ব্যক্তিগত কারণ দেখিয়ে ইতালির দায়িত্ব ছাড়েন রবার্তো মানচিনি। তখন শোনা যায়, কিংবদন্তি এই ফুটবল কোচ নতুন গন্তব্যে পাড়ি জমাচ্ছেন। যোগ দিচ্ছেন সৌদি আরব জাতীয় দলে। অবশেষে গুঞ্জন সত্যি হলো।
২০২৬ সাল পর্যন্ত ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সঙ্গে চুক্তি ছিল রবার্তো মানচিনির। তবে চলতি মাসের শুরুতে হঠাতই পদত্যাগের ঘোষণা দেন তিনি। মানচিনির জায়গায় ইতালির দায়িত্ব পান নাপোলির সাবেক কোচ লুসিয়ানো স্পাল্লেত্তি। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইতালির দায়িত্ব ছাড়লেও ইতালিয়ান গণমাধ্যমগুলোর খবর সৌদি আরবের কাছ থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েই সিদ্ধান্তটি নেন মানচিনি। মেয়েদের বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্সের দায়িত্ব নেন সৌদি আরবের আগের কোচ হার্ভে রেনার। এরপর থেকে অ্যারাবিয়ানদের ডাগআউট ফাঁকা ছিল।
ইতালিয়ান গণমাধ্যমগুলোর খবর, ২০২৭ সাল পযন্ত সৌদি আরবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রবার্তো মানচিনি। মধ্য প্রাচ্যের দেশটিতে বাৎসরিক আড়াই কোটি ডলার বেতন পাবেন ৫৮ বছর বয়সী এই কোচ। সৌদি আরবের দায়িত্ব নিয়ে এক ভিডিও বার্তায় মানচিনি বলেন, ‘ইউরোপে আমি ইতিহাস গড়েছি, এবার সময় হলো সৌদিতে ইতিহাস গড়ার।’
২০০১ সালে ফিওরেনিন্তার দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন রবার্তো মানচিনি। পরের বছরই যোগ দেন ল্যাজিওতে। এই দুই ক্লাবের হয়েই ইতালিয়ান কাপ জেতেন তিনি। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত ছিলেন ইন্টার মিলানের দায়িত্বে। এই সময়ে তিন বার সিরি আ শিরোপার স্বাদ পান তিনি, দুটি করে জেতেন ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ। ২০০৯ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব পান মানচিনি। তার কোচিংয়ে ২০১১-১২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগ জেতে সিটি। ২০১৩ সালে সিটি থেকে বিদায় নিয়ে গালাতাসারাই, আবার ইন্টার মিলান, জেনিস সেন্ট পিটার্সবুর্ক হয়ে ২০১৮ সালে নিজ দেশ ইতালির জাতীয় দলের ভার পান তিনি। তার কোচিংয়ে ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়ন হয় ইতালি। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে গড়ে দারুণ এক রেকর্ড। কিন্তু ২০২২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি এই দল।
