রিসেট

আনজীর লিটন শিশু একাডেমির নতুন মহাপরিচালক

প্রকাশিত: ১৯ অক্টোবর (বুধবার), ২০২২ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু সাহিত্যিক ও ছড়াকার আনজীর লিটন। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, শিশু সাহিত্যিক ও ছড়াকার আনজীর লিটনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে আগামী ৩ বছরের জন্য তাকে শিশু একাডেমির ডিজি পদে নিয়োগ দেয়া হলো।
আনজীর লিটন ১৯৬৫ সালের ১৭ই জুন ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীরে জন্মগ্রহণ করেন। তার শৈশব-কৈশোর কেটেছে গ্রামে। আনজীর লিটনের প্রথম লেখা প্রকাশিত হয় ‘দৈনিক জাহান’-এ। পড়াশুনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান। প্রথম বই ‘খাড়া দুটো শিং’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। তার উল্লেখযোগ্য বই হচ্ছে- আগে গেলে বাঘে খায়, বিড়ালটি সিমকার্ড খেয়ে ফেলেছে, সাদা গাছের পাতা, সবুজ ঘাসের সাইকেল, গুড বয় ব্যাড বয়, ছোটদের নাটিকা, ভূতের গলির ভূত, প্রিয় ছন্দে নতুন দোলা, রঙের পুকুর, লালপরীর লাল টমেটো, রঙের দেশে তুলির রাজা প্রভৃতি। লিখেছেন নাটক, গল্প, কিশোর উপন্যাসও।
আনজীর লিটন লেখালেখির স্বীকৃতিস্বরূপ অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার, কুসুমের সেরা সাহিত্য পুরস্কারসহ বেশকিছু পুরস্কার-সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি ২০১৬ সালের ২০শে নভেম্বর শিশু একাডেমির পরিচালক হন।