আসন্ন ত্রয়োদশ নির্বাচনে প্রাথমিকভাবে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র স্টেফান ডুজারিক। আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জাতিসংঘের তরফে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠানো হবে কিনা- এমন প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। তবে জাতিসংঘের কান্ট্রি অফিস কোনো টেকনিক্যাল সহায়তা দিচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেয়া হবে বলে জানান তিনি। নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘ যেসব সহায়তা দেয় সে বিষয়ে ইঙ্গিত করেন ডুজারিক।
ব্রিফিংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরাকে গণতান্ত্রিক উত্তরণের প্রেক্ষাপটে কীভাবে দেখা হচ্ছে- এ প্রশ্নে ডুজারিক বলেন, তিনি সংবাদ মূল্যায়ন করেন না। সাংবাদিকরাই সংবাদ মূল্যায়ন করবেন। তবে বাংলাদেশের জনগণ যাতে তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা অবাধে প্রকাশ করতে পারে, সে লক্ষ্যে নির্বাচন ও মত প্রকাশের স্বাধীনতাকে জাতিসংঘ সর্বাত্মকভাবে সমর্থন করবে। এদিকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মুখপাত্র বলেন, তার প্রয়াণে জাতিসংঘ তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
