বিএনপির সমাবেশকে ঘিরে পরিবহন ধর্মঘটের পর এবার রংপুর শহরে মোবাইল ইন্টারনেটের গতি স্লো করে দেয়ার অভিযোগ উঠেছে। আজ বেলা ১২টার পর থেকে শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় মোবাইলের ইন্টারনেট মিলছে না। মাঝে-মধ্যে ইন্টারনেটের দেখা মিললেও গতি খুবই শ্লথ। এতে বিড়ম্বনায় পড়েছেন সমাবেশ কাভার করতে যাওয়া সাংবাদিকসহ গণমাধ্যম কর্মীরা। সমাবেশের সংবাদ নিয়ে যারা লাইভ করছিলেন ইন্টারনেটের গতি স্লো হওয়ার কারণে সেটি বন্ধ হয়ে যায়।
এর আগে সমাবেশকে ঘিরে রংপুরে শুক্রবার সকাল থেকে ৩৬ ঘণ্টার গণপরিবহন ধর্মঘট ডাকে মোটর মালিক সমিতি। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। গণপরিবহন না পেয়ে দুর্ভোগ পোহাচ্ছেন তারা।
এদিকে সব বাধা উপেক্ষা করে শহরের ঈদগাহ মাঠে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। নানা কৌশলে আশপাশের জেলা উপজেলা থেকে সমাবেশে আসেন তারা। ইতিমধ্যে সমাবেশস্থল উপচে আশপাশের সড়কে গিয়ে ঠেকেছে নেতাকর্মীদের ঢল।
