রিসেট

আহনাফের মায়ের কান্না

প্রকাশিত: ১১ জুলাই (মঙ্গলবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিন। গত ১০ মাস ধরে ঘুমাতে পারি না। এভাবেই কথাগুলো বলছিলেন রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আহনাফ রহমানের মা। ১০ মাস পেরিয়ে গেছে। গতকাল তার খোঁজ চেয়ে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে মা আঞ্জুমান আরা বেগম বলেন, আমার সন্তানকে বুকে ফিরিয়ে দিন। ১০ মাস আমি ঘুমাতে পারি না। আমার সন্তান কোথায়? 

পরিবার বলছে, গত বছর ৩১শে আগস্ট বিকাল ৫টার দিকে আহনাফ চা খাওয়ার জন্য বাসা থেকে বের হয়। মুঠোফোনটি বাসায় রেখে যায়। এরপর আর ফেরেনি সে। ওইদিন সন্ধ্যা থেকে সারা রাত সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন ১লা সেপ্টেম্বর দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মা আঞ্জুমান আরা বেগম। মানববন্ধনে আঞ্জুমান আরা বলেন, তিনি চান আসামিদের যেন কোনোভাবে জামিন না হয়। ছেলেকে না পাওয়া পর্যন্ত যেন আসামিরা জেলহাজতে থাকে। মানববন্ধনে আহনাফের বাবা আতাউর রহমান বলেন, তিনি দ্রুত ছেলের সন্ধান চান। 

তার বিশ্বাস ছেলে এখনো বেঁচে আছে। তাকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় হয়তো কোথাও রাখা হয়েছে। প্রধান আসামিকে রিমান্ডে নেয়া হয়নি। এ বিষয়ে অভিযোগ করে আহনাফের মা আঞ্জুমান আরা বলেন, সুষ্ঠু তদন্ত করা হলে আশা করি ছেলেকে ফিরে পাবো। মানববন্ধনে অংশ নেয়া মহব্বত আলী বলেন, আহনাফ দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়তো। মেধাবী ও অমায়িক ছেলে হিসেবে এলাকায় তার সুনাম আছে। সমাজকর্মী পারভিন আরা পপি বলেন, পুলিশ তৎপর হলে আহনাফকে উদ্ধার করা সম্ভব। তিনি অভিযোগ করে বলেন, আসামিরা আহনাফের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।