তামিম ইকবাল নেই, শেষ পর্যন্ত লিটন দাসও খেলতে পারছেন না প্রথম ম্যাচে। বলার অপেক্ষা রাখে না ওপেনিংয়ে বড় ধাক্কা। এশিয়া কাপে সাকিব আল হাসানের দলে তার পরে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহীম। এছাড়াও অনেক দিন থেকেই খেললেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। বোলিংয়ে তাদের অভিজ্ঞতাও কাজে আসবে। তবে বাকি যারা একাদশে থাকবেন তাদের বেশির ভাগই তরুণ। খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। অনেকেতো এশিয়া কাপই খেলেনি কখনো। বলার অপেক্ষা রাখে না শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে একাদশ হতে যাচ্ছে তারুণ্যনির্ভর। প্রধান নির্বাচক মিনহাজুল আাবেদিন নিশ্চিত করেছেন প্রথম ম্যাচে লিটন খেলবে না। তার মানে ওপেনিং তানজিদ হাসান তামিমের অভিষেক। তার সঙ্গী হতে পারেন নাঈম শেখ। এছাড়াও প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে নামবেন তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, হাসান মাহমুদ, শরিফুল ইসলামদের মতো তরুণরা। তবে বাস্তবতা কঠিন হলেও তরুণদের নিয়ে দারুণ আশাবাদী নির্বাচক হাবিবুল বাশার সুমন। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘দেখেন অবশ্য এশিয়াকাপ একাদশে তরুণদের প্রভাব থাকবে। কিন্তু এটাও মনে রাখতে হবে তারা কিন্তু নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই দলে এসেছে। তাই তারা যখন একাদশে সুযোগ পাবে তাদের কাছে আমরা সেই পারফরম্যান্সটাই আশা করবো। সত্যি কথা বলতে অন্যান্য দলগুলো শক্তিশালী, সেই হিসেবে বাস্তবতাও কঠিন। আমাদের তরুণদের উপর আস্থা আছে। তাদের নিয়েও আমরা আশাবাদী।’
লিটন দাসকে প্রথম ম্যাচে পাওয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, ‘লিটনকে আমরা প্রথম ম্যাচে পাচ্ছি না। তবে এখনই বলা যাচ্ছে না যে, সে সুস্থ হলে সরাসরি পাকিস্তান যাবে নাকি দলের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দিবে! তার জ্বর। মেডিকেল বিভাগ এখনো আমাদের কোনো সবুজ সংকেত দেয়নি। তারা যখন নিশ্চিত করবে লিটন তখনই দেশ ছাড়বে। যে কারণে বিকল্প হিসেবে কারো বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। একই সুরে কথা বলেছেন নির্বাচক হাবিবুল বাশারও। লিটন
না থাকাতে টাইগারদের ওপেনিংটাই হতে পারে একেবারে আনকোরা। যদি ঝুঁকি নিতে না চায় টিমম্যানেজমেন্ট তাহলে প্রধান কোচ ও অধিনায়কের পরিকল্পনা ওপেনিংয়ে নাজমুল হোসেন শান্তকে দিয়ে শক্তি বাড়ানো হতে পারে। সেটি হলে সাকিব তিনে খেলতে পারেন। পাঁচ নম্বরে অনেকটাই নিশ্চিত তাওহীদ হৃদয়। এখন পর্যন্ত দলের হয়ে খেলেছেন ৯ ম্যাচ। আগে এশিয়াকাপেও খেলারও কোনো অভিজ্ঞতা নেই। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য এই তরুণ। জাতীয় দলে সুযোগ পেয়ে শুরু থেকে জাত চিনিয়েছেন। ব্যাট হাতে ওয়ানডে ৮ ইনিংসে করেছেন ৩ ফিফটিতে ৩৩৮ রান। সম্প্রতি লঙ্কান প্রিমিয়ার লীগেও ব্যাট হাতে দারুণ করেছেন। সবমিলিয়ে এই তরুণকে ঘিরে দারুণ আশা। মিডল অর্ডারে আরেক ভরসা হয়ে মাঠে নামবেন মুশফিক। ওপেনিং নড়বড়ে হলেও মিডল অর্ডার দলের অন্যতম ভরসা। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ নেই। তাই লেট অর্ডারে তার অভাব পূরণ করতে ৭-এ খেলানো হতে পারে মেহেদী হাসান মিরাজকে।
৮ নম্বরে খেলতে পারেন আফিফ হোসেন কিংবা শেখ মেহেদী। সাকিবের মতো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার দলে থাকায় একজন বাড়তি বোলার বা ব্যাটার একাদশে নেয়ার সুযোগ থাকছে টাইগারদের। এখন প্রশ্ন হচ্ছে- যেহেতু শ্রীলঙ্কা, সেখানে বাড়তি স্পিনার খেলাবে কিনা! তবে যতটা জানা গেছে, তিন পেসার নিয়েই খেলবে বাংলাদেশ। সেই ক্ষেত্রে তাসকিন, মোস্তাফিজ ছাড়াও হাসান মাহমুদ কিংবা শরিফুলকেও দেখা যেতে পারে। কারণ সাকিবের সঙ্গে মিরাজের অফস্পিন যাচ্ছে বাংলাদেশ। আর যদি একজন ব্যাটার কমানো হয় তাহলে স্পেশালিস্ট স্পিনার হিসেবে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। তবে বাস্তবতায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই একাদশ সাজানোর চ্যালেঞ্জ থাকছে নয়া ওয়ানডে অধিনায়ক সাকিবের উপর। বিশেষ করে ওপেনিং ও লেট অর্ডারে কাদের খেলাবেন সেটি নিয়ে অনেকটা ঝুঁকি নিয়ে দল সাজাতে হবে। তবে দলীয় সূত্রে জানা গেছে, কোচ ও অধিনায়ক চাইছেন এখান থেকেই বিশ্বকাপের একটি ছায়া রূপ তৈরি করে নিতে। সেটি হলে দলে সুযোগ পাওয়া বেশির ভাগকে এশিয়া কাপে পরীক্ষার মুখোমুখি হতে হবে।
