রিসেট

ঈদে ববির ‘পাপ’

প্রকাশিত: ৭ মার্চ (মঙ্গলবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি এখন রয়েছেন লন্ডনে। সেখানে মিনহাজ কিবরিয়ার পরিচালনায় দুই সিনেমার শুটিং করছেন তিনি। এবার এলো ববির জন্য সুখবর। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘পাপ’ এর শুটিং অনেক আগেই সম্পন্ন করেছেন এ নায়িকা। সৈকত নাসিরের পরিচালনায় এতে ববির নায়ক জিয়াউল রোশান। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ। ৫ই মার্চ সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেটর পরিচালক সৈকত নাসির বলেন, সেন্সর বোর্ডের সকল সম্মানিত সদস্যগণের ভূয়সী প্রশংসাসহ আজ ‘পাপ’ এর আনকাট সেন্সর সার্টিফিকেট পেলাম। সিনেমাটি খুব ভালো হয়েছে। তাই আমরা এই সিনেমাটি চলতি বছরের রোজার ঈদে মুক্তি দেয়ার সকল প্রস্তুতি গ্রহণ করছি। রোশান-ববি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানাসহ আরও অনেকে। ‘পাপ’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পরে প্রেক্ষাগৃহে আসছে জাজ প্রযোজিত সিনেমা। ববি এ সিনেমা প্রসঙ্গে বলেন, অত্যন্ত সুন্দর একটি গল্প নিয়ে ‘পাপ’ সিনেমাটি করা হয়েছে। আমরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। অনেক দিন ধরে ছবিটির জন্য অপেক্ষায় ছিলাম। এবার ছবিটি সেন্সর পেলো।  শুনেছি ছবিটি ঈদে মুক্তি পাবে। তাই আমি বেশ এক্সাইটেড ‘পাপ’ নিয়ে।