চলমান লোডশেডিংয়ের কারণে দেশের পোশাক প্রস্তুতকারকরা সময়মতো আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোর কাছে পণ্য সরবরাহে অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, কারখানাগুলো এখন চার থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হচ্ছে।
রোববার ঢাকার একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও জিআইজেড আয়োজিত ‘কারখানা স্থাপন, লাইসেন্সিং, সার্টিফিকেশন ও রেজিস্ট্রেশন বিষয়ে ওয়েব পোর্টাল চালু’ শীর্ষক এক আলোচনা সভায় বিজিএমইএ সভাপতি এ কথা বলেন। এতে এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর, বিটিএমএ’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, এফবিসিসিআই’র পরিচালক সৈয়দ মুয়াজ্জেম হোসেন এবং বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মুহাম্মদ হাতেম বক্তব্য রাখেন।
ফারুক হাসান বলেন, সরকারের যুক্তি ছিল, ডিজেল বাঁচানোর জন্য লোডশেডিং চালু করা হচ্ছে। কিন্তু গ্যাস ও বিদ্যুতের সংকটে এখন ডিজেলে কারখানা চালাতে হচ্ছে। তিনি বলেন, অনেক সময় গ্যাসের চাপ এতটাই কমে যায় যে, কারখানাগুলো তাদের পূর্ণ সক্ষমতা নিয়ে চলতে পারে না। ফলে ডিজেলের ব্যবহার কমেনি। বরং তা আরও বেড়ে গেছে। এই সব চ্যালেঞ্জ নিয়ে ব্যবসা করার খরচ বাড়ছে এবং সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে রপ্তানিতে বিঘ্ন ঘটছে।
