ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা ও ময়েনদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের বিএনপিতে যোগদানের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। বিকালে জেলার পরমেস্বর্দি ইউনিয়নের ময়েনদিয়া বাজারে আধ ঘণ্টা চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাহবুব হাসান সজীব, ইউনিয়ন বিএনপি সভাপতি আকাশ মাতব্বর, ইউনিয়ন যুবদল সভাপতি উজ্জ্বল মুন্সী, ময়েনদিয়া বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ টুলু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, মান্নান মুন্সী ও তার ভাই মায়েনদিয়ার আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক মাতব্বর বিগত ১৭ বছর বিএনপি নেতাকর্মীদেরকে হত্যা জুলুম নির্যাতন বাড়ি ও জমি দখলসহ নানা ধরনের নির্যাতন করেছে। সে এখন বিএনপিতে ঢুকে আবার এলাকায় বিএনপিকে নিঃশেষ করার চক্রান্ত করছে। বর্তমানে ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের হাত ধরে সে বিএনপিতে যোগদান করলেও এলাকার লোকজন তাকে প্রতিহত করার ঘোষণা দেন। সেইসঙ্গে তাকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। পরে একটি বিক্ষোভ মিছিল ময়েনদিয়া বাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বাজারটির শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এ ছাড়াও ময়েনদিয়া বোয়ালমারী আন্তঃসড়ক বন্ধ থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়।
