রিসেট

চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

প্রকাশিত: ২৩ জানুয়ারি (শুক্রবার), ২০২৬ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

শিরোপার লড়াই জমলো না। ফাইনালটি হলো একপেশে। সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা উৎসব করলো রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফাইনালে চট্টগ্রামকে ৬৩ রানের বড় ব্যবধানে হারায় নাজমুল হোসেন শান্তরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে ২০ ওভারে ১৭৪ রান করে রাজশাহী। জবাবে ১১১ রানে থামে চট্টগ্রামের ইনিংস। এটা রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা। এর আগে বিপিএলের ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয় ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনবার শিরোপা জিতেছে ঢাকা। রাজশাহীর সমান দুবার করে চ্যাম্পিয়ন হয় বরিশাল। আর একবার শিরোপা জিতেছে রংপুর রাইডার্স।

এদিন উড়ন্ত সূচনা পায় রাজশাহী। সেঞ্চুরি করেন ওপেনার তানজিদ হাসান তামিম। অপর ওপেনার সাহিবজাদার ধৈর্য্যশীল ব্যাটিংয়ে প্রথম উইকেট জুটিতে আসে ৮৩ রান। ৩০ বলে ৩০ রান করে আউট হন ফারহান। তিন নম্বরে নামা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন তানজিদ। শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ১৫ বলে ২৪ রান করেন উইলিয়ামসন।

আউট হওয়ার আগে ৬২ বলে কাঁটায় কাঁটায় ১০০ রান করেন তানজিদ। এবারের বিপিএলে এটি চতুর্থ সেঞ্চুরি। আর বিপিএলের ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির স্বাদ পেলেন তানজিদ। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেন ক্রিস গেইল ও তামিম ইকবাল। চট্টগ্রাম রয়্যালসের সফল বোলার শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম। দু’জনই দুটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম। সর্বোচ্চ ২১ রান করেন পাকিস্তানি ব্যাটার আসিফ আলী। রাজশাহীর পক্ষে ৩ ওভারে মাত্র ৯ রানের খরচায় সর্বোচ্চ চার উইকেট নেন বাঁহাতি লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো। তিন উইকেট নেন হাসান মুরাদ। এছাড়া জিমি নিশাম দুটি ও আব্দুল গাফফার সাকলাইন এক উইকেট নেন।