২০২৩ সালের মে মাসে মেইতেই-কুকি জাতিগত সংঘর্ষ শুরুর পরপরই মণিপুরের রাজধানী ইম্ফল থেকে একদল নরপিশাচ অপহরণ করে গণধর্ষণ করে কুকি সম্প্রদায়ের এক যুবতীকে। অবশেষে ওই ধর্ষিতা মারা গেছেন। পরিবার জানিয়েছে, ভয়াবহ মানসিক আঘাত ও শারীরিক নির্যাতনের কারণে সৃষ্ট অসুস্থতায় তার মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় তিনি ন্যায়বিচার না পাওয়ায় পরিবার গভীরভাবে ভেঙে পড়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। পরিবারের সদস্যরা বলেন, দুই বছর আগে ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনার ধাক্কা ও শারীরিক ক্ষত থেকে তিনি আর কখনো সেরে উঠতে পারেননি। তা থেকে ধীরে ধীরে তার স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। ২০২৩ সালের জুলাইয়ে এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে ওই যুবতী মেইতেই সম্প্রদায়ের কয়েকজন পুরুষের হাতে সহ্য করা ভয়াবহ নির্যাতনের কথা বর্ণনা করেন। গুরুতর আহত অবস্থায় তিনি কোনোভাবে পালাতে সক্ষম হন এবং রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়ার মধ্যে যৌন নিপীড়নের প্রায় দুই মাস পর, ২১ জুলাই, পুলিশে অভিযোগ দায়ের করেন।
চুরাচাঁদপুরভিত্তিক ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম (আইটিএলএফ) এক বিবৃতিতে তার স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দিয়ে জানায়, তাকে ল্যাঙ্গোলে নিয়ে ধর্ষণ করা হয় এবং পরে বিষ্ণুপুর এলাকায় ফেলে রেখে যাওয়া হয় মৃত্যুর জন্য। বিবৃতিতে বলা হয়, অলৌকিকভাবে বেঁচে গেলেও তিনি গুরুতর শারীরিক আঘাত, গভীর মানসিক ট্রমা এবং জরায়ুজনিত জটিলতায় ভুগছিলেন। গুয়াহাটিতে তার চিকিৎসা চলছিল। কিন্তু দুঃখজনকভাবে ১০ই জানুয়ারি তিনি মারা যান।
নিউজলন্ড্রিকে দেয়া সাক্ষাৎকারে তার মা বলেন, ভয়াবহ আঘাতের কারণে মেয়ের শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। তিনি বলেন, এই নির্মম ঘটনার আগে আমার মেয়ে ছিল খুব প্রাণবন্ত ও হাসিখুশি। পড়াশোনায় খুব আগ্রহী না হলেও ইম্ফলের একটি বিউটি পার্লারে আমাদের এক আত্মীয়ের সঙ্গে কাজ করত। তার অনেক বন্ধু ছিল, তাদের সঙ্গে ঘুরে বেড়াত। আমার মেয়ে সবসময় হাসিখুশি থাকত। কিন্তু ঘটনার পর সে তার হাসিই হারিয়ে ফেলেছিল।
এফআইআরে ২০ বছর বয়সী ওই যুবতী অভিযোগ করেছিলেন, কালো শার্ট পরা চার সশস্ত্র ব্যক্তি তাকে একটি পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। জাতিগত সহিংসতার সময় অস্ত্র হাতে নেয়া মেইতেই গোষ্ঠী আরামবাই টেংগলের সদস্যরা সাধারণত কালো শার্ট পরে থাকে। কুকি সংগঠনগুলো অভিযোগ করেছে, মেইরা পাইবির কিছু সদস্য তাকে মেইতেই পুরুষদের হাতে তুলে দিয়েছিল।
