বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মনে করে, সামাজিক ভাতাপ্রাপ্তদের মধ্যে প্রায় ৩০ শতাংশ বয়স্ক ও ৩৩ শতাংশ বিধবা অযোগ্য সুবিধাভোগী রয়েছে। যার মাধ্যমে অযোগ্য সুবিধাভোগীদের জন্য ব্যয় হয় প্রায় ১৫০০ কোটি টাকা। এ অনিয়ম প্রতিরোধে কার্যকরী পারিবারিক জরিপ করার দাবি করেছে সিপিডি। মূলত স্বজন তোষণসহ অনিয়মের কারণে অযোগ্যদের হাতে চলে যাচ্ছে সামাজিক ভাতার বড় একটি অংশ। তাই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাসহ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সেবা পৌঁছে দেবার ক্ষেত্রে আরও নজরদারি প্রয়োজন বলে জানায় সংস্থাটি।
গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সিপিডি আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। গবেষণার ফলাফল উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও গবেষণা সহযোগী এ এস এম শামীম আলম শিবলী। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সভাপতিত্বে সংলাপে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আরমা দত্ত এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিচালক মো. মোক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বজলুল হক খোন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ ও ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার নুজহাত জেবিন বক্তব্য দেন।
সিপিডি’র পর্যবেক্ষণে উঠে এসেছে কিছু অসঙ্গতির তথ্য। অনেক উপযুক্ত মানুষ এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আবারো অনুপুযুক্তরাও দীর্ঘদিন ধরে সেবা নিচ্ছেন। এসব দূর করতে সেবা গ্রহীতাদের মাঝে সচেতনতা তৈরির তাগিদ দিচ্ছেন জনপ্রতিনিধি ও অর্থনীতিবিদরা। সিপিডি বলছে, চরাঞ্চল ও পাহাড়ি অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে সেবা যথাসময়ে পৌঁছে দেয়া বেশ চ্যালেঞ্জের ব্যাপার। এ বিষয়ে সরকারের মনোযোগ বাড়ানো প্রয়োজন। প্রান্তিক পর্যায়ে নানা ধরনের প্রণোদনা সেবা পৌঁছানোর বিষয়ে তদারকি বাড়ানো প্রয়োজন। বক্তারা বলেন, দারিদ্র্য মুক্তির জন্যে এ ধরনের কর্মসূচি হওয়া উচিত। সেজন্য এসব কর্মসূচিতে বাড়তি বরাদ্দ প্রয়োজন।
ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ডিজিটাল পদ্ধতিতে সেবা বাড়ানো গেলে অনিয়ম দূর করা যাবে।
সিপিডি’র সংলাপে বক্তারা বলেছেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির অংশ হিসেবে উপযুক্ত বয়স্ক ও বিধবারা নির্দিষ্ট হারে ভাতা পান। তবে এ জন্য তাদেরকে কার্ড করতে হয়। কিন্তু এসব কার্ড করতে গিয়ে তাদেরকে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে হয়। কারণ, ঘুষ না দিলে ভাতা পাওয়ার তালিকায় তাদের নাম লিপিবদ্ধ করা হয় না। সিপিডি’র গবেষণায় উঠে আসে, স্থানীয় পর্যায়ে বয়স্ক ও বিধবা ভাতা কার্ড করতে গিয়ে একজন উপকারভোগী সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিয়েছেন। আর এসব ঘুষ নিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও সরকারের কর্মকর্তারা।
সিপিডি’র সংলাপে অংশ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমরা আমাদের দারিদ্র্যসীমা কমিয়ে আনতে পারলেও বৈষম্য এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে এটা তুলনাহীন জায়গায় চলে গেছে। খুব দুর্ভাগ্যজনকভাবে এই বৈষম্যের ব্যাপারটি আমাদের রাষ্ট্র কর্তৃক স্বীকৃত নয়। রাশেদ খান মেনন বলেন, খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাষ্ট্রটা এখন অতিক্ষুদ্র ধনিক গোষ্ঠী, সামরিক-বেসামরিক আমলাদের হাতের মধ্যে বন্দি হয়ে গেছে। এ কারণে বৈষম্য অনেক বেড়েছে। দারিদ্র্য কমেছে বলে আমরা উৎফুল্ল হতে পারি। কিন্তু বর্তমানে বৈষম্য এতবেশি যে সেখানে সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। এ জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি আরও বাড়ানোর কথা বলেন তিনি।
অন্যদিকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি বাড়াতে বেসরকারি সংস্থাগুলো (এনজিও) থেকে সহযোগিতা প্রত্যাশা করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আরমা দত্ত। তিনি বলেন, এনজিওগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচির চেয়ে ক্ষুদ্রঋণ নিয়ে বেশি আগ্রহী। কিন্তু তারা যে মুনাফা করছে, সেখান থেকে ৫ শতাংশ এই খাতে দিতে পারে।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের অভাব রয়েছে বলে জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, ভাতা প্রদানের দায়িত্বে যেসব মন্ত্রণালয় রয়েছে, তাদের মধ্যে সমন্বয়ের দুর্বলতা রয়েছে। এজন্য দেখা যায় অনেকে একাধিক ভাতা পাচ্ছেন, আবার অনেকে একটি ভাতাও পান না। এ ছাড়া শহর এলাকাতেও সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ও ভাতার পরিমাণ বাড়ানোর পরামর্শ দিয়েছেন রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, ২০১৫ সালে ১৫০ টাকা মাসিক উপবৃত্তি দেয়া হতো, এখনো তাই দেয়া হয়। আমলাতন্ত্রে যারা আছেন, তাদের বেতন এ সময় অনেক বেড়েছে। তাহলে উপকারভোগীদের ভাতার ক্ষেত্রে কেন মূল্যস্ফীতির হিসাব বিবেচনা করা হয় না?
সিপিডি বলছে, বর্তমানে বয়স্ক ও বিধবা ভাতার ক্ষেত্রে মাসে ৫০০ টাকা ও শিক্ষা উপবৃত্তির জন্য মাসে ১৫০ টাকা বরাদ্দ রয়েছে। সামাজিক ভাতাপ্রাপ্তদের মধ্যে প্রায় ৩০ শতাংশ বয়স্ক ও ৩৩ শতাংশ বিধবা অযোগ্য সুবিধাভোগী রয়েছে। এদের মধ্যে আবার প্রায় ১২ শতাংশ পেনশন, ভিজিডি বা অন্যান্য ভাতা নিচ্ছে। এর মাধ্যমে প্রায় দেড় হাজার কোটি টাকা অযোগ্য সুবিধাভোগীদের জন্য ব্যয় করা হচ্ছে। যা প্রতিরোধ করা প্রয়োজন। তাই প্রকৃত দুস্থ ও আর্থিক দিক দিয়ে দুর্বলদের চিহ্নিত করতে দারিদ্র্য প্রবণ এলাকায় একটি কার্যকরী পারিবারিক জরিপ করা উচিত। অন্যদিকে পরীক্ষায় অংশগ্রহণ না করা ও যথাযথ কাগজপত্রের অভাবে ৫ থেকে ৩০ শতাংশ ছাত্রছাত্রী উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে। তাদেরও ওই সুবিধার আওতায় আনা প্রয়োজন।
সিপিডির তথ্যানুযায়ী, যোগ্য অ-সুবিধাভোগীদের ভাতার আওতায় আনতে অতিরিক্ত ৪ হাজার ৩০২ কোটি টাকা প্রয়োজন। অযোগ্যদের পেছনে হওয়া অপব্যবহার রোধ করে বিপুল পরিমাণ অর্থ যোগ্যদের পেছনে ব্যয় করা যেতে পারে। আর এই দেড় হাজার কোটি টাকার মাধ্যমে প্রকৃত যোগ্য এমন ৪৫ শতাংশ ব্যক্তিকে ভাতার আওতায় আনা সম্ভব।
সিপিডি মনে করছে, বর্তমান সুবিধাভোগীর প্রয়োজন বিবেচনায় টাকার পরিমাণ যদি বাড়ানো যায়, অর্থাৎ দুই থেকে আড়াই হাজার টাকা করা হয় তাহলে অতিরিক্ত ৩ হাজার ৯৮৬ কোটি টাকা প্রয়োজন। কর ফাঁকি ও কর অস্বচ্ছতার মাধ্যমে প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। সেটা যদি আদায় করা সম্ভব হয় তাহলে সেখান থেকে অর্থ সংগ্রহ করে এ খাতে ব্যয় করা সম্ভব।
প্রসঙ্গত, গত ৩রা এপ্রিল প্রকাশিত সিপিডির এক গবেষণায় দেখানো হয়েছে, কর ফাঁকি ও কর এড়ানোর মাধ্যমে ৫৫ হাজার ৮০০ কোটি টাকা থেকে ২ লাখ ৯২ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। কর ফাঁকি যদি ৮০ শতাংশ হয়, তাহলে ২ লাখ ২৩ হাজার কোটি টাকার মতো রাজস্ব হারায় সরকার। আবার যদি কর ফাঁকি ৫০ শতাংশ ধরা হয়, তাহলে সরকার রাজস্ব হারায় ৪১ হাজার ৮০০ কোটি টাকা।
অন্যদিকে, কর এড়ানোতে যে ব্যয় হচ্ছে সেটা যদি ৫-২৫ শতাংশ পর্যন্ত হয় তাহলে সেটার পরিমাণ ১৪ হাজার কোটি টাকা থেকে ৬৯ হাজার ৫০০ কোটি টাকার মতো। এই বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
