রিসেট

মামলা ছাড়া ৫ লাখ টাকার খেলাপি ঋণ অবলোপনের সুযোগ

প্রকাশিত: ৬ জানুয়ারি (শুক্রবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

ঋণখেলাপিদের নানা সুবিধা দিয়েও খেলাপির পরিমাণ কমানো যাচ্ছে না। এবার খেলাপি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য ঋণ অবলোপন নীতিমালা শিথিল করা হয়েছে। এর ফলে এখন থেকে ৫ লাখ টাকার মন্দ মানের (ব্যাড লোন) খেলাপি ঋণ মামলা না করে অবলোপন করে ব্যালান্সশিট বা স্থিতিপত্র থেকে বাদ দিতে পারবে ব্যাংক। যা এতদিন ২ লাখ টাকা অবলোপনে সুযোগ ছিল। তবে এ নিয়মের কারণে ঋণ আদায় না হলেও কাগজ-কলমে খেলাপি ঋণ কমবে ব্যাংকগুলোর। গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কৃষি, অতিক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) শিল্পসহ ক্ষুদ্র অঙ্কের ঋণের মামলা খরচ যদি ঋণের অঙ্কের চেয়ে বেশি হয়, তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ অবলোপন করতে মামলা করতে হবে না। ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকগুলোর বিনিয়োগের ক্ষেত্রে এ নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। যা অনতিবিলম্বে কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২২ সালের সেপ্টেম্বর মাস শেষে ব্যাংক খাতের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৪ লাখ ৩৬ হাজার ১৯৯ কোটি ৮২ লাখ টাকা। এরমধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। যা মোট ঋণের ৯ দশমিক ৩৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ চলতি বছরের জুন শেষে এ খাতের মোট বিতরণ করা ঋণ ছিল ১৩ লাখ ৯৮ হাজার ৫৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ ছিল ১ লাখ ২৫ হাজার ২৫৮ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৮ দশমিক ৯৬ শতাংশ। অর্থাৎ ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৯ হাজার ১৩৯ কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৩ হাজার ২৭৪ কোটি টাকা যা মোট ঋণের ৭ দশমিক ৯৩ শতাংশ। এ হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ১২২ কোটি টাকা। তবে, গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে খেলাপি ঋণ ৩৩ হাজার ২৪৬ কোটি টাকা বেড়েছে। গত বছরের সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ ছিল ১ লাখ ১ হাজার ১৫০ কোটি টাকা যা মোট ঋণের ৮ দশমিক ১২ শতাংশ।