুক্তি করে। নতুন সাবস্ক্রাইবারদের ম্যাচ দেখিয়ে যে আয় হবে, সেখান থেকে একটি অংশ মেসিকে দেয়া হবে। বোর্ডরুম জানিয়েছে, ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেকের পর থেকে ৩০ হাজার সাবস্ক্রিপশন বেড়েছে অ্যাপল টিভির, যা প্রতিষ্ঠানটির আয়ে যোগ করেছে ৩ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩২৬ কোটি টাকা।
