কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমকালীন রাজনীতিতে সবচেয়ে বিঘ্নসৃষ্টিকারী ও রূপান্তরমূলক শক্তিগুলোর একটি হিসেবে আবির্ভূত হয়েছে। দক্ষতা, উদ্ভাবন এবং তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি নিয়ে এআই যতটা প্রশংসিত হয়েছে, একই সঙ্গে এটি গণতান্ত্রিক নির্বাচনের কেন্দ্রবিন্দুতেই আঘাত হানার মতো ঝুঁকিও তৈরি করেছে। ডিপফেক ভিডিও, এআই-সৃষ্ট অডিও ক্লিপ, অ্যালগরিদমের মাধ্যমে ছড়িয়ে পড়া ভ্রান্ত তথ্য, ক্ষুদ্র গোষ্ঠীভিত্তিক রাজনৈতিক প্রোপাগান্ডা এবং স্বয়ংক্রিয় বট নেটওয়ার্ক এসব মিলিয়ে আজ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পরিণত হয়েছে এক নাজুক ডিজিটাল যুদ্ধক্ষেত্রে. যেখানে ম্যানিপুলেশন দ্রুতগতির, ব্যাপক পরিসরে ছড়ানো যায়, আবেগপ্রবণ এবং প্রায়শই শনাক্ত করা অত্যন্ত কঠিন।
গণতান্ত্রিক পরিপক্বতা বা প্রাতিষ্ঠানিক সক্ষমতা যাই হোক না কেন, কোনো দেশই এই চ্যালেঞ্জের বাইরে নেই। উন্নত গণতন্ত্রগুলো এআই-চালিত ম্যানিপুলেশনের গতি ও জটিলতার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে, আর উদীয়মান গণতন্ত্রগুলো আরও বড় সংকটে পড়ছে দুর্বল নিয়ন্ত্রক কাঠামো, সীমিত প্রযুক্তিগত নজরদারি এবং ভঙ্গুর গণমাধ্যম ব্যবস্থার কারণে। বৈশ্বিক অভিজ্ঞতা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে নিয়ন্ত্রণহীনভাবে যখন এআই নির্বাচনী অঙ্গনে প্রবেশ করে, তখন গণতন্ত্রের ওপর মানুষের আস্থা ক্ষয় হয়, জনমত বিকৃত হয় এবং নির্বাচনের বৈধতা প্রশ্নের মুখে পড়ে।
বাংলাদেশ যখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে, তখন এই বৈশ্বিক অভিজ্ঞতা আমাদের জন্য এক সময়োপযোগী ও সতর্কতামূলক বার্তা বহন করছে। নির্বাচনে এআই-এর নেতিবাচক প্রভাব অস্বীকার করে, আত্মতুষ্টিতে ভুগে বা শেষ মুহূর্তের পদক্ষেপে মোকাবিলা করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দূরদৃষ্টি, সুস্পষ্ট নীতিমালা এবং প্রাতিষ্ঠানিক সাহস। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাস্তবতা ইতোমধ্যে সর্বোচ্চ পর্যায়ে স্বীকৃত হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এআই-সম্পর্কিত নির্বাচনী ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়েছে এবং জাতিসংঘ এ বিষয়ে সহযোগিতায় সম্মত হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনও নির্বাচনের সততা রক্ষায় এবং আসন্ন নির্বাচন যেন এআই-এর অযাচিত প্রভাবমুক্ত থাকে সে লক্ষ্যে কিছু পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।
এর আগের দুটি প্রবন্ধে সমকালীন নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক ভূমিকা এবং গণতান্ত্রিক চর্চায় এর সুদূরপ্রসারী প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সেই আলোচনার ধারাবাহিকতায়, এই নিবন্ধটি গ্রহণ করেছে একটি তুলনামূলক বৈশ্বিক দৃষ্টিভঙ্গি। এতে বিশ্লেষণ করা হয়েছে—বিভিন্ন দেশ কীভাবে এআই-চালিত নির্বাচনী হুমকির মোকাবিলা করছে, তারা কোন কোন কৌশল গ্রহণ করেছে এবং সেগুলোর সাফল্য ও ব্যর্থতা থেকে কী কী বাস্তব শিক্ষা পাওয়া যায়। উদ্দেশ্য একটাই এই আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ কীভাবে নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা, ন্যায্যতা ও স্থিতিস্থাপকতা রক্ষা করতে পারে, তা নির্ধারণ করা।
যুক্তরাষ্ট্র: স্বচ্ছতা, প্ল্যাটফর্মের জবাবদিহি এবং নাগরিক সমাজের ভূমিকা
যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা প্রমাণ করে যে, বিশ্বের প্রাচীনতম সাংবিধানিক গণতন্ত্রও এআই-সমর্থিত নির্বাচনী ম্যানিপুলেশনের ঝুঁকি থেকে মুক্ত নয়। কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি এবং অ্যালগরিদমিক মাইক্রো-টার্গেটিং নিয়ে পরবর্তী প্রকাশের পর, যুক্তরাষ্ট্রে নীতিনির্ধারক ও নাগরিক সমাজ প্রযুক্তিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে রাজনৈতিক বিজ্ঞাপনে এআই-সৃষ্ট কনটেন্ট—বিশেষ করে কৃত্রিম অডিও বা ভিডিও—ব্যবহৃত হলে তা স্পষ্টভাবে জানানো বাধ্যতামূলক। ২০২৪ সালের নির্বাচনী চক্রে এআই-সৃষ্ট রোবোকল ও বিভ্রান্তিকর রাজনৈতিক বিজ্ঞাপনের ওপর নজরদারি জোরদার করা হয়, যার ফলে বিভিন্ন প্ল্যাটফর্মকে ভুয়া বা ম্যানিপুলেটেড কনটেন্ট অপসারণ বা লেবেল দিতে বাধ্য করা হয়। যদিও ফেডারেল পর্যায়ে আইন এখনও খণ্ডিত, তবু ফেডারেল ইলেকশন কমিশন (FEC) ও ফেডারেল কমিউনিকেশনস কমিশন (FCC) রাজনৈতিক যোগাযোগে এআই ব্যবহারে কঠোর নির্দেশিকা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াকে আলাদা করে তোলে তার শক্তিশালী রাষ্ট্র-বহির্ভূত ইকোসিস্টেম। অনুসন্ধানী সাংবাদিক, স্বাধীন ফ্যাক্ট-চেকার, বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা ল্যাব এবং নাগরিক সমাজের ওয়াচডগ সংস্থাগুলো এআই-চালিত ভ্রান্ত তথ্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনমতের চাপের ফলে মেটা ও গুগলের মতো বড় প্ল্যাটফর্মগুলো রাজনৈতিক বিজ্ঞাপনের আর্কাইভ সংরক্ষণ, স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ এবং নির্বাচন কর্তৃপক্ষের সঙ্গে যদিও অসম্পূর্ণভাবে সহযোগিতা করতে বাধ্য হয়েছে।
বাংলাদেশের জন্য শিক্ষা:
বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মতো বিশাল প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে পারবে না, কিন্তু একটি মৌলিক নীতি আত্মস্থ করতে পারে—নির্বাচনের সততা শুধু রাষ্ট্র একা রক্ষা করতে পারে না। স্বাধীন গণমাধ্যম, গবেষক ও ফ্যাক্ট-চেকারদের ক্ষমতায়ন, সুরক্ষা এবং নির্বাচনী সততার অংশীদার হিসেবে স্বীকৃতি দেওয়া অপরিহার্য।
ইউরোপীয় ইউনিয়ন: সংকটের পর নয়, সংকটের আগেই নিয়ন্ত্রণ
এআই-জনিত নির্বাচনী ঝুঁকি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে ব্যাপক ও প্রতিরোধমূলক পথ গ্রহণ করেছে। যেখানে অনেক দেশ ক্ষতি হয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া জানায়, সেখানে ইইউ শুরু থেকেই এআইকে একটি কাঠামোগত গণতান্ত্রিক ঝুঁকি হিসেবে বিবেচনা করেছে।
ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (DSA) এবং এআই অ্যাক্টের মাধ্যমে ইইউ প্ল্যাটফর্ম ও রাজনৈতিক পক্ষগুলোর ওপর স্পষ্ট দায়িত্ব আরোপ করেছে। রাজনৈতিক বিজ্ঞাপন স্পষ্টভাবে লেবেল করা, সংরক্ষণ করা এবং জনসাধারণের পর্যালোচনার জন্য উন্মুক্ত রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কৃত্রিমভাবে তৈরি রাজনৈতিক কনটেন্ট—ভিডিও, ছবি বা অডিও—ব্যবহারের ক্ষেত্রে তা প্রকাশ করা আবশ্যক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ধর্ম, জাতিসত্তা, স্বাস্থ্য বা রাজনৈতিক বিশ্বাসের মতো সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ব্যবহার করে মাইক্রো-টার্গেটিং কঠোরভাবে সীমিত করা হয়েছে। ইইউ মডেলে প্ল্যাটফর্মগুলোর ওপরও আইনগত দায়িত্ব আরোপ করা হয়েছে। ক্ষতিকর ভ্রান্ত তথ্য, ডিপফেক বা সমন্বিত ম্যানিপুলেশন অপসারণে ব্যর্থ হলে কোম্পানিগুলোকে বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়তে হয়। এই নিয়ন্ত্রক চাপ প্ল্যাটফর্মগুলোকে কনটেন্ট শনাক্তকরণ, মডারেশন এবং নির্বাচনভিত্তিক সুরক্ষা ব্যবস্থায় বড় বিনিয়োগে বাধ্য করেছে।
বাংলাদেশের জন্য শিক্ষা:
বাংলাদেশের ইউরোপের মতো জটিল আইন কাঠামো প্রয়োজন নেই, কিন্তু এর মূল দর্শন গ্রহণ করা জরুরি—গণতন্ত্রকে রক্ষা করতে হবে আগেভাগে, পরে নয়। সীমিত হলেও স্বচ্ছতা ও প্ল্যাটফর্ম জবাবদিহির নীতিমালা এআই-চালিত নির্বাচনী ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।
ভারত: পর্যাপ্ত সুরক্ষা ছাড়া প্রযুক্তিগত উৎকর্ষ
ভারত বাংলাদেশের জন্য সম্ভবত সবচেয়ে প্রাসঙ্গিক তুলনা এবং সবচেয়ে স্পষ্ট সতর্কবার্তা। বিশ্বমানের প্রযুক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও সাম্প্রতিক নির্বাচনে ভারত এআই-নির্দিষ্ট নির্বাচনী নিয়ন্ত্রণ ছাড়াই এগিয়েছে। এর ফলে হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও আঞ্চলিক সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-সৃষ্ট কনটেন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
রাজনৈতিক নেতাদের ডিপফেক ভিডিও, এআই-সৃষ্ট তারকা সমর্থন এবং বহু ভাষায় অতিরিক্ত স্থানীয় প্রোপাগান্ডা ডিজিটাল পরিসর প্লাবিত করে। জনরোষের পর ভারতীয় কর্তৃপক্ষ প্ল্যাটফর্মগুলোকে ডিপফেক লেবেল করা ও ম্যানিপুলেটেড কনটেন্ট অপসারণের আহ্বান জানায়, কিন্তু এসব উদ্যোগ ছিল অসম্পূর্ণ এবং প্রায়ই তখনই আসে, যখন ভ্রান্ত তথ্য জনমতকে ইতোমধ্যে প্রভাবিত করে ফেলেছে।
ভারতের অভিজ্ঞতা একটি বিষয় স্পষ্ট করে প্রযুক্তিগত সক্ষমতা থাকলেই গণতান্ত্রিক সুরক্ষা নিশ্চিত হয় না। সুস্পষ্ট নিয়ম, কার্যকর প্রয়োগ ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ছাড়া এআই অনিবার্যভাবে সবচেয়ে আক্রমণাত্মক রাজনৈতিক শক্তির হাতিয়ারে পরিণত হয়।
বাংলাদেশের জন্য শিক্ষা:
বাংলাদেশকে ধরে নেওয়া চলবে না যে অনানুষ্ঠানিক নির্দেশনা বা প্ল্যাটফর্মের সদিচ্ছাই যথেষ্ট হবে। নির্বাচনী প্রচারে এআই অপব্যবহার ব্যাপক আকার নেওয়ার আগেই প্রতিরোধমূলক কাঠামো গড়ে তুলতে হবে।
ব্রাজিল: শক্তিশালী নির্বাচনী আদালত ও দ্রুত হস্তক্ষেপ
সাম্প্রতিক নির্বাচনে ব্রাজিল বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো এনক্রিপটেড প্ল্যাটফর্মে ব্যাপক এআই-চালিত ভ্রান্ত তথ্যের মুখোমুখি হয়। এর প্রতিক্রিয়ায় ব্রাজিলের সুপিরিয়র ইলেক্টোরাল কোর্ট (TSE) গণতান্ত্রিক বিশ্বে অন্যতম দৃঢ় অবস্থান গ্রহণ করে।
আদালত তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে দ্রুত ভুয়া বা ম্যানিপুলেটেড কনটেন্ট অপসারণের নির্দেশ দেয়, রাজনৈতিক বার্তার গণহারে ফরওয়ার্ড সীমিত করে এবং সমন্বিত ভ্রান্ত তথ্য অভিযানে জড়িত দল বা প্রার্থীদের শাস্তি দেয়। কিছু ক্ষেত্রে বারবার লঙ্ঘনের ফলে প্রচারণা অ্যাকাউন্ট স্থগিত বা অযোগ্য ঘোষণার আইনি হুমকি পর্যন্ত দেওয়া হয়।
এছাড়া ব্রাজিল নির্বাচন কর্তৃপক্ষ, টেলিকম কোম্পানি ও ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় গড়ে তোলে বিশেষত নির্বাচনের সংবেদনশীল সময়ে। এর ফলে ভুয়া তথ্যের ভাইরাল বিস্তার উল্লেখযোগ্যভাবে ধীর হয়।
বাংলাদেশের জন্য শিক্ষা:
নির্বাচন কমিশন কেবল নিরপেক্ষ রেফারি হয়ে থাকতে পারে না। নির্বাচনী সততা রক্ষায় তার থাকতে হবে আইনগত ক্ষমতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রয়োজনে দৃঢ়ভাবে হস্তক্ষেপ করার আত্মবিশ্বাস।
আফ্রিকার গণতন্ত্রগুলো: সীমাবদ্ধতার মধ্যেও উদ্ভাবন
কেনিয়া ও নাইজেরিয়াসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশ সীমিত সম্পদের মধ্যেও এআই-সম্পর্কিত নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। কেনিয়া চাপের মুখেও উদ্ভাবনের উদাহরণ তৈরি করেছে। সাম্প্রতিক নির্বাচনে সেখানে এআই-সহায়ক সরঞ্জাম ব্যবহার করে ঘৃণামূলক বক্তব্য পর্যবেক্ষণ, অনলাইন উসকানি শনাক্ত এবং সহিংসতা-ঝুঁকিপূর্ণ এলাকা পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে নিরাপত্তা বাহিনী ও নির্বাচন পর্যবেক্ষকেরা আগেভাগে হস্তক্ষেপ করতে পেরেছে।
অন্যদিকে, নাইজেরিয়া দুর্বল প্রয়োগ ব্যবস্থা ও প্ল্যাটফর্ম সহযোগিতার অভাবে এআই-সৃষ্ট জাতিগত ভ্রান্ত তথ্য ও সমন্বিত বট কার্যক্রম মোকাবিলায় ব্যর্থ হয়েছে। এই বৈপরীত্য দেখিয়ে দেয়—শুধু প্রযুক্তি যথেষ্ট নয়; প্রতিষ্ঠান ও জনআস্থাও সমান গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের জন্য শিক্ষা:
সীমিত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ সহিংসতা ও ভ্রান্ত তথ্য পর্যবেক্ষণে প্রতিরক্ষামূলকভাবে এআই ব্যবহার করতে পারে যদি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয় এবং জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয়।
যেসব কৌশল বিশ্বজুড়ে কার্যকর প্রমাণিত হয়েছে
ভিন্ন ভিন্ন রাজনৈতিক ব্যবস্থার দেশগুলোতে এআই-চালিত নির্বাচনী হুমকি মোকাবিলায় সফল উদ্যোগগুলোর মধ্যে কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়। এসব দেশ সেন্সরশিপের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতায়নে।
তারা রাজনৈতিক পক্ষগুলোকে বাধ্য করেছে এআই-সৃষ্ট কনটেন্ট ব্যবহারের বিষয়টি প্রকাশ করতে, যাতে প্রতারণা কমে। সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ব্যবহার করে মাইক্রো-টার্গেটিং সীমিত করা হয়েছে, যাতে ভোটারের স্বাধীনতা সুরক্ষিত থাকে। শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশনকে কেবল প্রতীকী নয়, বাস্তব প্রয়োগ ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচন কর্তৃপক্ষ ও প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে আনুষ্ঠানিক সহযোগিতা দ্রুত হুমকি মোকাবিলায় সহায়তা করেছে। স্বাধীন সাংবাদিক ও ফ্যাক্ট-চেকারদের হয়রানি নয়, সুরক্ষা দেওয়া হয়েছে। পাশাপাশি, দীর্ঘমেয়াদি ডিজিটাল সাক্ষরতা কর্মসূচির মাধ্যমে নাগরিকদের ম্যানিপুলেশন শনাক্ত করার সক্ষমতা বাড়ানো হয়েছে। যেখানে এসব উপাদান অনুপস্থিত, সেখানে এআই ম্যানিপুলেশন দ্রুত বিস্তার লাভ করেছে।
বাংলাদেশের এখনই যা শেখা ও করা জরুরি
বাংলাদেশের সামনে সময় অল্প এবং ঝুঁকি বড়। তবু বৈশ্বিক অভিজ্ঞতা একটি সুস্পষ্ট পথনকশা দেয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে একটি বিশেষায়িত এআই নির্বাচন সততা ইউনিট গঠন করা, যেখানে প্রযুক্তিগত বিশেষজ্ঞ থাকবেন এবং যাদের হাতে বাস্তব সময়ে ডিজিটাল হুমকি পর্যবেক্ষণের আইনগত ক্ষমতা থাকবে। এই ইউনিটকে নির্বাচনকালজুড়ে মেটা, গুগল, টিকটক ও টেলিকম অপারেটরদের সঙ্গে সরাসরি সমন্বয় করতে হবে।
এআই-সৃষ্ট রাজনৈতিক কনটেন্টের জন্য বাধ্যতামূলক প্রকাশ্য ঘোষণা চালু করা জরুরি। নীরবতা ম্যানিপুলেটরদের সুবিধা দেয়, ভোটারদের নয়। রাজনৈতিক দলগুলোকে স্পষ্টভাবে কৃত্রিম কনটেন্ট লেবেল করতে হবে এবং তা না করলে শাস্তির বিধান থাকতে হবে।
ধর্ম, জাতিসত্তা বা রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে মাইক্রো-টার্গেটিং সীমিত করতে হবে বিশেষত বাংলাদেশের সাম্প্রদায়িক উত্তেজনার ইতিহাসের কথা মাথায় রেখে। একটি ডিপফেক দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে নাগরিক, সাংবাদিক ও রাজনৈতিক পক্ষগুলো সন্দেহজনক কনটেন্ট রিপোর্ট করতে পারে এবং দ্রুত যাচাই পায়।
স্বাধীন গণমাধ্যম ও ফ্যাক্ট-চেকিং সংস্থার সুরক্ষা সমান গুরুত্বপূর্ণ। তাদের ছাড়া কোনো প্রযুক্তিগত সমাধানই সত্যকে রক্ষা করতে পারবে না। সর্বশেষে, বিশেষ করে তরুণদের মধ্যে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধিতে বাংলাদেশকে গুরুতর বিনিয়োগ করতে হবে, যাতে দীর্ঘমেয়াদে এআই-চালিত ম্যানিপুলেশনের বিরুদ্ধে সমাজ প্রতিরোধক্ষম হয়।
উপসংহার: প্রস্তুতি না দুর্বলতা
যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, ব্রাজিল এবং আফ্রিকার বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যেই নির্বাচনকে নতুনভাবে রূপ দিয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম হবে না বরং এটি একটি পরীক্ষার ক্ষেত্র হতে যাচ্ছে। বৈশ্বিক অভিজ্ঞতার মূল শিক্ষা স্পষ্ট: যারা আগেভাগে পদক্ষেপ নেয়, বিচক্ষণভাবে নিয়ন্ত্রণ আরোপ করে এবং প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতায়ন করে, তারা এআই-এর ধ্বংসাত্মক সম্ভাবনা অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে; আর যারা দেরি করে, তাদের মূল্য দিতে হয় অবিশ্বাস, অস্থিরতা এবং গণতান্ত্রিক ক্ষয়ের মাধ্যমে।
বাংলাদেশের এখনও সুযোগ আছে দুর্বলতার বদলে প্রস্তুতি বেছে নেওয়ার। এআই-এর যুগে নির্বাচনের সততা রক্ষা আর ঐচ্ছিক নয় এটাই আমাদের সময়ের সবচেয়ে বড় গণতান্ত্রিক চ্যালেঞ্জ।
লেখক: ড. সিরাজুল আই. ভূঁইয়া যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সাভান্না স্টেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে অধ্যাপক।
